মনের জানালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেহতাব খানম
মেহতাব খানম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক মেহতাব খানম। তিনি আপনার মানসিক বিভিন্ন সমস্যার সম্ভাব্য সমাধান দেবেন। অল্প কথায় আপনার সমস্যা তুলে ধরুন। আপনার সঠিক পরিচয় না দিতে চাইলে অন্য কোনো নাম ব্যবহার করুন।—বি. স.

সমস্যা: আমি মানুষকে খুব সহজে বিশ্বাস করি। মানুষের ছোটখাটো অনেক ভালো আচরণ আমাকে মুগ্ধ করে। খুব সহজে এবং কম সময়ে তাদের আমার ভালো লেগে যায়। একসময় আমি তাদের প্রেমেও পড়ে যাই। এ কারণে আমি পরে তাদের কাছ থেকে কষ্ট পাই। ছেলেমেয়ে সবার ক্ষেত্রেই আমার এ জিনিসটা হয়। তবে ছেলেদের ক্ষেত্রে বেশি হয়।

মৌমি

পরামর্শ: সাধারণত আমরা ইতিবাচক ও নেতিবাচক অভিজ্ঞতা থেকে শিক্ষা নিই। চেষ্টা করি, পরে যাতে সেগুলোর পুনরাবৃত্তি না হয়। তুমি কি নিজেকে একেবারেই শোধরাতে পারছ না। সব মানুষের ভালো-মন্দ দুটো দিকই আছে। কারও প্রশংসা করতে পারা খুব ভালো গুণ। তুমি অবশ্যই অন্যদের ভালো দিকগুলোর জন্য তাদের পছন্দ করতে পারো, তবে তাদের সঙ্গে তুমি কতটা ঘনিষ্ঠ হবে, সেটির বিচার কিন্তু তোমার নিজেকেই করতে হবে। এ কারণে প্রথমে আমাদের আত্মবিশ্লেষণ প্রয়োজন। মনে হচ্ছে, তুমি তোমার মনের আবেগপ্রবণ দিকটিকে বেশি প্রাধান্য দিচ্ছ। সে কারণে যুক্তিগুলো হারিয়ে যাচ্ছে। তোমার অনেককে ভালো লাগলেও, অন্যদেরও যে তোমাকে একই রকম ভালো লাগবে, এমন কোনো কথা নেই। কারও সঙ্গে পরিচয় হওয়ার পর বেশ কিছু সময় নিয়ে তাদের সঙ্গে ব্যক্তিগত আলাপ করা উচিত। ছেলে বা মেয়ে যে-ই হোক না কেন, তাদের প্রতি সম্মান রেখে, তাদের মত প্রকাশ করার অধিকার মাথায় রেখে এবং শুরুতে কিছুটা দূরত্ব বজায় রেখে তাদের সঙ্গে মিশবে। নিজের প্রতি যথেষ্ট সম্মান বজায় রেখে চললে তারাও তোমাকে সম্মান দেখাবে। কারও যদি তোমাকে ভালো না লাগে, সেটি মেনে নেওয়ার মনের জোরও তোমার থাকতে হবে।

সমস্যা: আমার ছোট ভাইয়ের বয়স প্রায় ১৪ বছর। বেশ ভালো ছাত্র সে; কিন্তু এখন বেশি পড়াশোনা করতে চায় না। ওর জিনিস কাউকে ধরতে দেয় না, এমনকি মাকেও না। অনেক বোঝানো হয়েছে ওকে, কিন্তু ও বলে, ‘এটা আমার ব্যাপার।’ এ নিয়ে প্রায়ই বাসায় অশান্তি হয়। আমি ওর চেয়ে সাড়ে তিন বছরের বড়। ওর সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ করার চেষ্টা করেও ব্যর্থ হয়েছি।

শায়লা

পরামর্শ: বড় বোন হিসেবে ছোট ভাইয়ের প্রতি ভালোবাসা খুব প্রশংসনীয়। তুমি কি এখন ওর সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ করছ? নাকি শুরু থেকেই ওর সঙ্গে বন্ধুবত্সল ছিলে? যদি আগে থেকেই সেটি না করো, তাহলে হঠাত্ করে ভাইটির পক্ষে তোমার এই পরিবর্তিত আচরণ গ্রহণ করাটা সহজ না-ও হতে পারে। তার পরও তুমি তোমার চেষ্টা অব্যাহত রাখতে পারো। ভাইটি যেহেতু এখন সবেমাত্র বয়ঃসন্ধিতে প্রবেশ করেছে, তার চরিত্রের এই পরিবর্তন খুব স্বাভাবিক। এ বয়সেই ছেলেমেয়েরা আলাদা একটি নিজস্ব জগত্ তৈরি করতে চেষ্টা করে। নিজের ব্যক্তিগত কিছু জিনিস সবার চোখের আড়ালে রাখতে চায়। নিজের একটি আলাদা ড্রয়ার বা জায়গা চায়, যেটিকে তালাবদ্ধ করে রাখা যায়। এ সময় তারা তাদের একান্ত ব্যক্তিগত জিনিসে অন্যদের হাত দেওয়াটা একেবারেই পছন্দ করে না। অনেক সময় তারা যদি ডায়েরিতে কিছু লেখে, সেটিও বাড়ির লোকেরা লুকিয়ে পড়ে ফেলেন। এ রকম করাটা মোটেও ঠিক নয়। এ ক্ষেত্রে তারা খুব ক্ষিপ্ত হয়ে ওঠে, কারণ এটি অনধিকার চর্চা। এই সংবেদনশীল বয়সে তাদের অনুভূতিগুলোর প্রতি আমাদের শ্রদ্ধাশীল হতে হবে। এসব ব্যাপার মেনে নেওয়ার মতো মানসিকতাও বাড়ির সদস্যদের থাকতে হবে। এই বয়সে তাদের নিজস্ব একটি সত্তা গড়ে তোলার প্রবণতা তৈরি হয়, সেটি তাদের আচরণে এই পরিবর্তনগুলো আনে। পরিবারে আমরা যারা বড়, তারা যে ওর শুভাকাঙ্ক্ষী—এটা তাদের বিশ্বাস করানো জরুরি। ওকে বলতে পারি, আমরা তোমাকে সবাই খুব বিশ্বাস করি এবং মনে করি যে তুমি এমন কোনো কাজ করবে না, যাতে তুমি ক্ষতিগ্রস্ত হও। বয়সের সন্ধিক্ষণে আসার পর সন্তানেরা আমাদের কাছে সবকিছু প্রকাশ করবে, সেটি প্রত্যাশা না করাই ভালো। তাই বেশি জোর করলে বাড়িতে অশান্তি তৈরি হওয়াটাই স্বাভাবিক।