মনের জানালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের এডুকেশন অ্যান্ড কাউন্সেলিং সাইকোলজি বিভাগের অধ্যাপক মেহতাব খানম। তিনি আপনার মানসিক বিভিন্ন সমস্যার সম্ভাব্য সমাধান দেবেন। অল্প কথায় আপনার সমস্যা তুলে ধরুন।—বি. স.

মেহতাব খানম
মেহতাব খানম

সমস্যা
আমার ছেলের বয়স দুই বছর আট মাস। কিন্তু এখনো সে ঠিকমতো কথা বলছে না। মাঝে মাঝে দু-একটা শব্দ বলে। শারীরিক ভাষায়, আকার ইঙ্গিতে সবকিছু বোঝাতে চায়। আমাদের কথা শোনার চেয়ে কাজগুলোই মনোযোগ দিয়ে দেখে এবং করতে চেষ্টা করে। ওর আই কন্টাক্ট, ইইজি রিপোর্ট ও শ্রবণক্ষমতায় কোনো সমস্যা নেই। পারিবারিক ও পারিপার্শ্বিক কারণে ওর জন্মের আগে এবং এক বছর বয়স হওয়ার পর আমাকে অনেক মানসিক চাপ এবং অশান্তির মধ্য দিয়ে যেতে হয়েছে।
রিপা, ধানমন্ডি, ঢাকা।
পরামর্শ
ভাষার বিকাশের ক্ষেত্রে সব শিশু একই সময়ে সমপর্যায়ে না-ও থাকতে পারে। তবে গবেষণায় দেখা যায়, দুই থেকে তিন বছর বয়সের শিশুরা তার চারপাশের জিনিসের নাম মোটামুটি বলতে পারে। এ ছাড়া দুই-তিন শব্দের বাক্য ব্যবহার করে নিজের মনের ভাব প্রকাশ করতে পারে। অনেক সময় তাদের কথাগুলো বাইরের মানুষ না বুঝলেও পরিবারের লোকদের বুঝতে কোনো অসুবিধা হয় না। এই বয়সের শিশুরা নিজ উৎসাহে নিজের মতো করে সবকিছুর নামকরণ করে। সবার দৃষ্টি আকর্ষণ করে নিশ্চিত হতে চায় যে সে ঠিক বলছে কি না। শিশুর ভাষার বিকাশ এভাবে না হলে আমরা সাধারণভাবে ধারণা করে নিতে পারি, যেকোনো কারণেই হোক তার এই দক্ষতা অর্জনে দেরি হচ্ছে। ল্যাঙ্গুয়েজ ডিজঅর্ডার থাকলে কথা বুঝতে এবং মনের ভাব প্রকাশ করতে শিশুর অসুবিধা হতে পারে। এ ক্ষেত্রে দেখা যায়, তিন-চার বছর বয়সেও শিশুরা ঠিকমতো কথা বলতে পারে না। তুমি এখনই তোমার সন্তানের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিও না। ওকে নিয়ে ঢাকা শিশু হাসপাতালের ‘শিশুবিকাশ কেন্দ্রে’ পরীক্ষা করাতে পারো। এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের পাঁচতলায় এডুকেশনাল ও কাউন্সেলিং সাইকোলজি বিভাগে গেলে তারা বিভিন্ন পদ্ধতির মাধ্যমে বুঝতে চেষ্টা করবে, শিশুটির কোনো সমস্যা আছে কি না। বাড়িতেও বিভিন্নভাবে সহায়তা করা যেতে পারে। যেমন ওর সঙ্গে সহজ ভাষায় কথা বলা, যা তার জন্য অনুকরণ করা সহজ। ওকে মজার গান বা ছড়া আবৃত্তি করে শোনালে ভালো হয়। কয়েকটি খাবারের নাম বলে ওকে জিজ্ঞেস করো, ওর কোনটি খেতে ভালো লাগে। একটা ঝুড়িতে বিভিন্ন ধরনের জিনিস রেখে ওকে একটি একটি করে তা হাতে নিয়ে সেগুলোর নাম বলতে সাহায্য করতে পারো। সুন্দর ছবি আছে, এমন বই থেকে ওকে গল্প পড়ে শোনাও। একবার উৎসাহ পেলে সে বারবার শুনতে চাইবে। যে শব্দগুলো সে বলছে, সেগুলোর ব্যাপারে খুব উৎসাহ দেখিয়ে বারবার প্রশংসা করো, নতুন শব্দ বলার ব্যাপারে সে উৎসাহিত হবে। যেহেতু শরীরের ভাষার সাহায্যে সবকিছু বোঝাতে চাইছে, তুমি সেটিকে ইতিবাচকভাবে দেখো। ধৈর্য নিয়ে ওকে ঠিকমতো সাহায্য করলে আশা করা যায় অল্প দিনের মধ্যেই কথা বলতে শুরু করবে।

