মনের জানালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মেহতাব খানম দীর্ঘদিন ধরে কাউন্সেলিং সাইকোলজি বিষয়টি পড়াচ্ছেন। তিনি আপনার বিভিন্ন মানসিক সমস্যার সম্ভাব্য সমাধান দেবেন। অল্প কথায় আপনার সমস্যা তুলে ধরুন। আপনার সঠিক পরিচয় না দিতে চাইলে অন্য কোনো নাম ব্যবহার করুন। যে সমস্যার কথা আপনি ছাপতে চান না, তা লিখে পাঠাবেন না। খামের ওপর অবশ্যই ছুটির দিনে মনের জানালা কথাটি লিখবেন।—বি.স.সমস্যা: হঠাত্ করে একটি মেয়েকে পছন্দ হয়। কারণ, সে কথা কম বলে। তার নাম জানি না। বাসা কোথায় তাও জানি না। কেবল সে তার অস্তিত্ব নিয়ে আমার সামনে হাজির হয় বারবার। মনকে বারবার যুক্তির সামনে দাড় করাই, ‘আমি আর দু’মাস এ প্রাইভেটে আছি। এরপর নামতে হবে প্রতিযোগিতার ক্ষেত্রে। মিথ্যে মায়া বাড়িয়ে লাভ কী? পরে কেবল আমাকেই দুঃখ পোহাতে হবে।’ বলে রাখা দরকার, আমার সম্পর্কে লোকে একটু ভালো ধারণা পোষন করে। জুনিয়র বৃত্তি পেয়েছি। জীবনে কোন দিন কোন মেয়ের দিকে চোখ তুলে তাকাইনি (আমাকে অনেকে ‘মেয়ে ভীতু’ বলে ) প্রথম এই মেয়েটিকে ভালবাসলাম। সে কিন্তু আমার পড়াশুনার কোন ক্ষতি করছে না। বরং উত্সাহদানকারী শক্তি হিসেবে অনুপ্রেরণা দিচ্ছে কঠোরভাবে পড়াশুনা করতে। কিন্তু, তাকে বলব কি না, কিভাবে বলব, বললে কী হবে —এমন একটা মানসিক চাপের মধ্যে কোন রকমে যন্ত্রের মতে কাটাচ্ছি দিন, কাটাচ্ছি রাত।মো. রাজু হোসেনজামালগঞ্জ, জয়পুরহাটপরামর্শ: তোমার এখন যা বয়স তাতে এধরনের ভাবাবেগ তৈরী হওয়া অত্যন্ত স্বাভাবিক । আমাদের দেশের বেশীর ভাগ স্কুলে কো-এডুকেশন নেই বলে ছেলেমেয়েরা শিশু বয়স থেকে পরস্পরের সাথে নির্ভেজাল বন্ধু হিসেবে মেশার সুযোগ পায়না। যেসমস্ত বিদ্যালয়ে কো এডুকেশন রয়েছে সেই বিদ্যালয়গুলোতেও ছেলেমেয়েদের সহজভাবে মিশতে দেয়া হয় না। আর তাই বিপরীত লিঙ্গের সহপাঠীদের প্রথমে একজন মানুষ হিসেবে না দেখে শুধু ছেলে বা মেয়ে হিসেবেই বেশী করে বিবেচনা করা হয় । তুমি মেয়েদের দিকে চোখ তুলে তাকাওনি বলে যদি তোমার প্রতি অন্যদের ভাল ধারণা তৈরী হয়ে থাকে তাহলে বুঝতে হবে আমাদের পরিবার ও সমাজও ছেলে আর মেয়েদের সুস্থভাবে বন্ধুর মত আচরণে সহায়তা করে না। তুমি ‘মেয়েভীত’ু উপাধি নিয়ে সন্তুষ্ট আছ কিনা তা ভেবে দেখবে । বুঝতে পারছি তুমি মেয়েটির কথা কল্পনা করে লেখাপড়ায় অনুপ্রেরণা পাচ্ছো, তবে মন অস্থির থাকলে বা যন্ত্রের মত জীবন কাটালে একসময় আমরা মানসিক বিপর্যস্ততার শিকার হই। যেহেতু তোমরা দু’জনেই অনেক ছোট এই মুহুর্তেই প্রেমের সম্পর্কের