মনের জানালা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মেহতাব খানম দীর্ঘদিন ধরে কাউন্সেলিং সাইকোলজি বিষয়টি পড়াচ্ছেন। তিনি আপনার মানসিক বিভিন্ন সমস্যার সম্ভাব্য সমাধান দেবেন। অল্প কথায় আপনার সমস্যা তুলে ধরুন। আপনার সঠিক পরিচয় না দিতে চাইলে অন্য কোনো নাম ব্যবহার করুন।—বি. স.

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সমস্যা: আমি যখন কোনো একটা কাজ করি, সেটা দুবার বা তার বেশিবার করি। যেমন, ঘরের বাতির সুইচ বন্ধ রয়েছে, এটি দেখার পরও আমি আরও কয়েকবার বন্ধ করে দেখি। রাতে ঘুমাতে যাওয়ার সময় ঘরের দরজা লাগানোর পরও বেশ কয়েকবার পরীক্ষা করি। একটা জিনিস পড়ি; কিন্তু কিছুক্ষণ পর মনে হয়, সেটি ভুলে গেছি। আবার যখন পড়তে যাই, তখন দেখা যায় সবগুলোই মোটামুটি পারি। আবার যখন অবসরে বসে থাকি, তখন মনে হয় কিছুই পড়া হয়নি, মনে হয় আবার পড়তে বসে সব রিভিশন দিতে হবে।গোধূলীসিলেটপরামর্শ: তোমার যে ব্যাপারটি ঘটছে, সেটিকে বলা হয় অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার। কোনো বিষয় নিয়ে তোমার মধ্যে এক ধরনের দুশ্চিন্তা ক্রমাগত চলতে থাকে বলে সেটি থেকে মুক্তি পাওয়ার জন্য একই কাজ বারবার করছো। এটি নিয়ন্ত্রণ করা তোমার জন্য কঠিন হয়ে পড়ছে এবং সে কারণে বিষণ্নতা তৈরি হচ্ছে। তবে এটা নিয়ে অপরাধবোধে না ভুগলে ভালো হয়। কারণ, তুমি তো ইচ্ছে করে কিছুই করছো না। আমার অনুরোধ থাকবে, তুমি অন্তত মাসে দুবার করে ঢাকায় এসে মোহাম্মদপুরে (১/১৪, ইকবাল রোড) ‘ক্রিয়া’ নামের যে কেন্দ্রটি রয়েছে, সেখানে যাবে। বেশ কয়েকজন ক্লিনিক্যাল সাইকোলজিস্ট এই কেন্দ্রে কাজ করছেন। তুমি তাঁদের কারও কাছ থেকে সাইকোথেরাপির সেশন নেবে। সমস্যা: আমার বয়স যখন ১৪, তখন থেকেই আমি একটি ছেলেকে ভালোবাসি। কিন্তু দুই বছর পর ওর সঙ্গে আমার সম্পর্কটা ভেঙে যায়। এদিকে অন্য একটি ছেলের সঙ্গে আমার বন্ধুত্ব হয়। কিন্তু মাত্র এক মাসের মধ্যে আমাদের সম্পর্কটা অন্য দিকে গড়ায়। এর মধ্যে ওর সঙ্গে আমার যোগাযোগ বন্ধ হয়ে যায়। কিন্তু আমি আগে যাকে ভালোবাসতাম, তার সঙ্গে সম্পর্ক আবার ভালো হয়। এমনকি এই সম্পর্কটা এখনো আছে। কিন্তু আমার সমস্যা হলো, যার সঙ্গে আমার এক মাসের বন্ধুত্বের নামে অন্য সম্পর্ক ছিল, তার সঙ্গে আমার এখন কোনো যোগাযোগ নেই। কিন্তু আমি যখন খুব একা থাকি, তখন সেই এক মাসের অপরাধবোধ আমার মধ্যে জেগে ওঠে। সেই মুহূর্তে আমার নিজেকে খুব ঘৃণা করতে ইচ্ছে করে। কিন্তু ওর সঙ্গে আমার এমন কোনো সম্পর্ক হয়নি, যাতে আমি আমাকে ঘৃণা করব। ছয় বছর আগের ঘটনা আমি ভুলতে চেষ্টা করেও পারছি না। আমার ভালোবাসার মানুষকেও এই ঘটনা বলেছি। রাহীসিলেট। পরামর্শ: তোমার দ্বিতীয় সম্পর্কটি কী কারণে শেষ হলো বা যোগাযোগ বন্ধ হলো, সে সম্পর্কে চিঠিতে সুস্পষ্টভাবে