মনের জানালা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মেহতাব খানম দীর্ঘদিন ধরে কাউন্সেলিং সাইকোলজি বিষয়টি পড়াচ্ছেন। তিনি আপনার মানসিক বিভিন্ন সমস্যার সম্ভাব্য সমাধান দেবেন। অল্প কথায় আপনার সমস্যা তুলে ধরুন। আপনার সঠিক পরিচয় না দিতে চাইলে অন্য কোনো নাম ব্যবহার করুন। —বি.স.সমস্যা: ছোটবেলায় আমার খুব রাগ ছিল। রাগের কারণে আমি অনেকের সঙ্গে খারাপ ব্যবহার করেছি। কিন্তু আমি ধীরে ধীরে নিজেকে নিয়ন্ত্রণে আনতে চাই। মানুষের সঙ্গে খারাপ ব্যবহারের কথা মনে করলে বা কেউ মনে করিয়ে দিলে আমার রাগ আরও বেড়ে যায় এবং আবার খারাপ ব্যবহার করতে শুরু করি। আমার যথেষ্ট বোঝার বয়স হয়েছে। তার পরও আমি নিজেকে নিয়ন্ত্রণে আনতে পারছি না।সুপ্তিদিনাজপুর পরামর্শ: এখন তোমার বয়স কত, তা জানালে ভালো হতো। আর ছোটবেলা বলতে তুমি কোন সময়ের কথা বোঝাতে চেয়েছ, তা-ও স্পষ্ট নয়। তবে আবেগীয় সমস্যার ব্যাপারে তোমার সচেতনতা প্রশংসনীয়। এই সচেতনতাই কিন্তু আমাদের মানসিক সমস্যাগুলো সমাধানের ক্ষেত্রে খুব সাহায্য করে। খুব বেশি রাগ হলে আমাদের জীবনে অনেক সমস্যা হয়, তাতে সন্দেহ নেই। তবে রাগ কিন্তু একটি ইতিবাচক শক্তিও হতে পারে, যদি আমরা ধ্বংসাত্মক না হয়ে এটিকে গঠনমূলকভাবে ব্যবহার করতে পারি। তুমি যদি ছোটবেলায় রাগের কারণে অন্যদের সঙ্গে খারাপ আচরণ করে থাকো, তাহলে তার সব দায়িত্ব তোমার নয়। শৈশবে আশপাশের মানুষ তোমার সঙ্গে কী ধরনের আচরণ করেছে, সেটি দ্বারা তোমার চারিত্রিক বৈশিষ্ট্য নির্ধারিত হয়েছে। অভিভাবকেরা তাঁদের সন্তানদের চহিদাগুলোকে শিশু বয়সে অতিরিক্ত প্রশ্রয় দিলে বা একেবারে গুরুত্ব না দিলে, বড় হলে তাদের আবেগ নিয়ন্ত্রণে খুব সমস্যা হয়। অভিভাবকেরা অনেক সময় নিজেদের আবেগ যেমন—দুশ্চিন্তা, রাগ, ভয়, দুঃখ ইত্যাদি নিয়ে এতটাই ব্যস্ত থাকেন যে তাঁরা তাঁদের শিশুসন্তানটির সুস্থ আবেগীয় বিকাশের ক্ষেত্রে বিশেষ অবদান রাখতে পারেন না। দেখা যায়, তাঁরা যখন সন্তানের সামনে বা সন্তানের প্রতি তাঁদের রাগের বা অন্য আবেগের বহিঃপ্রকাশ ঘটান, তখন সন্তানেরাও সেই আচরণ অবচেতনভাবেই রপ্ত করতে শুরু করে। তবে তুমি যদি এখন প্রাপ্তবয়স্ক হও, তবে তোমাকে নিজের চিন্তাধারায় সচেতনভাবে ইতিবাচক পরিবর্তন আনার ক্ষেত্রে যথেষ্ট প্রয়াস চালাতে হবে। সাধারণত আমাদের যখন নিজেকে বেশ গুরুত্বহীন মনে হয়, তখন অন্যদের নেতিবাচক মন্তব্য শুনলে আমরা রেগে যাই। অন্যরা যা-ই বলুক না কেন, তুমি কখনো নিজের প্রতি শ্রদ্ধা হারাবে না। তোমার মধ্যে যে ভালো গুণ রয়েছে, সেগুলো সারাক্ষণ নিজেকে স্মরণ করাবে। কারও সঙ্গে যদি খারাপ আচরণ করেই ফেল, তখন নিজেকে দোষারোপ না করে তুমি তার কাছে গিয়ে অকপটে নিজের আচরণের জন্য ক্ষমা চাইতে পারো এবং সেই সঙ্গে নিজেকেও ক্ষমা করে দিতে পারো। অনেক বেশি অপরাধ বোধ আমাদের মনে বিষণ্নতার জন্ম দেয় এবং সে কারণে বিরক্তি থেকে রাগের উদ্ভব হয়। আসামির কাঠগড়ায় আমাদের দাঁড় না করিয়ে অনাকাঙ্ক্ষিত আচরণের জন্য আমরা যদি নিজেকে ক্ষমা করতে পারি এবং ক্রমাগতভাবে চিন্তাধারার পরিবর্তন আনতে পারি, তাহলে কিছুটা হলেও নেতিবাচক আবেগ নিয়ন্ত্রণে চলে আসে। তবে চিন্তাধারায় ইতিবাচক পরিবর্তনের ক্ষেত্রে কাউন্সেলিং বা ক্লিনিক্যাল মনোবিজ্ঞানীরা সাইকোথেরাপির মাধ্যমে সাহায্য করে থাকেন। কারণ, সম্পূর্ণ নিজের চেষ্টায় সফল হওয়া সম্ভব নাও হতে পারে। আমি তোমাকে অনুরোধ করব, যেসব জায়গায় গিয়ে সাইকোথেরাপি বা কাউন্সেলিং সেবা নেওয়া যায়, তুমি তার কোনো একটিতে গিয়ে সাহায্য নাও, যাতে সবার সঙ্গে ভালো সম্পর্ক রেখে চলতে সক্ষম হও।