মনের জানালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মেহতাব খানম দীর্ঘদিন ধরে কাউন্সেলিং সাইকোলজি বিষয়টি পড়াচ্ছেন। তিনি আপনার বিভিন্ন মানসিক সমস্যার সম্ভাব্য সমাধান দেবেন। অল্প কথায় আপনার সমস্যা তুলে ধরুন। আপনার সঠিক পরিচয় না দিতে চাইলে অন্য কোনো নাম ব্যবহার করুন। যে সমস্যার কথা আপনি ছাপতে চান না, তা লিখে পাঠাবেন না। খামের ওপর অবশ্যই ছুটির দিনে মনের জানালা কথাটি লিখবেন। —বি.স.সমস্যা: স্কুলে পড়ার সময় থেকে আমি একটি মেয়েকে ভালোবাসি। গত জানুয়ারি মাসে ওই মেয়ের বিয়ে হয়। কিন্তু এ বিয়ে আমি সহজে মেনে নিতে পারছি না। প্রতিশোধ নেওয়ার জন্য মনে হচ্ছে বাড়িঘরে আগুন দিই, আবার কখনো মনে হয় নিজেকে শেষ করে দিতে। ১৫ দিন ধরে ঠিকমত খাবার খেতে পারছি না। মন চায় নেশা করতে। তাকে কখনো ভুলে যাওয়া আমার পক্ষে সম্ভব নয়।নাম প্রকাশে অনিচ্ছুকময়মনসিংহ পরামর্শ: তুমি খুব বেশি কষ্ট পেয়েছ, তাতে কোনো সন্দেহ নেই। মেয়েটির সঙ্গে প্রায় প্রতিদিন কথা হতো বলে এক ধরনের আসক্তি তৈরি হওয়াটাও স্বাভাবিক। এক ধরনের শূন্যতার অনুভূতি হচ্ছে বলে তুমি চরম বিপর্যস্ত হয়ে গেছ। মেয়েটি কি অভিভাবকদের ইচ্ছের কাছে আত্মসমর্পণ করেছে? তুমি এ সম্পর্কে কিছুই লেখনি। আমাদের দেশে মেয়েরা বেশির ভাগ সময় তাদের ইচ্ছেগুলো বাস্তবায়ন করতে পারে না। অনেক সময় মেয়েটি মা-বাবাকে কষ্ট দিতে চায় না বলে তার অনেক কষ্ট হলেও তাঁদের কথা মেনে নেয়। তুমি একই সঙ্গে রাগ, হতাশা আর বিষণ্নতায় ভুগছ। এই অনুভূতিগুলো সবই অত্যন্ত যন্ত্রণাদায়ক এবং আমাদের মনের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। যেহেতু অনুভূতিগুলো তোমার ভেতরেই রয়েছে, এগুলোর তীব্রতা কমানোর দায়িত্বও কিন্তু তোমাকেই নিতে হবে। কারণ, প্রাপ্তবয়স্ক হওয়ার পর আমাদের আবেগ ও চিন্তাধারা পরিবর্তনের জন্য নিজেদের দায়িত্ব নেওয়ার প্রয়োজন হয়। নেতিবাচক আবেগগুলো তোমার ভেতরে ধ্বংসাত্মক মনোভাব তৈরি করছে এবং তোমাকে প্রতিশোধমূলক আচরণে উদ্বুদ্ধ করছে। প্রতিশোধ নিলে কি তোমার সমস্যার সমাধান হবে? এ কারণে তোমাকে কোনো না কোনো শাস্তি ভোগ করতে হবে এবং সেই সঙ্গে আশপাশের মানুষের ঘৃণার পাত্র হয়ে বাকি জীবন কাটাতে হবে। সবচেয়ে বেশি কষ্ট হবে, যখন তুমি নিজের বিবেকের মুখোমুখি হবে। তুমি কি চাও, বাকি জীবনটা নিজের প্রতি সম্মান হারিয়ে বেঁচে থাকতে? এ ছাড়া নিজের জীবনটা শেষ করে দেওয়াও কিন্তু কোনো সমাধান নয়। তোমার জীবনের অনেক মূল্য আছে—এ কথাটা প্রতিদিন নিজেকে স্মরণ করাও। তুমি যে এখনো কোনো নেশা শুরু করোনি, সে জন্য নিজেকে অভিনন্দন জানাও। তোমার মধ্যে যেসব ভালো গুণ আছে, সেগুলোকে নিশ্চিত করো এবং নিজেকে অনেক ভালোবাসা দাও। ধ্বংস নয়, যুদ্ধ নয়—ভালোবাসা দিয়ে আমাদের জীবনের সমস্যাগুলো অনেক ভালোভাবে সমাধান করা সম্ভব—এ কথাটি বিশ্বাস করো। মেয়েটিকে কি তুমি সত্যিই ভালো বেসেছিলে? তা-ই যদি হয়, তবে ওর ক্ষতি করার কথা তো তোমার মনে