মনের জানালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহতাব খানমঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক মেহতাব খানম। তিনি আপনার মানসিক বিভিন্ন সমস্যার সম্ভাব্য সমাধান দেবেন। অল্প কথায় আপনার সমস্যা তুলে ধরুন। আপনার সঠিক পরিচয় না দিতে চাইলে অন্য কোনো নাম ব্যবহার করুন।—বি. স.সমস্যাআমি সম্মান দ্বিতীয় বর্ষের ছাত্রী, বয়স ২০, সমস্যা তোতলানো। সমস্যাটা জন্মগত নয়। তবে আমার বাবা ও ভাইয়ের এই সমস্যা রয়েছে, যা খুবই কম। নেই বললেই চলে। এমনিতে কথা বলার সময় আমার কথা কম আটকায় কিন্তু অপরিচিত কেউ আমাকে প্রশ্ন করলেই এই সমস্যায় পড়ি। এর ফলে খুব বিব্রতকর অবস্থার সম্মুখীন হতে হয়। নবম শ্রেণীতে পড়াকালে হোমিওপ্যাথি ওষুধ সেবন করি। তাতে কোনো ফল হয়নি। দ্বাদশ শ্রেণীতে পড়াকালে কয়েক মাস ঢাকায় একজন স্পিচ থেরাপিস্টের সেবা নিই। কিন্তু সময়ের অভাবে ও যাতায়াত সমস্যার কারণে তা চালিয়ে যেতে পারিনি। তবে স্পিচ থেরাপির ফলে আমার হয়তোবা কিছুটা পরিবর্তন হয়েছিল। আমার গলায় কোনো সমস্যা আছে কি না তা জানার জন্য আমি কি ড. প্রাণ গোপাল দত্তকে দেখাব? কেউ কেউ বলে এটা আমার শারীরিক নয়, মানসিক সমস্যা? যদি মানসিক সমস্যা হয়, তাহলে আমি কী ধরনের চিকিৎসা নিতে পারি? চিকিৎসকের ঠিকানা উল্লেখ করে আমার সমস্যা সমাধানে সাহায্য করবেন।ইরাপরামর্শআমি বুঝতে পারছি, তুমি খুব অসহায়বোধ করেই সমস্যাটি থেকে বেরিয়ে আসার জন্য চিঠিটি পাঠিয়েছ। স্পিচ থেরাপি নিয়ে তোমার উপকার হয়েছে মনে হচ্ছে, থেরাপিটি আরও কিছুদিন নিলে হয়তো ভালো হতো। তবে এর পেছনে শারীরিক কোনো কারণ রয়েছে কি না, তা আগে বুঝতে হবে। তুমি ঢাকার ইএনটি ফাউন্ডেশনে (ফোন-০১৭৬৩৬৯০৫৭১) গিয়ে পরীক্ষা করাতে পারো। সেখানে স্পিচ থেরাপির ব্যবস্থাও রয়েছে। যদি শারীরিক কোনো কারণ না থাকে, তাহলে অবশ্যই সাইকোথেরাপি বা কাউন্সেলিংয়ের সাহায্য নিলে তুমি উপকৃত হবে। সাইকোথেরাপির জন্য তুমি ১/১৪, ইকবাল রোডের ‘ক্রিয়া’তে বা ঢাকা কমিউনিটি হাসপাতালে (ফোন নং ৯৩৫১১৯০-১, ৮৩১৪৮৮৭) যেতে পারো। তোমার মতো এ ধরনের সমস্যা আরও অনেকের রয়েছে। যেহেতু অপরিচিত কারও সঙ্গে কথা বলতে গেলে এটি বেশি হচ্ছে, তাই মনে হচ্ছে, কোনো মানসিক কারণে হয়তো এমনটি হচ্ছে। নিজেকে এর জন্য একটুও ছোট ভাববে না, কেমন? আশা করি, সহায়তা গ্রহণ করে তুমি এই অসুবিধাটি দূর করতে সক্ষম হবে। অনেক শুভকামনা রইল।