মনের জানালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মেহতাব খানম দীর্ঘদিন ধরে কাউন্সেলিং সাইকোলজি বিষয়টি পড়াচ্ছেন। তিনি আপনার মানসিক বিভিন্ন সমস্যার সম্ভাব্য সমাধান দেবেন। অল্প কথায় আপনার সমস্যা তুলে ধরুন। আপনার সঠিক পরিচয় না দিতে চাইলে অন্য কোনো নাম ব্যবহার করুন। —বি.স.সমস্যা: আমার বয়স ১৮ বছর। নবম শ্রেণী থেকে আমি একটি মেয়েকে ভালোবাসি। সে তখন আমাদের বিদ্যালয়েই ষষ্ঠ শ্রেণীতে পড়ত। সে সময় আমি আমার মনের কথা বললে সে বলে, আপাতত তার মনের দরজা খোলা নেই। ভবিষ্যতে খুলতে পারে। কেবল তাকে পাওয়ার অনুপ্রেরণায় আমি লেখাপড়ায় মনোযোগী হই এবং এখন আমি বুয়েটে পড়ছি। এ সময়ের মধ্যে আমি কেবল ওর পড়ালেখার খোঁজখবর নিতাম। বুয়েটে ভর্তি হওয়ার পর আমি ওকে আবার (ও তখন দশম শ্রেণীতে পড়ে) প্রস্তাব করলে জানায়, সে অন্য একজনকে ভালোবাসে এবং আমি যেন ওর সঙ্গে কোনো যোগাযোগ না করি। কিন্তু ওর সঙ্গে কথা না হলে, ওকে না ভাবলে আমি থাকতে পারি না। ও যে আমাকে প্রত্যাখ্যান করছে, এ কথা ভাবলে জীবনটা অর্থহীন মনে হয়। পড়াশোনা করতে ইচ্ছা করে না। মনে হয়, আত্মহত্যা করি। এককথায় ওকে ছাড়া আমি বেঁচে থাকার কোনো প্রেরণা পাচ্ছি না। ওকে ছাড়া আমি কিছুই ভাবতে পারছি না। আপু, ও যদি সত্যি সত্যিই কোনো ছেলেকে ভালোবাসে, তাহলে আমার কী করা উচিত? আর যদি কোনো ছেলেকে আসলে না ভালোবাসে, তাহলে কী করা উচিত? ওকে ভোলা ছাড়া কি কোনোই পথ নেই? আমাদের বাসা পাশাপাশি গ্রামে এবং প্রেম না করার ব্যাপারে মেয়েটির ওপর পারিবারিক চাপ আছে।হূদয়, ঢাকা।পরামর্শ: মেয়েটিকে তুমি অনেক দিন ধরে ভালোবাসো—এ কথাটি না বলে ওকে তোমার খুব ভালো লাগে, এটা বললে বোধহয় ঠিক হতো। কারণ, ওর সঙ্গে তোমার খুব ভালোভাবে পরিচয় হয়েছে বলে মনে হচ্ছে না। মেয়েটির পছন্দ-অপছন্দের সঙ্গে তোমার রুচিবোধের কতটা সামঞ্জস্য রয়েছে, সেটিও জানার সুযোগ হতো যদি তোমরা প্রথমে পরস্পরের ভালো বন্ধু হতে পারতে। তা ছাড়া মেয়েটি এখনো অনেক ছোট। তুমিও এখন পর্যন্ত বয়ঃসন্ধিতে রয়েছ। দুজনই আবেগের বয়স পেরিয়ে প্রাপ্তবয়স্ক হওয়ার পর সম্পর্কের ধরনটি বুঝতে চেষ্টা করলে ভালো হতো। এ ছাড়া মেয়েটি তো তোমাকে কখনো কোনো অঙ্গীকার বা নিশ্চয়তা দেয়নি। তুমি দ্বিতীয়বার তাকে প্রস্তাব করার পরও সেটি সে গ্রহণ করেনি। মনে হচ্ছে, তোমার দিক থেকেই শুধু ভালো লাগার বিষয়টি