সমস্যা: আমার বয়স বর্তমানে ২০ বছর। আমি স্কুলে থাকতে যাকে প্রচণ্ড ভালোবাসতাম, তাকেই এসএসসি পরীক্ষার আগে বিয়ে করি। এটাই আমার জীবনের প্রথম প্রেম। যখন আমি ক্লাস ফাইভে পড়তাম, তখন আমার মা ভুল অপারেশনে মারা গেছেন।বাবা দ্বিতীয় বিয়ে করেননি। বাড়িতে সব সময় একা একা থেকে একা একাই নিজের জীবন গড়ে তুলেছিলাম। বাড়ি থেকে আমাদের এই সম্পর্কের ব্যাপারে অমত থাকার কারণে বাধ্য হয়েই আমাকে বিয়ের মতো এই সিদ্ধান্ত নিতে হয়।এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাই। আমার শ্বশুর-শাশুড়ি, স্বামী সবাই আমাকে যথেষ্ট সাহায্য করেছিলেন। এইচএসসি পাস করে এখন আমি অনার্সে ভর্তির চেষ্টা করছি। আমার সমস্যা হলো আমি আমার স্বামীর প্রতি অতিরিক্ত নির্ভরশীল হয়ে পড়েছি। তাকে না দেখে আমি থাকতে পারি না। ও কাছে না থাকলে আমি প্রচণ্ড হতাশা বোধ করি। ও যেন আমার কাছে একটা নেশার মতো। এদিকে ও ব্যবসায়ী হওয়ায় শুক্রবার বাদে আমাকে সময় দিতে পারে না। আবার আমি এখন সাত মাসের অন্তঃসত্ত্বা হওয়ায় এই হতাশাবোধ আসছে কি না বুঝতে পারছি না। এখন মা হওয়ার ইচ্ছা না থাকলেও আমি নিজেকে পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিয়েছি।জান্নাতকুষ্টিয়াপরামর্শ: স্বামীর প্রতি প্রবল আসক্তি এবং অতিরিক্ত নির্ভরশীলতাকে তুমি যে একটি সমস্যা হিসেবে চিহ্নিত করতে পেরেছ, সে জন্য অনেক ধন্যবাদ। আমাদের দেশের অনেক মেয়েই এভাবে নির্ভরশীল হয়ে জীবন কাটিয়ে দেয়; কিন্তু এটিকে সমস্যা হিসেবে দেখে না বলে এটি থেকে বেরিয়ে আসার চেষ্টাও করে না। তুমি এত ছোট বয়সে বিয়ে করেও যে লেখাপড়া চালিয়ে গেছ, সেটিও অনেক প্রশংসার দাবি রাখে। সন্তানের জন্মের পর তোমার লেখাপড়ার কিছুটা ব্যাঘাত হয়তো ঘটতে পারে। তবে তোমার যদি যথেষ্ট মানসিক শক্তি এবং উদ্যোগ থাকে, তাহলে আশা করা যায়, তুমি বিশ্ববিদ্যালয়ের শিক্ষাও সাফল্যের সঙ্গে শেষ করতে পারবে। যদিও তুমি মা হওয়ার ব্যাপারটির সঙ্গে নিজেকে খাপ খাইয়ে নিয়েছ, তার পরও মাঝেমধ্যে বিষণ্নতা আর হতাশা তৈরি হতে পারে এ কারণে যে, এ অবস্থায় শরীর প্রায়ই বেশ খারাপ লাগে। মনে হয়, সন্তানের জন্মের পর একটা বন্দিজীবনের ভেতরে ঢুকে যেতে হবে। আর এই আবেগগুলো এ সময় হওয়াটাই স্বাভাবিক। নিজের প্রতি আরও যত্নশীল হও এবং ভবিষ্যতের কিছু পরিকল্পনা এখন থেকে করতে শুরু করো। যে মানুষটি আসছে, তাকে কীভাবে একই সঙ্গে স্নেহ-ভালোবাসা, ইতিবাচক শৃঙ্খলা এবং সঠিক মূল্যবোধ দিয়ে বড় করবে, সেই লক্ষ্যে নিজেকে এখন থেকে শিক্ষিত করে তোলো। আজকাল ইন্টারনেটের মাধ্যমে শিশু লালন-পালন সম্পর্কে অনেক তথ্য পাওয়া সম্ভব। এ ছাড়া তোমাকে নিজের ভেতরের সত্তাটির সঙ্গে আরও সখ্য বা বন্ধুত্ব গড়ে তুলতে হবে। প্রতিদিন বেশ কিছু সময় নিজের সঙ্গে আন্তরিকভাবে শ্রদ্ধা ও ভালোবাসা মাথায় রেখে কথা বলবে। তোমার স্বামী নিশ্চয়ই খুব আন্তরিক এবং দায়িত্বশীল, কিন্তু তাকেও যেহেতু ব্যবসার কারণে অনেক চ্যালেঞ্জ নিতে হয়, তার কাছ থেকে তোমাকে প্রত্যাশার জায়গাটুকু কমিয়ে রাখতে হবে।