আসার কথা নয়। এ ছাড়া অন্যদের অন্যায়গুলো ক্ষমার দৃষ্টিতে দেখতে পারলে নিজের মনের শান্তি যে নিশ্চিত করা যায়। সাহস সঞ্চয় করে চিঠি লিখে বিষয়টি জানানোর জন্য ধন্যবাদ। সমস্যা: আমরা দুই ভাই, দুই বোন। পরিবারে আমি সবার ছোট। সবাই আমাকে খুব আদর করতেন। আবার শাসনও করতেন। ঘর থেকে সহজে বের হতে দিতেন না। ফলে বাইরের লোকজনের সঙ্গে আমি সহজে কথা বলতে পারতাম না। আমি এখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি। এখানে আমার কয়েকজন বন্ধুবান্ধব আছে। এদের মধ্যে একজনকে প্রথম দেখাতেই আমার ভালো লাগে। ওই মেয়ে প্রথমেই বুঝতে পেরেছিল, আমি তাকে পছন্দ করি। তবুও সে কিছু বলেনি। কিন্তু কয়েকজন বন্ধুর কারণে মেয়েটি আমাকে প্রতারক, মিথ্যাবাদী ভাবে। ওরা ভাবে, আমি যা বলি সবই মিথ্যা। এমনকি মোবাইলে কারও সঙ্গে কথা বললে, ওরা ভাবে, আমি মেয়েটিকে দেখানোর জন্য মিথ্যা অভিনয় করছি। ওরা আমাকে সবার সামনে এমনভাবে উপস্থাপন করে, যেন আমি আসলেই মিথ্যাবাদী। মাঝেমধ্যে নিজেকে বড় অসহায় মনে হয়। মিছবাহচট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পরামর্শ: তোমার সামাজিক দক্ষতা কম আছে বলে বাইরের জগত্ নিয়ে এক ধরনের ভীতি তৈরি হয়েছে। তবে এই দক্ষতা কম হওয়ার দায়-দায়িত্ব তোমার চেয়ে তোমার অভিভাবকদের বেশি নিতে হবে। তাঁদের প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা রেখেই বলছি, যদিও তাঁরা তোমার ভালো চেয়েছেন বলেই বাড়ি থেকে বের হতে দেননি এবং সব সময় খুব বেশি আগলে রেখেছেন। তবে এর ফলে সীমিত গণ্ডিতে থাকার কারণে সন্তানদের মধ্যে ‘সোশ্যাল ফোবিয়া’ তৈরি হয়। সামাজিক দক্ষতা জীবনে চলার জন্য একটি প্রয়োজনীয় ক্ষমতা, যা থাকলে আমরা সমাজের প্রতিটি মানুষের সঙ্গে তাদের মনোভাব, জেন্ডার, বয়স, শিক্ষাগত যোগ্যতা, সামাজিক অবস্থান—সবকিছু মাথায় রেখে ভাবের আদান-প্রদান করতে পারি। আমি বুঝতে পারছি, যাদের তুমি বন্ধু ভেবেছিলে তারা আসলে তোমার বন্ধু নয়। একজনকে একটু বিশেষভাবে ভালো লাগাটাও খুব স্বাভাবিক বিষয়। তুমি তো কোনো অন্যায় করোনি। তোমাকে ওরা ভুল বুঝছে এবং ওদের ভুল ভেঙে দেওয়ার জন্য যে কথাগুলো খুব স্পষ্ট করে ওদের বলা প্রয়োজন, তা তুমি এই মুহূর্তে বলতে পারছ না। তুমি কি বুঝতে পারছ, ওরা কী কারণে তোমাকে সবার কাছে হেয় করতে চাইছে? যদি মনে হয় এতে ওদেরও কোনো স্বার্থ উদ্ধার হচ্ছে, তাহলে তুমি ধরে নেবে, তোমার এখানে বিশেষ কোনো ভূমিকা ছিল না। তোমাকে উপলক্ষ করে ওরা ওদের উদ্দেশ্য সফল করার চেষ্টা করছে। এই ক্ষতিকর দলটির মানুষের কাছ থেকে তুমি যদি নিজেকে সরিয়ে রাখতে পার, তাহলে খুব ভালো হয়। এক-দুজন সত্যিকারের শুভাকাঙ্ক্ষী বন্ধু থাকলেও আমাদের বেঁচে থাকাটা অনেক সহজ হয়। তুমি সে রকম বন্ধুদের খুঁজে নাও, যারা তোমাকে সম্মান ও বিশ্বাস করতে পারে। বি. দ্র.: গত সংখ্যায় প্রকাশিত শেষ সমস্যাটির সঙ্গে পরামর্শের কিছু অসঙ্গতি ছিল। অনিচ্ছাকৃত এই ভুলের জন্য আমরা দুঃখিত।—বি.স