কিছুই লেখনি বলে তোমার অপরাধবোধের কারণটি একেবারে বোঝা সম্ভব হচ্ছে না। তুমি কি ছেলেটির সঙ্গে কোনো অন্যায় আচরণ করেছিলে? যদি সে রকম কিছু ঘটেই থাকে, তাহলে নিজেকে প্রশ্ন করে দেখতে পারো, সে কারণেই নিজের প্রতি ঘৃণাবোধ হচ্ছে কি না। আর তা যদি না হয়, তা হলেও নিজেকে বলবে, তুমি তখন অনেক বেশি আবেগপ্রবণ বয়সে ছিলে। এ সময় এমন ভুল মানুষের হতেই পারে। যে কারণেই সম্পর্কটি শেষ হয়ে থাকুক, তুমি মনে করবে, সেটি সে সময়ের একটি ভুল ছিল। মাত্র ১৬ বছর বয়সে এক মাসের একটি সম্পর্ক তোমার মনে কোনো কারণে রেখাপাত করতেই পারে। যে সম্পর্কটি এখন চলছে, তুমি যদি সেটাকে মূল্যবান মনে করো, তাহলে সেই সম্পর্কের প্রতি মনোযোগ দিয়ে সেটিকে একটি সুস্থ, শ্রদ্ধাপূর্ণ ও আস্থার সম্পর্ক হিসেবে গড়ে তোলো। সমস্যা: আমার বয়স ১৬ বছর; অষ্টম শ্রেণীতে পড়ি। আমার বাবা আট বছর মানসিকভাবে অসুস্থ ছিলেন। আমার মা-ও কিছুদিন মানসিকভাবে অসুস্থ ছিলেন। বর্তমানে তাঁরা ভালো আছেন। কিন্তু আর্থিক অবস্থা ভালো নয়। আমার কোনো ভাইবোন বা বন্ধুবান্ধব নেই। আমি খুবই চুপচাপ ও লাজুক প্রকৃতির। স্কুলে সবাই আমাকে হাফ লেডিস বলে ডাকে। ঘর থেকে বের হতে ইচ্ছা হয় না। মানুষ দেখলে ভয় লাগে। ইদানীং না চাইতেও মা-বাবার সঙ্গে খারাপ ব্যবহার করি এবং দরজা বন্ধ করে নিজেকে আঘাত করি। আমি জেগে জেগে অনেক স্বপ্ন দেখি, এর বিপরীত ঘটনা ঘটায় কষ্টও পাই। বাসায় মেহমান এলে উল্টাপাল্টা আচরণ করি। মেহমান একদম সহ্য করতে পারি না, অস্বস্তি লাগে। সব সময় মনে হয়, আমাকে দিয়ে কিছুই হবে না। এদিকে এক বছরের মতো হবে, আমি ধূমপানে অভ্যস্ত হয়ে পড়েছি।শুভ্র ইসলামঢাকা। পরামর্শ: এত সততার সঙ্গে এবং স্পষ্ট করে তুমি তোমার সমস্যাগুলো তুলে ধরেছ দেখে আমি সত্যিই খুব মুগ্ধ হয়েছি। তবে তোমার বাবা ও মায়ের কী ধরনের মানসিক অসুস্থতা ছিল, তা বুঝতে পারিনি। যা-ই হোক, বর্তমানে যে দুজনই ভালো আছেন, সেটি খুব স্বস্তিকর। তবে তুমি যে এত অল্প বয়সে সব সময় একা থাকছো, সেটি অবশ্যই দুঃখজনক। হয়তো বাবা-মা তোমাকে যথেষ্ট সময় দিতে পারেননি বলে তোমার সামাজিক দক্ষতাগুলো তৈরি হয়নি। ভয়ের কারণে ঠিকমতো তোমার মনের ভাবগুলো প্রকাশ করতে পারছো না বলেই তুমি নিজের ওপর এবং অন্যদের ওপরও রেগে যাচ্ছ। তবে নিজেকে ও পরিবারের মানুষের এভাবে মানসিক বা শারীরিকভাবে আঘাত করতে থাকলে তো তুমি কখনো মানসিক শান্তি পাবে না। তোমার মধ্যে সবকিছু নিয়ে একটা হতাশাও যে সৃষ্টি হয়েছে, তা বোঝা যাচ্ছে। তোমার সব কথা পড়ে মনে হচ্ছে, তোমাকে সোশ্যাল ফোবিয়া বা দুশ্চিন্তা থেকে অবশ্যই বেরিয়ে আসতে হবে। এ ছাড়া তোমাকে ধূমপানের বদভ্যাসটি ছাড়তে হবে। এটি থাকলে পরবর্তী সময়ে মাদকাসক্তির আশঙ্কা থাকে। তুমি কোনো একটি সংস্থায় গিয়ে সাইকোথেরাপির সাহায্য নিলে খুব ভালো হয়।