মনের দুঃখ কমান 'মনোবন্ধু'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মনোবন্ধুরা নির্যাতনের শিকার নারীদের মনোবেদনা লাঘবের জন্য তাঁদের দুঃখের কথা শোনেন। মানসিক সহায়তা দেন। ভুক্তভোগীরা যাতে অকপটে মনের কথা বলতে পারেন—এ জন্য তাঁদের আস্থা অর্জন করতে হয়, হয়ে ওঠেন আপনজন। প্রয়োজনে আইনি সহায়তার রাস্তাও চিনিয়ে দেন মনোবন্ধুরা। দেশের ১২ জেলার ৪৬৪ জন নারী এ রকম ‘মনোবন্ধু’ হিসেবে কাজ করছেন।

গৌরীপুর উপজেলার ভুটিয়াকোণা গ্রামে এক বাড়িতে পরামর্শ দিচ্ছেন একজন মনোবন্ধু। ছবি: জগলুল পাশা
গৌরীপুর উপজেলার ভুটিয়াকোণা গ্রামে এক বাড়িতে পরামর্শ দিচ্ছেন একজন মনোবন্ধু। ছবি: জগলুল পাশা

কারা এই মনোবন্ধু?
বেসরকারি সংস্থা ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির আওতায় মনোবন্ধুদের নিয়ে এই মনোসামাজিক সহায়তা কার্যক্রম শুরু করেছে। পরামর্শ সেবা (কাউন্সেলিং) দেওয়ার জন্য এই মনোবন্ধুরা পেশাদার কেউ নন। তবে তৃণমূল পর্যায়ে ব্র্যাকের সহায়তায় গঠিত নারী সংগঠন ‘পল্লি সমাজ’-এর সদস্য, গণনাটকের নারীসদস্য, স্বাস্থ্যসেবিকা, ব্র্যাকের স্কুলশিক্ষকসহ এ ধরনের নানা কাজের সঙ্গে যাঁরা যুক্ত, তাঁদের মধ্য থেকেই মনোবন্ধু নির্বাচন করা হয়। ব্র্যাকের উদ্যোগে মনোবন্ধুরা কাজ করছেন ২০১৩ সাল থেকে। পাইলট ভিত্তিতে কাজটি চলছে ১২টি জেলার ৩৩টি উপজেলায়।
পেশাদার মনোবিজ্ঞানীদের দিয়ে মনোবন্ধুদের দুই দিনের প্রশিক্ষণ দেওয়া হয়। এ সময় তাঁদের দায়িত্ব ও কর্তব্য, মানসিক সহায়তা
দিতে হলে কী করা যাবে, কী করা যাবে না প্রভৃতি বিষয়ে ধারণা দেওয়া হয়।
গাজীপুরের রোকেয়া খাতুন একজন মনোবন্ধু। কম বয়সে তাঁর বিয়ে হয়েছিল। ছোটবেলাতেই নিজের বাবা-মা মারা গেছেন। দুই ছেলে, এক মেয়ের মা রোকেয়াকে জীবনের এ পর্যায় পর্যন্ত আসতে কম যন্ত্রণা সহ্য করতে হয়নি। তিনি ভালো করেই বোঝেন নির্যাতনের শিকার ব্যক্তির মর্মবেদনা।
রোকেয়া খাতুন এলাকার নগর স্বাস্থ্যকেন্দ্রে স্বাস্থ্যসেবিকা হিসেবে কাজ করেন। রোকেয়া খাতুনসহ অন্য মনোবন্ধুরা এ কাজের জন্য আলাদা কোনো পারিশ্রমিক পান না।
রোকেয়া জানালেন, নির্যাতনের ঘটনা ঘটার পর কোনো কোনো বাড়িতে বেশ কয়েকবার করে যেতে হয়। বাড়িতে যাঁরা নির্যাতন করেন, তাঁদের সামনে কথা বলা যায় না। তাই খোঁজ নিতে হয়, কখন ভুক্তভোগী নারীকে একলা পাওয়া যাবে। আবার অনেক সময় নির্যাতকদের সঙ্গেও কথা বলতে হয়, তখন তাঁরা তেড়েও আসেন তাঁদের পরিবারে ‘নাক গলানো’র জন্য। যেকোনো সময় বাড়ির বাইরে বের হতে হয় বলে সমাজের অনেকেই নানা কথা বলতেও ছাড়েন না।