সমস্যা
আমার স্কুলজীবনের একজন ভালো বন্ধু। আমরা একই হোস্টেলে থেকে পড়াশোনা করেছি। দুই বছর থেকে সে ঢাকায় কলেজে পড়ালেখা করে। আমরা সব সময় নিজেদের সমস্যা নিয়ে কথা বলতাম, একে অপরকে সাহায্য করতাম। দিনে পড়ালেখা ছাড়াও নানা ব্যস্ততা থাকে। তাই প্রতিদিন রাতে আমরা ফোনে কথা বলতাম। এখন প্রায় এক মাস থেকে সে আমাকে এড়িয়ে যেতে চায়। প্রায়ই সে কথা দিয়ে কথা রাখে না। আমার খুব খারাপ লাগে। রাগে-অভিমানে আমি তাকে ভুলতে চাই, কিন্তু তাও পারছি না। রাতে ঠিকমতো ঘুমাতে পারি না। এদিকে আমি একটি হোস্টেল পরিচালনার গুরুত্বপূর্ণ দায়িত্বে আছি।
নাম প্রকাশে অনিচ্ছুক, কুলাউড়া, মৌলভীবাজার।
পরামর্শ
স্কুলজীবনের বন্ধুরা আমাদের জীবনে সত্যিই খুব গুরুত্বপূর্ণ তাতে সন্দেহ নেই। তুমি লিখেছ, এক মাস ধরে সে তোমাকে এড়িয়ে চলছে। এমন কি হতে পারে, ঢাকায় যাওয়ার পর থেকে যখন তোমার সঙ্গে আগের মতো করে গল্প করছিল না, তুমি প্রায়ই ক্ষোভ প্রকাশ করতে? তোমার আবেগের বহিঃপ্রকাশ ওর মধ্যে কি কোনো মানসিক চাপ তৈরি করতে পারে? এ ছাড়া ঢাকায় যাওয়ার পর ওর জীবনধারায়ও বেশ পরিবর্তন আসাটা স্বাভাবিক। হয়তো তার এখন কিছু নতুন বন্ধুবান্ধব হয়েছে, যাদের সঙ্গে মিশতে গিয়ে জীবনের নতুন দিকগুলো এবং নতুন কিছু বিষয়ের সঙ্গে সে প্রতিনিয়ত পরিচিত হচ্ছে। হয়তো এই ব্যাপারগুলো তার কাছে এতটাই আকর্ষণীয় যে পুরোনো বিষয়গুলো পেছনে ফেলে সে জীবনে বৈচিত্র্য খুঁজছে। তবে তুমি প্রতিদিন যেহেতু একটি নির্দিষ্ট সময়ে কথা বলতে, সেই সময়টাতে একটি শূন্যতার অনুভূতি হতেই পারে। সেই সময়টায় তুমি ভালোলাগার অন্য কাজ নিয়ে নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করো। রাগ-অভিমান পুষে না রেখে বরং ওকে ক্ষমা করে দাও। ওর মঙ্গল কামনা করতে পারলে তোমার কষ্ট অনেকটাই কমে যাবে।