মনের জানালা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক মেহতাব খানম। তিনি আপনার মানসিক বিভিন্ন সমস্যার সম্ভাব্য সমাধান দেবেন। অল্প কথায় আপনার সমস্যা তুলে ধরুন। আপনার সঠিক পরিচয় না দিতে চাইলে অন্য কোনো নাম ব্যবহার করুন।—বি. স.
সমস্যা: আমি সম্মান দ্বিতীয় বর্ষে পড়ছি। আমার উচ্চতা কম। এই উচ্চতাই আমার সুন্দর জীবনটাকে দিন দিন বিপন্ন করে তুলছে। আমার অন্য সব ভালো গুণ থাকলেও উচ্চতার কারণে নিজেকে গুটিয়ে রাখি। বন্ধুদের মধ্যে আমার উচ্চতাই সবচেয়ে কম। কম উচ্চতার কারণে আমাকে অনেক বাজে মন্তব্যও শুনতে হয়। আমি যে বিশ্ববিদ্যালয়ে পড়ি, তা-ও অনেকে বিশ্বাস করতে চায় না। আমি জানি, মানুষের সবকিছু পরিপূর্ণ থাকে না। তবু পারি না মনকে বোঝাতে। বাইরে চলাফেরার সময় মনের অজান্তে নিজের উচ্চতা তুলনা করে ফেলি, যার ফলে আমার মনটা আরও বেশি খারাপ হয়ে যায়।
হিমেল, চট্টগ্রাম।
পরামর্শ: নিজেকে যখনই আমরা অন্যের সঙ্গে তুলনা করি, তখন একধরনের হীনম্মন্যতায় ভুগি। ভেবে দেখো, যারা তোমার মতো সম্মান পর্যায়ে পড়তে পারছে না, তারাও তো তোমার সঙ্গে তুলনা করে হীনম্মন্যতায় ভুগতে পারে। সবারই অসংখ্য গুণাবলি আছে। যেগুলোর সমন্বয়ে সমগ্র ব্যক্তিত্ব গড়ে ওঠে। এই গুণাবলির কোনোটি কারও মধ্যে বেশি এবং কারও মধ্যে কম থাকতেই পারে। আমাদের নিজেদের ইতিবাচক ও নেতিবাচক সব দিক মেনে নিয়েই নিজেদের ভালোবাসতে হবে। তবে আমরা আমাদের ভেতরের সৌন্দর্য বৃদ্ধির চেষ্টা চালিয়ে যেতে পারি। একটি মানুষ তার শিষ্টাচার ও জ্ঞান দিয়ে চারদিক আলোকিত করে তুলতে পারে খুব সহজেই। মনে হচ্ছে, তুমি সারাক্ষণ একটি চিন্তার মধ্যে আবদ্ধ হয়ে গেছ এবং রয়েছ। সেই কারণে বিভিন্ন চর্চার মাধ্যমে নিজেকে সমৃদ্ধ করে তোলার প্রয়াস হারিয়ে যাচ্ছে। নিজেকে গড়ে তোলার জন্য ভালো লেখকের সুলিখিত বই পড়ার চেষ্টা করো। সেই সঙ্গে কীভাবে তোমার দ্বারা অন্য মানুষ উপকৃত হতে পারে, সেই চিন্তা করার চেষ্টা করো।
সমস্যা: আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়ছি। হলে থাকি। এইচএসসি পাস করার পর আমার বাবা মারা যান। ভাইয়েরা আমাকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি করে দিতে চাননি আর্থিক কারণে। কিন্তু আমার পড়াশোনা করার ভীষণ ইচ্ছা ছিল। সবার ইচ্ছার বিরুদ্ধে এখানে ভর্তি হয়েছি। তাই পরিবারের সবার সঙ্গে একটা দূরত্ব তৈরি হয়েছে। এ জন্য নিজেকে অপরাধী মনে হয়। আমি যখন ভর্তি হতে পারছিলাম না; তখন একটি ছেলের সঙ্গে ফোনে কথা হতো। ছেলেটিকে আমি চিনতাম। আমাদের একরকম আত্মীয়ও হয়। কথা বলতে বলতে তাকে ভালোবেসে ফেলি। কিছুদিন পর ছেলেটি পারিবারিক সমস্যা দেখিয়ে সম্পর্কটা ভেঙে দেয়। কিন্তু আমি ছেলেটিকে মনে মনে ভালোবাসতাম। সে আমাকে অনেক কষ্ট দেয়, তবু তাকে অনেক ভালোবাসি। আমি একটুও শক্ত হতে বা খারাপ ব্যবহার করতে পারি না। প্রতিবার ভাবি ওকে ভুলে যাব, কিন্তু ভুলতে পারি না।
নাম প্রকাশে অনিচ্ছুক
পরামর্শ: তুমি যে নিজের অদম্য ইচ্ছাটাকে প্রাধান্য দিয়ে একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ছ, সে জন্য তোমাকে অভিনন্দন। পরিবারের লোকজন কোনো একদিন তোমাকে নিয়ে ঠিকই গর্ববোধ করবে, যদি তুমি ভালো ফল করে পরে পেশাগত জীবনেও ভালো করতে পারো। আশা রাখছি, তুমি সেটি পারবে। তোমার মন বলছে যে তার সঙ্গে সম্পর্ক চালিয়ে গেলে তোমার শুধু কষ্টই বাড়বে, কিন্তু তার পরও আবেগের কাছে তুমি বারবার পরাজিত হচ্ছ। তোমার পরিবারের মানুষগুলোর সঙ্গে দূরত্বটি কমিয়ে ফেলার চেষ্টা করো। এতে তোমার একটি ‘সাপোর্ট সিস্টেম’ তৈরি হবে। এর মাধ্যমে আবেগের চাহিদাও পূরণ হবে। এ ছাড়া আরও কিছু শুভাকাঙ্ক্ষী ও ভালো বন্ধু তৈরি করতে পারলেও অনেক মানসিক সহায়তা পাওয়া সম্ভব হবে। চিন্তা করে দেখো, তুমি যে বারবার ছেলেটির সঙ্গে যোগাযোগ করছ, এতে তোমার আত্মসম্মানের কতটা হানি হচ্ছে। নিজেকে এভাবে নিশ্চয়ই তুমি সব সময় অসম্মানিত হতে দেবে না, তাই না? সাহস আর শক্তি সঞ্চয় করে ছেলেটিকে বলো যে তুমি আর তার দ্বারা নিজেকে অবহেলিত হতে দেবে না। কারণ, তুমি নিজেকে অনেক বেশি ভালোবাসো। শুভ কামনা রইল।