মনের বাক্স

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দূরে বলে কি তোমায় ভালোবাসতে মানা!
তোমার কি মনে পড়ে ২০১৩ সালের ২ ফেব্রুয়ারিতে আমাদের প্রথম দেখা। ৭ ফেব্রুয়ারি থেকে ভালোবাসার শুরু। তোমাকে ভালোবাসার প্রস্তাব দেওয়ার পর তোমার সঙ্গে কথা বলার কোনো সুযোগ পাইনি৷ কারণ, ৮ ফেব্রুয়ারি সকালেই তুমি চলে গিয়েছিলে তোমার ঠিকানায়। তোমাকে বলার সাহস পাইনি। চলে যাওয়ার পর অনেক কষ্ট পেয়েছিলাম। সেদিনই প্রথম আমি কারও জন্য কষ্ট অনুভব করেছিলাম। সেই অনুভূতিগুলো কখনো ভুলতে পারব না৷ ভালোবাসা ও বিরহ দুটোই আমার জীবনে প্রথম এসেছে তোমার কাছ থেকে। তোমার ক্ষুদ্র ক্ষুদ্র স্মৃতি নিয়ে আমার মনে ঘর সাজাতে শুরু করলাম। মনে মনে ভাবতাম যে তুমি যত দূরে থাকো না কেন, তোমার-আমার দেখা হবেই৷ অপেক্ষা করতে করতে দিন, মাস, বছর চলে গেল, কিন্তু তোমার কোনো দেখা পেলাম না। তাই বলে তোমাকে ভালোবাসার মাত্রা কমেনি৷ একবারও জানতে চাইনি তুমি আমাকে ভুলে গেছ কি না। অনেক অনেক ভালোবাসি তোমায়। তোমার প্রতি এই ভালোবাসা থাকবে সব সময়৷
ইতি
রিসি, সিলেট৷

চিরকুট
তোমার সঙ্গে দীর্ঘ সময় ধরে কথা না হলে বুকের মাধ্যে হঠাৎ একটা কাঁপুনি দেয়৷ চিনচিন একটা ব্যথা অনুভব করি। তবু একটু আশা নিয়ে আরও কিছু সময় অপেক্ষা করে থাকি, দেখি না কী হয়! কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ বলেছিলেন, ‘অপেক্ষা হলো শুদ্ধতম ভালোবাসার একটি চিহ্ন।’ লেখকের কথা মতে সবাই ভালোবাসি বলতে পারে, কিন্তু সবাই অপেক্ষা করে থাকতে পারে না। কিন্তু না, আমি যে সেই সবার দলে নেই৷
জানি, হয়তো আমার প্রেমের গদ্যগুলো পড়তে পড়তে তোমার কাছে পরিচিত হয়ে গেছে৷ নতুনত্বের ছোঁয়া কোথায় যেন হারিয়ে যাচ্ছে৷ কোনো এক সময় হয়তোবা আমার এই অতিমাত্রার পাগলামি তোমার কাছে বিরক্তিকর হয়ে উঠবে মনে হয়৷ তবে কোনো কিছু চাইলেই কি ছাড়া যায়? আমি কি চাইলেই তোমাকে ভালোবাসা ছেড়ে দিতে পারব? কোনো দিন কি কাউকে শুনেছ নিশ্বাস নেওয়া বন্ধ রেখে মারা গেছে? আমার যে প্রতিটা নিশ্বাসে মিশে আছ তুমি, আর তোমার জন্য ভালোবাসা।
সত্যি বলতে সব সময় মনের মধ্যে একটা অস্থিরতা কাজ করে, একটা ব্যাকুলতা সারাক্ষণ মনটাকে ব্যস্ত করে রাখে। তোমাকে কাছে না পাওয়ার অস্থিরতা, তোমার সঙ্গে কথা বলতে না পারার ব্যাকুলতা।
তোমাকে কতটা ভালোবাসি, সেটার সঠিক কোনো হিসাব আমার জানা নেই৷ অঙ্ক করে তো আর ভালোবাসা হয় না৷ তবে একটু ধারণা দিতে পারি, আমার থেকে আর বেশি কেউ তোমাকে ভালোবাসবে না৷ পাগলের মতো ভালোবাসা কথাটা হয়তো আমার জন্যই তোলা থাক৷ বিনিময়ে শুধু এটুকুই চাই, আমার ভালোবাসার পাগলামিগুলো সহ্য করে যাও, প্লিজ৷ তোমার সহ্য করে যাওয়াতেই নাহয় আমি তোমার ভালোবাসাটা খুঁজে নেব...!
ইমরান

হারিয়ে যাওয়া ভালোবাসা
ভেবেছিলাম অভিমান ভেঙে একদিন ঠিক চলে আসবে আগের ঠিকানায় কোনো এক গোধূলিবেলায়। এক বুক আশা নিয়ে দাঁড়িয়ে ছিলাম তোমার আসার পথে। এমনি করে কেটে গেল কয়েকটি বসন্ত। বসন্তে ঠিকই ফুটল বসন্ত ফুল কিন্তু তুমি এলে না। অনেক কষ্টে মনকে তখন সান্ত্বনা দিয়েছি এই বলে, হারিয়ে যাওয়া ভালোবাসা কখনো ফিরে আসে না।
অধরা, জয়পুরহাট

মনের বাক্স
প্রিয় পাঠক
আপনার মনের না-বলা যেকোনো কথা বা স্বীকারোক্তি বলে ফেলুন অধুনার ‘মনের বাক্স’ বিভাগে। ফেসবুক, ই-মেইল বা চিঠি লিখে জানাতে পারেন মনের কথা।

লেখা পাঠানোর ঠিকানা
অধুনা, প্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা ১২১৫।
ই-মেইল: [email protected] ফেসবুক: facebook.com/adhuna.PA
খামের ওপর ও ই-মেইলের subject-এ লিখুন ‘মনের বাক্স’