রাজা কিছুতেই মেনে নেবেন না রাজপুত্রের স্পর্ধা। রাজপুত্র কি না তাঁর অগোচরে ভালোবাসার সম্পর্কে জড়িয়েছে এক সাধারণ তরুণীর সঙ্গে! অসম্ভব। এ কিছুতেই মেনে নেওয়া যায় না। রাজপুত্রকে অবশ্যই বিয়ে করতে হবে রাজার পছন্দের মেয়েকে। কিন্তু রাজপুত্রও মেনে নেওয়ার পাত্র নয়। এ নিয়েই তখন জমে উঠেছে মঞ্চ। নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের মঞ্চে চলছিল যাত্রাপালা। যাত্রাপালা শেষ হতে না হতেই শুরু হলো বাউল গান। এরপর প্রদীপনৃত্য, আবৃত্তি। দর্শকেরা ততক্ষণে বাঁধভাঙা আনন্দের জোয়ারে ভাসছেন।বলছিলাম, এনএসইউয়ের বসন্ত উৎসবের কথা। এবার বলব এই চোখ-ধাঁধানো আয়োজনের পর্দার পেছনের মানুষদের কথা। এনএসইউয়ের সবচেয়ে বড় কিছু আয়োজনের সঙ্গে জড়িয়ে রয়েছে যে সংগঠনটির নাম তা হলো ‘নর্থ সাউথ ইউনিভার্সিটি সাংস্কৃতিক সংগঠন’। সংক্ষেপে এনএসইউএসএস।‘বিভিন্ন জাতীয় দিবসগুলো পালনের সঙ্গে সঙ্গে এনএসইউয়ের সারা বছরের সবচেয়ে বড় বড় আয়োজনগুলোর সঙ্গেই জড়িয়ে আছি আমরা’—বলছিলেন সংগঠনটির প্রেসিডেন্ট আহসান আলী। সবার কাছে যিনি রতন ভাই হিসেবেই বেশি পরিচিত। তাঁর ভাষায়, ‘আমরা যাঁরা সংগঠনটির জন্য কাজ করি, দেশের প্রতি, দেশীয় সংস্কৃতির প্রতি ভালোবাসা এবং দায়বদ্ধতা থেকেই তা করি।’ তাঁর কথায় সায় দেন সংগঠনের অন্য সদস্যরা।সংগঠনটির ফ্যাকাল্টি অ্যাডভাইজার ইংরেজি বিভাগের অধ্যাপক দিনা ফোরকানের দিকনির্দেশনায় এনএসইউএসএস আয়োজন করে চলেছে বিভিন্ন অনুষ্ঠান। এর মধ্যে সবচেয়ে বড় আয়োজনটি হলো ‘অ্যানুয়াল কালচারাল ইভনিং’। এই বার্ষিক সংস্কৃতি সন্ধ্যা বিশ্ববিদ্যালয়টির সবচেয়ে বড় আয়োজন বলা হয়ে থাকে। প্রতিবছরই এই অনুষ্ঠানটির আয়োজন করে এনএসইউএসএস। ‘অনুষ্ঠানের এক মাস আগে থেকেই শুরু হয় কঠোর অনুশীলন’—জানালেন ফাহাদ। তাঁরা আরও জানালেন এসব আয়োজনে বাদ্যযন্ত্র বাজানো থেকে শুরু করে সবকিছুই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই করেন। ‘অনুষ্ঠানের আগের দিন গভীর রাত পর্যন্ত চলে অনুশীলন’—যোগ করেন তন্বী। ‘একই কথা খাটে সামার ম্যাগাজিন, সামার আনপ্লাগডের মতো বড় বড় আয়োজনের ক্ষেত্রেও’—মনে করিয়ে দেন তূর্য, তাঁদের কথার পরিপ্রেক্ষিতে।জানতে চাই ‘ক্লাস, পড়াশোনা, পরীক্ষা এসবের ক্ষতি হয় না?’। ‘তা তো একটু হবেই, কিন্তু...‘এগুলো তো করি মনের টান থেকে, তাই শেষ পর্যন্ত সবকিছুই সামলে উঠি’—খোলাসা করেন চৈতি।এ সময়ের জনপ্রিয় কিছু মুখ গায়ক তপু, ছোটপর্দার মিম, মুনমুন, ব্ল্যাকের টনি, রাগার এলিটা, বাংলাদেশ ব্যান্ডের লরা, রেডিও অ্যাকটিভের নিপুণ তাঁরা সবাই কিন্তু এনএসইউএসএসের ‘ঘরের মানুষ’ জানাতে ভুললেন না সংগঠনটির প্রেসিডেন্ট রতন।এবার জানা যাক, বিশ্ববিদ্যালয়টির সাধারণ ছাত্ররা কী ভাবছেন এই সংগঠনটি নিয়ে। বিবিএ পঞ্চম সেমিস্টারের ছাত্র অতশচন্দ্র সাহা বললেন, ‘অনেকের ভুল ধারণা আছে যে এনএসইউ যেহেতু বেসরকারি বিশ্ববিদ্যালয়, সুতরাং এখানে হয়তো বাংলা সংস্কৃতির চর্চা হয় না। কিন্তু আসল কথা হলো, যে পারে সে সব পারে। আর তারই উপযুক্ত প্রমাণ হলো এনএসইউএসএস। প্রশ্ন করি, ‘জনপ্রিয় বিশ্ববিদ্যালয়টির যাত্রার শুরুর দিকে ১৯৯৪ সালে বাংলা সংস্কৃতি বুকে লালনের স্বপ্ন নিয়ে এনএসইউএসএস শুরু করেছিল পথচলা। তবে কি সে স্বপ্ন আজ সত্যি হয়েছে? শেষ হয়েছে সংগঠনটির পথচলা?‘নাহ! মোটেই না। এ তো সবে শুরু। আমাদের স্বপ্ন আকাশ ছোঁয়ার’—একযোগে বলে ওঠেন সংগঠনের সবাই। তাঁদের প্রতিবাদে যেন গত্বাঁধা প্রশ্ন ছেড়ে ফিরে আসি বাস্তবে। আসলেই তো, বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছাত্ররা যে সংগঠন সম্পর্কে মত পোষণ করেন, ‘যে পারে, সে সব পারে’ সে সংগঠন তো আকাশ ছোঁয়ার স্বপ্ন নিয়েই এগিয়ে যাবে।