মনের জানালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহতাব খানমঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক মেহতাব খানম। তিনি আপনার মানসিক বিভিন্ন সমস্যার সম্ভাব্য সমাধান দেবেন। অল্প কথায় আপনার সমস্যা তুলে ধরুন। আপনার সঠিক পরিচয় না দিতে চাইলে অন্য কোনো নাম ব্যবহার করুন।—বি. স.সমস্যাআমার বয়স ১৭ বছর। আমাদের অর্থনৈতিক অবস্থা ভালো না। আমার বাবা একজন মাদকসেবী। ফলে সব সময় আমাদের পরিবারে অশান্তি লেগেই আছে। আমি খুব কষ্ট করে পড়াশোনা চালিয়ে যাচ্ছি। সামনে এইচএসসি পরীক্ষা দেব। আমার মা এবং আমি দুজনই দুজনকে খুব ভালোবাসি। কিন্তু মা আমাকে অযথা বকাবকি করে। গায়ে হাত তুলতেও দ্বিধা করে না। আমার সবচেয়ে বড় দুর্বলতা আমার ছোট বোন। ও দ্বিতীয় শ্রেণীতে পড়ে। আমি ওকে সুস্থভাবে বড় করতে চাই। কিন্তু আমার মা আর বড় বোন ওকে সারা দিন শাসনের নামে মারধর করে। বাসায় এ নিয়ে কিছু বলতে গেলে আমাকেও বকাবকি করে। মাঝেমধ্যে আত্মহত্যা করতে ইচ্ছা করে। নীরাজামালপুর।পরামর্শছোট্ট বোনটির জন্য তোমার ভালোবাসা ও আন্তরিকতা প্রশংসনীয়। তোমার আম্মুকে এই নেতিবাচক পরিস্থিতিগুলো সামাল দিতে হচ্ছে বলে তাঁর মধ্যে স্বাভাবিকভাবেই বিষণ্নতা ও দুশ্চিন্তা তৈরি হচ্ছে। সে কারণেই তিনি রাগ ও ক্ষোভ প্রকাশ করছেন প্রতিনিয়ত। তিনিও তোমাদের কষ্ট দিয়ে ভালো থাকছেন বলে মনে হয় না। তোমার বাবা কোনো উপার্জন করেন কি না, তা উল্লেখ করোনি। তবে তাঁকে কারও দ্বারা বুঝিয়ে চিকিৎসা করানো প্রয়োজন। মা-বাবার সত্যিই কোনো অধিকার নেই এভাবে সন্তানদের পৃথিবীতে এনে কষ্ট দেওয়ার। কোনো অন্যায় না করেও তোমাদের কী ভীষণ শাস্তি পেতে হচ্ছে। তবে এত প্রতিকূলতার মধ্যেও তুমি যে এতদূর এসেছ, সেটি প্রমাণ করে যে তোমার মধ্যে অনেক শক্তি রয়েছে। তুমি একজন মনোযোগী ও মেধাবী শিক্ষার্থী। অনেক বেশি বিষণ্ন আর হতাশ লাগলেও তুমি কিন্তু কোনোভাবেই আত্মহত্যার চিন্তা মাথায় এনো না। তোমাকে অবশ্যই বাঁচতে হবে এবং একদিন নিজের পরিচয়ে সম্মানের সঙ্গে পথ চলতে হবে। আশা করি, তুমি তোমার জীবনের লক্ষ্যে একদিন পৌঁছে যাবে। সমস্যাআমরা পাঁচ ভাই চার বোন। আমার মা-বাবা দুজনই মারা গেছেন। তাঁদের মৃত্যুর পর সংসারের বোঝা কাঁধে নেন বড় ভাই। আমার মা-বাবা কিছু সম্পদ রেখে যান। সে সম্পদে বড় ভাই কখনো হাত দেননি। বরং নিজের পরিশ্রমের টাকা দিয়ে সবাইকে মানুষ করেন। কিন্তু দুর্ভাগ্য, মা-বাবার মৃত্যুর পর বড় ভাইও মারা যান। বড় ভাই মারা যাওয়ার পর সব কিছুই দখল করে ফেলে অন্য ভাইয়েরা। আমাদের সবকিছু থেকে বঞ্চিত করে। এমনকি লেখাপড়াও বন্ধ হয়ে যায়। লেখাপড়ার অদম্য ইচ্ছা নিয়ে শুরু করলাম জীবনের নতুন অধ্যায়। ছোটখাটো চাকরি নিলাম, এখন এমএ পড়ছি। কিন্তু তারা বিভিন্নভাবে লোক লাগিয়ে আমাদের হয়রানি করছে। এখন ওরা আমরা যে ঘরে থাকি সে ঘরও দখল করতে চায়। নাম প্রকাশে অনিচ্ছুকচট্টগ্রাম।পরামর্শ আমি তোমাকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি, কারণ, তুমি নিজের চেষ্টায় চাকরি করার পাশাপাশি লেখাপড়া চালিয়ে যাচ্ছ। তোমাদের বাসস্থানের ওপরেও হামলা হচ্ছে। এ অবস্থায় মানসিক স্থিতিশীলতা বজায় রাখা সত্যিই খুব কঠিন। পরিস্থিতি আওতার বাইরে চলে গেলে তোমাদের অবশ্যই একটি নিরাপদ আশ্রয়ের খোঁজ করতে হবে। তোমার নিজের ভাইয়েরাই শত্রুপক্ষ হয়ে গেছে, কাজেই অন্য লোকজনের কাছ থেকে কোনো কিছু প্রত্যাশা না করাই ভালো। তোমাকে নিজের সঙ্গে বোঝাপড়া করতে হবে এই বলে যে তুমি কোনোভাবেই ভেঙে পড়বে না। অদূর ভবিষ্যতে তুমি নিশ্চয়ই একটি ভালো উপার্জনের পথ করে নিতে পারবে। দুশ্চিন্তা এড়ানোর জন্য প্রতিদিন কিছুটা সময় সম্পূর্ণভাবে নিজেকে সময় দেবে। এই সময়ে মেডিটেশন, রিলাক্সেশন এবং সুস্থ বিনোদন দ্বারা নিজেকে মনের শান্তি ও স্বস্তি দিতে চেষ্টা করবে। কোনো একসময় তুমি অবশ্যই এই দুর্বিষহ সময়গুলো পার করে আলোর ঠিকানা পাবে। তোমার বোনদের বলবে, তারা যেন প্রত্যেকেই উপার্জনের একটি পথ খুঁজে নেয়।