মনের জানালা
মেহতাব খানমঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক মেহতাব খানম। তিনি আপনার মানসিক বিভিন্ন সমস্যার সম্ভাব্য সমাধান দেবেন। অল্প কথায় আপনার সমস্যা তুলে ধরুন। আপনার সঠিক পরিচয় না দিতে চাইলে অন্য কোনো নাম ব্যবহার করুন।—বি. স.সমস্যাপ্রায় সাত বছর আগে আমি তুচ্ছ বিষয় নিয়ে একটা মারধরে জড়িয়ে পড়ি। আজ পর্যন্ত বিষয়টা আমাকে তাড়া করছে। ঝগড়াঝাঁটি, মারামারি বা রাগারাগি—এই জাতীয় কোনো কিছুই আমি সহ্য করতে পারি না। সব সময় আমার মাথায় একটা নেতিবাচক কল্পনা কাজ করে। আমি কিছুটা আত্মকেন্দ্রিক। কারও সঙ্গে মন খুলে মিশতে পারি না। তেমন বন্ধুবান্ধব নেই। বড় সমস্যা হলো, কেউ আমাকে কোনো কথা বললে জবাব দিতে ভয় হয়। এ জন্য আমি মনোরোগ চিকিৎসককে দেখিয়েছি। তিনি আমায় কিছু ওষুধ ও কাউন্সেলিং পরামর্শ দিয়েছেন। এখন আমি ঢাকা কমিউনিটি হাসপাতালে চিকিৎসাধীন।কবির (ছদ্মনাম)পরামশএকই চিন্তা বারবার করাটা একধরনের অবসেশন। এর দ্বারা আমরা খুব বিপর্যস্ত বোধ করি। জীবনযাত্রায় এর খুব নেতিবাচক প্রভাব পড়ে। সারাক্ষণ একই ধরনের চিন্তা তোমার মধ্যে প্রচণ্ড ভয় এবং নিরাপত্তাহীনতাও তৈরি করেছে। তুমি সব সময় চেষ্টা করবে ভবিষ্যতে বা অতীতে না থেকে বর্তমানের ওপর মনোযোগ রাখতে। ভবিষ্যৎ আমাদের অজানা আর অতীত পার হয়ে গেছে। সে কারণে বর্তমান নিয়ে বেশি ভাবাটা দরকারি। তুমি প্রতিদিন অন্তত দুবার মস্তিষ্ককে বিশ্রাম দেওয়ার জন্য রিলাক্সেশন এক্সারসাইজ করবে। এ ছাড়া নিজের আবেগী সত্তাকে একটি ভীত শিশুর সঙ্গে তুলনা করে তোমার যুক্তির সত্তাটিকে তার সঙ্গে কথা বলতে উৎসাহিত করবে। শিশু সত্তাটিকে সব সময় বলবে, তার চিন্তাগুলোর আসলে কোনো ভিত্তি নেই। তুমি আর এখন ২০০৫ সালের মানুষটি নও। এখন তুমি জীবন থেকে অনেক শিক্ষা নিয়েছ এবং বর্তমানে যেকোনো প্রতিকূল পরিবেশ মোকাবিলা করার সময় তুমি আর আগের মতো ভয় পাবে না। এ ছাড়া নিজেকে প্রশ্ন করো, এই চিন্তাগুলো তোমাকে আদৌ কোনো সুবিধা দিচ্ছে কি না। আমি জানি না তুমি কাউন্সেলিংয়ের কতগুলো সেশন নিয়েছ। বেশ কয়েকটি সেশন গ্রহণ করার পর তুমি নিজের ভেতরে ইতিবাচক পরিবর্তন দেখতে পারবে। তবে এর জন্য কার কতটুকু সময় লাগবে, তা আগে থেকে বলা সব সময় সম্ভব নয়। মানসিক স্বাস্থ্যসেবা নেওয়ার সময় প্রচুর ধৈর্য এবং নিজের চিন্তাধারার সঙ্গে সার্বক্ষণিক বোঝাপড়ার প্রয়োজন হয়। আশার