মনের জোরেই বাঁচতে চান মনসুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দারিদ্র্য কিংবা শারীরিক প্রতিবন্ধিতা—কোনোটিই মনসুর আলীর বেঁচে থাকায় বাধা হয়ে দাঁড়াতে পারেনি। জন্মগতভাবে দুটি পা নেই তাঁর। অন্যদের মতো স্বাভাবিক হাঁটাচলা করতে না পারলেও পরনির্ভরশীল তিনি নন। ঘরে বসে বিত্তবানদের সাহায্য নিয়ে বেঁচে থাকবেন—এমনটা চান না। নিজের চেষ্টায় উচ্চমাধ্যমিক (এইচএসসি) পাস করেছেন। গৃহশিক্ষকতা করে সংসার চালাচ্ছেন পাশাপাশি ভর্তি হয়েছেন উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে স্নাতক শ্রেণীতে। এখন তাঁর চাওয়া প্রতিবন্ধী কোটায় যেন একটা চাকরি হয়।উপজেলার বক্সমাহমুদ ইউনিয়নের দক্ষিণ গুথুমা গ্রামের মো. মোস্তফার ছেলে মনসুর। ১৯৯৫ সালে দ্বিতীয় বিভাগে এসএসসি ও ১৯৯৭ সালে দ্বিতীয় বিভাগে এইচএসসি পাস করেন তিনি। ১৯৮৩ সালে তাঁর বাবা মারা যান। সংসারের সব দায়দায়িত্ব এখন মনসুরের কাঁধে এসে পড়েছে। মনসুর জানান, ছাত্র পড়িয়ে সংসার চালানো কষ্টকর হয়ে পড়েছে। তাই প্রতিমাসেই কোথাও না কোথাও আবেদন করছেন চাকরির জন্য। গুথুমা গ্রামে তাঁর ছাত্রসংখ্যা কম নয়। যাঁদের অনেকে বর্তমানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন। জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন ও প্রতিবন্ধী কল্যাণ কমিটি মনসুরকে প্রতিবন্ধী সনদ দিয়েছে। আশা ছিল প্রতিবন্ধী কোটায় ছোটখাটো পদে হলেও চাকরি পাবেন। কিন্তু একাধিক দপ্তরে আবেদন করেও সাড়া পাননি। মনছুর জানান, শারীরিক অক্ষমতা থাকায় তিনি চতুর্থ শ্রেণীর কর্মচারীর পদের জন্য আবেদন করেও চাকরি পান না। উপজেলা কৃষি কর্মকর্তা হানিফ ই হায়দার জানান, চাকরির জন্য কাগজপত্র সত্যায়িত করতে মনসুর প্রায়ই তাঁর কাছে আসেন। তিনি বলেন, ‘প্রতিবন্ধী হিসেবে মনসুরের চাকরি হওয়া উচিত।’