নির্যাতন বিষয়ে জরিপ যা বলছে
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ ‘ভায়োলেন্স অ্যাগেইনস্ট উইমেন সার্ভে ২০১৫’ শীর্ষক দ্বিতীয় জরিপের ফলাফল বলছে, দেশের বিবাহিত নারীদের ৮০ শতাংশই স্বামীর মাধ্যমে কোনো না কোনো সময়ে, কোনো না কোনো ধরনের নির্যাতনের শিকার হয়েছেন। বিবাহিত নারীর ১৫ শতাংশই স্বামীদের নিয়ন্ত্রণমূলক আচরণ-সংক্রান্ত নির্যাতনের শিকার।
সরকারের এই দ্বিতীয় জরিপই বলছে, স্বামীর নির্যাতনের শিকার হওয়ার পর ৭২ দশমিক ৭ শতাংশ নির্যাতিত নারী কখনোই নির্যাতনের কথা কাউকে জানাননি। শতকরা ৩৯ জনের বেশি নারী বলেছেন, পারিবারিক সম্মানের কথা চিন্তা করে, নির্যাতনের ভয়ে, স্ত্রীকে স্বামীর মারার অধিকার আছে ভেবে অথবা লজ্জায় তাঁরা বিষয়গুলো কাউকে জানানোর প্রয়োজনই মনে করেননি। সমাজের এ ধরনের বাস্তবতার মধ্যেই কাজ করছেন মনোবন্ধুরা।
অন্যদিকে ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির তথ্যভান্ডারের তথ্য অনুযায়ী, গত বছর ৫৫টি জেলায় নথিভুক্ত নারী ও মেয়েশিশু নির্যাতনের ৭ হাজার ৪৮৯টি ঘটনার মধ্যে মানসিক নির্যাতনের হার ছিল ১৪ শতাংশ। এ ধরনের নির্যাতন সহ্য করতে না পেরে আত্মহত্যা করে ১১ শতাংশ, আত্মহত্যার চেষ্টা করে ৩ শতাংশ।

সরকারি উদ্যোগ
মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের নারী নির্যাতন প্রতিরোধকল্পে মাল্টিসেক্টরাল প্রোগ্রামের পরিচালক আবুল হোসেন প্রথম আলোকে বলেন, রাজধানীতে ন্যাশনাল ট্রমা কাউন্সেলিং সেন্টার এবং দেশের আটটি সরকারি হাসপাতালে ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে মাত্র ১৩ জন পেশাদার কাউন্সেলর সেবা দিচ্ছেন। এর বাইরে জাতীয় হেল্পলাইনের (১০৯) মাধ্যমে কিছু পরামর্শসেবা দেওয়া হচ্ছে, যা প্রয়োজনের তুলনায় খুবই অপ্রতুল।
ব্র্যাকের মনোবন্ধু কার্যক্রম সম্পর্কে আবুল হোসেন বলেন, সরকারের পেশাদার কাউন্সেলররাই সমঝোতা চুক্তির মাধ্যমে মনোবন্ধুদের প্রশিক্ষণ দিচ্ছেন। এ উদ্যোগ অবশ্যই ইতিবাচক।

তাঁদের কথা
পাঁচ মাস আগে বিয়ে হওয়া নির্যাতনের শিকার একজন জানালেন, বিয়ের সময় যৌতুক না চাইলেও বিয়ের পর থেকে যৌতুকের জন্য শ্বশুরবাড়ির লোকজন চাপ দিচ্ছে। শারীরিক ও মানসিক নির্যাতনের সময়ে তিনি একজন মনোবন্ধুর সঙ্গে কথা বলতে পেরেছিলেন। খুব বেশি কিছু না হলেও তখনকার দম বন্ধ করা অবস্থা থেকে ‘হালকা’ হতে পেরেছিলেন বলে জানালেন।
আরেকজন হলেন পারভীন (ছদ্মনাম)। অকথ্য ভাষায় গালিগালাজ করে নির্যাতনের চরম পর্যায়ে দিনের পর দিন তাঁকে অভুক্ত রাখতেন স্বামী। মনোবন্ধু সুফিয়ার কাছে পারভীন মনের যন্ত্রণার কথা খুলে বলেন। সুফিয়া পারভীনের স্বামী এবং পরিবারের অন্য সদস্যদের সঙ্গেও কথা বলেন। তাঁরা নিজেদের ভুল বুঝতে পারেন। বর্তমানে পারভীন ঘুরে দাঁড়িয়েছেন। মুরগির খামার দিয়েছেন। তবে জীবনে যে কষ্ট পেয়েছেন, তা কি আর সহজে ভোলা যায়? তবে এখন নিজের মনকেই সান্ত্বনা দেন ‘মনোবন্ধু আছে, তাই মনের দুঃখের চিন্তা নাই’।