ঘটেছে। তুমি একটি ভালো শিক্ষাপ্রতিষ্ঠানে পড়ছো। এখানে পড়ার জন্য অনেকেই স্বপ্ন দেখে, কিন্তু সবাই সফল হয় না। তোমার বাবা-মাও নিশ্চয়ই তোমাকে অনেক যোগ্যতাসম্পন্ন দেখতে চান, তাই না? কাজেই মেয়েটি অন্য কাউকে ভালোবাসে কি না, সেই চিন্তায় কি তুমি তোমার মূল্যবান সময় এখন নষ্ট করবে? তুমি কারও দ্বারা প্রত্যাখ্যাত হয়েছ—বিষয়টি এভাবে না দেখে বরং ভাবতে পারো, এটা তোমার মধ্যে কোনো কিছুর ঘাটতি রয়েছে বলে ঘটেনি। মেয়েটির দিক থেকে নিশ্চয়ই বিশেষ কিছু অসুবিধা আছে বলেই সে বারবার ‘না’ বলছে। কাজেই তুমি ওর মতামতকে শ্রদ্ধা করো এবং ও যে নিজের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার অধিকার রাখে, সেটিও বিশ্বাস করো। এই কারণে নিজের কোনো ক্ষতি করার কথা ভাবলে নিজের প্রতি অত্যন্ত অন্যায় ও অবিচার করা হবে। নিজেকে প্রথমে ভালোবাসতে হবে, তা না হলে আমরা নিজেদের তো ভালো রাখতে পারবই না, আশপাশের অত্যন্ত আপন মানুষকেও কষ্ট দিতে থাকব। আমি আশা করব, আপাতত তুমি লেখাপড়াকে জীবনের প্রধান কাজ হিসেবে দেখবে। এ ছাড়া খেলাধুলা এবং অন্যান্য সুস্থ কিছু চর্চার সঙ্গে যুক্ত হতে থাকো। সমস্যা: আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগের ছাত্র। পড়তে বসলে মাথা ঘোরে, অন্য চিন্তা মনে আসে। আর মনে হয়, পরে পড়ব। এ নিয়ে আমি খুবই দুশ্চিন্তায় আছি। আর একটি কথা, আমি কখনো কোনো মেয়েকে ভালোবাসার প্রস্তাব দেইনি। কিন্তু কোনো ভালো অর্থাৎ সুন্দরী মেয়ে দেখলে তাকে কিছু বলার জন্য ইচ্ছা করে, এমনটি মনে হয়। আমি খুব ধনী পরিবারের সন্তান নই। বলা যায়, একেবারেই মধ্যবিত্ত। আমার খাওয়ার রুচি খুব কম। সব সময় মানসিকভাবে আমি চিন্তাগ্রস্ত। আমার সব সময় ঘুম ধরে। আমি যে কী করব, কিছুই বুঝতে পারছি না। আমি শুধু এটা বুঝতে পারছি যে, আমি পড়াশোনায় অনেক বেশি পিছিয়ে পড়ছি।নাম প্রকাশে অনিচ্ছুকঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা।পরামর্শ: তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ছো। তাই আমি তোমাকে অনুরোধ করব, সেখানকার ছাত্র-শিক্ষক কেন্দ্রের তৃতীয় তলার গাইডেন্স ও কাউন্সেলিং সেন্টারে যে কাউন্সেলিং সেবা দেওয়া হচ্ছে, সেটি নাও। যদি তাঁরা মনে করেন যে, তোমার কোনো মনোরোগ চিকিৎসকের কাছে যাওয়া প্রয়োজন, তাহলে যাঁর কাছ থেকে তুমি সেবা নেবে তিনিই তোমাকে বলে দেবেন কোথায় যেতে হবে। কেমন?