কথা না ভেবে আগে তুমি মেয়েটির একজন বন্ধু হতে চেষ্টা কর। ওকে শুধু বাইরে থেকে দেখেছো ওর মনটি সম্পর্কে তোমার এখনও কোন ধারণা নেই। অর্থাত্ তোমার পছন্দ-অপছন্দ, মূল্যবোধ, যোগাযোগের ধরনগুলোর সাথে ওর কতটুকু সাদৃশ্য আছে তা কিন্তু বুঝতে হবে। কাজেই আমার অনুরোধ প্রথমে মেয়েদের একজন মানুষ দেখে তাদের দিকে আস্থা নিয়ে তাকাবার অনুশীলন কর । সমস্যা: যে কারো সঙ্গে ঘনিষ্ঠ হলে আমাকে ভুল বোঝে। বন্ধু-বান্ধব বা কারো সামনে কথা বলতে ভীষণ হীনমন্যতায় ভুগছি এবং এ কারণে আমার একা থাকতে ভাল লাগে। ছোট কালে পড়া লেখায় খুব ভাল ছিলাম এখন সে মানের নূন্যতমও নেই। উল্লেখ্য— আমি খোলামেলা পরিবেশে ছোটকাল অতিবাহিত করেছি এবং আমার ভবিষ্যও গড়ার স্বপ্ন ছিল অনেক। বিগত চার বাছর আগে আমার আব্বা অসুস্থ হওয়াতে পড়া-লেখা এবং স্বপ্নগুলো বাধাগ্রস্থ হয়ে পড়ে। তখন আমি একা একা থাকতাম এবং পরিচিত জনদের সঙ্গে দেখা হলে এড়িয়ে যেতাম আর কথা বলতে ভীষণ লজ্জাবোধ করতাম। বর্তমানে আাার পারিবারিক সমস্যা এবং পড়া-লেখার সমস্যা কিছুটা কাটিয়ে উঠেছি তবে উপরে উল্লেখিত তিনটি সমস্যা আমাকে ভীষণ পীড়া দিচ্ছে। আমার বয়স ২৭। জুয়েল, চট্টগ্রামপরামর্শ: চার বছর আগে তোমার জীবনে যে ঝড় বয়ে গেছে তার কারণে অবশ্যই মানসিক কিছু পরিবর্তন হওয়া স্বাভাবিক । তবে আমাদের ব্যক্তিত্বের কাঠামো যেহেতু প্রথম সাত বছরের ভেতরেই সম্পূর্ণ তৈরী হয়ে যায়, সেহেতু খুব বড় ধরনের পরিবর্তন প্রাপ্তবয়স্ক হবার পরে হবার কথা নয়। ছেলেবেলায় যদি তোমার মধ্যে আত্মমর্যাদাবোধ, আত্মবিশ্বাস গড়ে তোলার জন্য চারপাশে থাকা মানুষগুলো সচেতনভাবে উদ্যোগ নিতেন তাহলে তুমি বর্তমান সময়ে সামাজিক সম্পর্ক তৈরী এবং ভাবের আদান-প্রদানের ক্ষেত্রে বিপর্যয়ের সম্মুখীন হতে না । কাজেই বর্তমান মানসিক পরিস্থিতির জন্য তুমি নিজেকে দায়ী মনে না করে বরং এর জন্য তোমার এখন কি করার রয়েছে সে বিষয়ে মনোযোগী হও। তোমার মধ্যে কি নেই তা কম চিন্তা করে তোমার কি কি গুণাবলী রয়েছে সে বিষয়ে বেশী গুরুত্ব দাও। তুমি যা আছো এবং তোমার যা রয়েছে তাই নিয়েই প্রথমে নিজেকে পুরোপুরি গ্রহণ করে নাও এবং নিজের প্রতি শ্রদ্ধাশীল হও। তোমার হাতের লেখা অত্যন্ত সুন্দর এবং তুমি নিজের সার্বিক উন্নয়নের জন্য যে সচেতনভাবে উদ্যোগ নিতে চাও, তোমার চিঠিটি তাই প্রমাণ করছে । নিজেকে কখনও কোন অবস্থাতে ছোট মনে না করে তোমার ভেতরের জ্ঞান বাড়ানোর জন্য সবরকম প্রচেষ্টা কর। দেখবে নিজের প্রতি আস্থা তৈরী হলে তোমার সামাজিক যোগাযোগ অনেক ভাল হয়ে যাবে।