সমস্যাআমি দশম শ্রেণীতে পড়ি। অথচ আমার ঘনিষ্ঠ বন্ধু সম্মান ফাইনাল ইয়ারের ছাত্র। বন্ধুত্বটাও খুব গভীর। আমার এক সহপাঠীও খুব কাছের বন্ধু। প্রায় এক বছর থেকে এক মেয়ের সঙ্গে সম্পর্ক চলে আসছে (শুধু মানসিক)। ওকে আমি পাগলের মতো ভালোবাসি। ও আমাকে ভালোবাসে, তবে মনে হয় ততটা নয়। কিন্তু এ সম্পর্ক কোনোভাবেই মেনে নিতে পারছে না এই দুই বন্ধু। ওরা চায় না অন্য কারও সাথে আমার কোনো প্রকার সম্পর্ক থাক। এতে অনেক মনোমালিন্যের সৃষ্টি হয়। ভীষণ মানসিক চাপ এবং লেখাপড়ার ভীষণ ক্ষতি হচ্ছে। সামনে পরীক্ষা। সবাই আমার পরীক্ষার ফলাফলের দিকে তাকিয়ে আছে। একদিকে বন্ধু অন্যদিকে প্রেমিকা। বুঝতে পারছি না কি করব। বন্ধুদের ছাড়া আমি একদম চলতে পারব না। কী করব আমি?হিটলারপরামর্শ তোমার চিঠির ভাষা অত্যন্ত সুন্দর ও প্রশংসনীয়। সেই সঙ্গে নিজের ব্যক্তিত্ব সম্পর্কে তোমার বর্ণনাগুলো পড়ে মনে হচ্ছে, তুমি অত্যন্ত সচেতন একটি মানুষ। আমি বুঝতে পারছি না, তোমার দুই বন্ধু কেন অন্য বন্ধুটিকে মেনে নিতে পারছে না। তাদের এতে কী অসুবিধা হচ্ছে, বলতে পারো? তুমি নিশ্চয়ই মেয়েটির সঙ্গে বন্ধুত্ব হওয়ার পর অন্য দুই বন্ধুকে অবহেলা করোনি, তাই না? তারা যদি সত্যিই তোমার শুভাকাঙ্ক্ষী হয়, তাহলে তো এভাবে তোমার মানসিক চাপ তৈরি করার চেষ্টা করত না। একটি সুস্থ বন্ধুত্বে সাধারণত এ ধরনের জোর খাটানোর ব্যাপার বা ঈর্ষার কোনো স্থান নেই। তুমি যদি মনে করো, এই বন্ধুত্বগুলো থেকে তুমি অনেক বেশি মানসিক প্রশান্তি লাভ করছ এবং পড়ালেখায় মনঃসংযোগ করতে বরং সুবিধা হচ্ছে, তাহলে সবকটি বন্ধুত্বই রাখার অধিকার তোমার রয়েছে। আর যদি দেখো যে তোমার একটি সুন্দর ও সফল ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ছে, তাহলে নিজের ক্ষতি করাটা খুব যুক্তিসংগত হবে না। আমরা অবশ্যই মনের দিক থেকে ভালো থাকার জন্য আমাদের জীবনে কিছু সুস্থ বন্ধুত্ব রাখব, তবে সেটি নিজের ভবিষ্যৎকে ক্ষতিগ্রস্ত করার বিনিময়ে নয়। বন্ধুত্বের সম্পর্কের মধ্যে উদারতা, বিশ্বাস এবং শ্রদ্ধা না থাকলে তা কখনো প্রকৃত সম্পর্ক হয় না। তোমার দুই বন্ধুর কি মনে হচ্ছে যে মেয়েটির সঙ্গে সম্পর্ক রাখলে তোমার লেখাপড়ার ক্ষতি হতে পারে? যদি সেটি না হয়, আমি তোমাকে বলব, এই বয়সে প্রেমের সম্পর্কে খুব বেশি জড়িয়ে পড়লে সত্যিই পড়লেখায় মনোযোগ দেওয়া যায় না।