বিষয় হচ্ছে, তোমার সমস্যাটি গুরুতর মানসিক জটিলতা নয়। নিয়মিত কাউন্সেলিং-সেবা নিলে আশা করা যায় তুমি অনেকটা সুস্থ হয়ে উঠবে। সমস্যাঅনেক মেয়ে আমাকে প্রস্তাব দিলেও আমি কারও প্রেমে পড়িনি। এসএসসিতে এ+ পেয়ে দেশের নামী একটি কলেজে ভর্তি হই। গ্রামের কয়েকটি মেয়ে আমাকে ফোন করত এবং একসময় প্রেমের প্রস্তাব দেয়। প্রথমে নিষেধ করলেও পরে তার প্রেমে পড়ে যাই। আমি কিছু নিয়ে রাগ করলে সে শহরে চলে আসত। সে ও তার খালাতো দুই বোন আমাকে দুলাভাই ডাকত।একবার রাগের মাথায় বলেছি, তোমায় আমি এত ভালোবাসি, তার পরও কেন অন্য ছেলের সঙ্গে কথা বলো? এর পর থেকে সে হঠাৎ আমার সঙ্গে কথা বলা বন্ধ করে দেয়। এতে আমি পাগল হয়ে লেখাপড়া ছেড়ে দিই। দুটি এ+ পেয়েও আমি ভালো জায়গায় সুযোগ পাই না। আগে সে তার আত্মীয়ের কাছে আমার প্রশংসা করত, কিন্তু এখন খারাপ বলে। আমার এক বন্ধু তাকে জিজ্ঞেস করলে সে বলে, আমাকে চেনে না। অথচ একসময় সে বলেছিল আমাকে ছাড়া বাঁচবে না; কিন্তু এখন কী করে ভুলে গেল?পাশা, কুমিল্লাপরামর্শ একটি মেয়ের খামখেয়ালি আচরণের জন্য তুমি তোমার জীবনের লক্ষ্যবিচ্যুত হবে, সেটি একেবারেই কাজের কথা নয়। আশা করি, এ ঘটনা থেকে তুমি খুব ভালো একটি শিক্ষা গ্রহণ করেছ। ভবিষ্যতে কাউকে ভালো লাগলেও খুব তাড়াহুড়ো করে সিরিয়াস সম্পর্কে জড়িয়ে পড়বে না। তোমার বয়স কম বলে প্রচণ্ড আবেগ কাজ করেছে। তোমার সম্পূর্ণ জীবনটি সামনে পড়ে আছে এবং এখানেই জীবনের শেষ নয়। কাজেই নতুন প্রত্যয় এবং প্রতিজ্ঞা নিয়ে নিজের ওপর আস্থা তৈরি করে আগামী দিনগুলোর জন্য আবার নিজেকে তৈরি করো। তোমার মেধা ও সংকল্প তোমাকে অবশ্যই জীবনের লক্ষ্যে পৌঁছাতে সহায়তা করবে—এই বিশ্বাসটি নিজেকে দাও। তুমি বারবার ভাবছ, মেয়েটি কেন প্রতিশ্রুতি ভঙ্গ করল। আসলে আমরা অনেক সময় যখন কাউকে কথা দিই, তখন আবেগের সত্তাটিকে খেয়াল করি না। পরবর্তীকালে আবেগ দ্বারা তাড়িত হই বলে মুখে যে কথাটি বলেছি, মন থেকে সায় না পাওয়ার কারণে আবার ভিন্ন কিছু বলতে শুরু করি। মেয়েটিরও বয়স কম বলে সে-ও বুঝতে পারেনি পরবর্তীকালে সে তার নিজের প্রতিশ্রুতির প্রতি শ্রদ্ধাশীল থাকতে পারবে কি না। এ ছাড়া তুমি তার জীবনযাত্রার ওপর হয়তো বা একটু বেশি মতামত দিয়ে ফেলেছ বলে সে সেটি তার স্বাধীনতায় হস্তক্ষেপ মনে করতে পারে। আপাতত তুমি নিজেকে এ ধরনের সম্পর্কে আবার জড়িয়ে না ফেলার একটি সিদ্ধান্ত নাও।