মনের বাক্স

অপেক্ষায় থাকব
শীতের রাতের জীর্ণতা শেষ করে, পৃথিবী যখন আড়মোড়া ভেঙে নিজেকে জাগিয়ে তোলে, সারা রাতের তিল তিল করে জমানো বিন্দু বিন্দু জল বুকে ধারণ করে মলিন দূর্বাগুলো সোনালি আলোয় চিকচিক করবে বলে অধীর অপেক্ষায়—ঠিক তখনই নিশাথের ভীরু পায়ে হেঁটে যাওয়ার দৃশ্য না দেখলে যেন আমার দিনটাই মিছে। সকালে ঘুম থেকে তাড়াতাড়ি না ওঠার অভ্যাস থাকলেও নিশাথের কথা মনে পড়তেই আমি আর বিছানায় থাকতে পারিনি। প্রতিদিন নতুন নতুন কথা আর সাহস নিয়ে বলার চেষ্টা করেছি, ‘সারা পৃথিবী সাক্ষী নিশাথ, আমি তোমাকে অনেক ভালোবাসি।’ কিন্তু নিশাথ যেন সব বুঝেও না বোঝার ভান করে আমাকে শুধু অপেক্ষায় রাখতেই পছন্দ করেছে। প্রতিদিন বিকেলে ঝালমুড়ি খাওয়ার বাহানায় নিশাথের বাসার কাছে গিয়ে দাঁড়িয়ে থেকেছি ঘণ্টার পর ঘণ্টা। স্কুল থেকে ফেরার সময় মাঝে মাঝে আমার দিকে তাকিয়ে একটু হাসলেই যেন সারা পৃথিবী আমার কাছে ধরা দিত নিমেষেই।
২০১২ থেকে ২০১৪ সাল পর্যন্ত আমি নিশাথের ভালোবাসা আর একটু করুণার জন্য অধীর আগ্রহে পার করেছি দিন-রাত। কিন্তু বুঝিনি তার হৃদয় কী চায়? অবশেষে বাবার সঙ্গে ঢাকা এলাম। ছেড়ে এলাম নিশাথের গ্রাম। কতবার যে যোগাযোগ করার চেষ্টা করেছি তাঁর বোধ হয় ইয়ত্তা নেই। কিন্তু নিশাথের কী যে ইচ্ছে তা জানতে পারলাম না কখনোই। আমি আজও কোনো মেয়ের চোখের দিকে তাকাতে পারি না। নিশাথ, আমি আজও স্বপ্ন দেখি একদিন ব্যস্ত রাজপথ পেরিয়ে তুমি ধরবে আমার হাত। আর আমি বোকার মতো তোমার পাশাপাশি হাঁটতে হাঁটতে বলব, ‘নিশাথ, আমি তোমাকে অনেক ভালোবাসি।’ আমার কী অপরাধ তুমি যদি একবার বলতে তাহলে আমার জীবনকে আমি সম্পূর্ণ পরিবর্তন করে ফেলতাম। আমি আজও তোমাকে আগের মতোই ভালোবাসি আর সারা জীবন আমি তোমাকেই ভালোবাসব ও অপেক্ষায় থাকব। এই ঢাকা শহরের কংক্রিটের চার দেয়ালের মাঝে বন্দী মানুষগুলো আজ মনে হয় হৃদয়হীন হয়ে গেছে। চোখ মেললেই বিলবোর্ডে ঘেরা শহর।
শাকিল ফারহান, ঝিনাইদহ
কেমন আছিস ভাইয়া?
কেমন আছিস ভাইয়া? আজ তোকে অনেক মিস করছি। এবার ছুটিতে তুই অনেক দিন বাসায় ছিলি। তখন কত মজা করেছিলাম আর কত ঝগড়া। আজ আমি ঝগড়াটাই খুব মিস করছি। তুই আর আমি একদম বন্ধুর মতো। মনেই হয় না তুই যে আমার পাঁচ বছরের বড়। ভাইয়া, তুই তো জানিস তোকে ছাড়া আমি আর কাউকে সবকিছু শেয়ার করতে পারি না। আর সবাই আমার কথা বোঝেও না। এবার অনেক কথা জমে আছে তুই এলে সব বলব। মনে আছে ভাইয়া, তুই যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছিলি তখন আমি খুশিতে কেঁদেই ফেলেছিলাম। মনে হয়েছিল আমিই সেই সুযোগ পেয়েছি। ওই দিন তোকে এত খুশি দেখে ভাইয়া, আমার মনে হয়েছিল এটা আমার জীবনের সবচেয়ে আনন্দের দিন। আর মনে আছে ভাইয়া, তুই আর আমি এক সাথে ভবিষ্যৎ নিয়ে কত স্বপ্ন দেখি। তোকে একটা কথা কখনো বলা হয়নি, ভাইয়া। আজ বলছি, ভাইয়া আমি তোকে খুব ভালোবাসি।
ইতি
লাইকা ইসরাত তরফদার
যেখানে ছিলে সেখানেই আছ
স্কুল বিতর্ক প্রতিযোগিতার দলনেত্রী ছিলাম আমি। তুমি ছিলে প্রতিপক্ষ স্কুলের ছাত্র ও দর্শক। উপজেলায় অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে তুমি আমার পিছু নিলে। ঘরের পেছনের জানালার দিকে তাকাতেই দুজনের চোখাচোখি হলো। এরপর কীভাবে কেমন করে যেন আমরা দুজন ভালোবাসায় জড়িয়ে পড়লাম। তুমি তখন নবম শ্রেণিতে আর আমি অষ্টম শ্রেণিতে। তিন বছরের প্রেমের সমাপ্তি হলো আমার বিয়ের মাধ্যমে। তোমার চোখের সামনেই।
এরপর অনেকটা বছর পেরিয়ে গেছে। শুনেছি, আমার বিরহে তুমি পাগলপ্রায় ছিলে। বিয়ের রাতে তুমি অনুষ্ঠানস্থলের আশপাশেই ছিলে। এরপর তো তোমার এইচএসসির ফল খারাপ হয়েছিল। দীর্ঘ এক যুগ পর আবার আমরা মুখোমুখি, তবে যে যার বিবাহিত জীবনে বন্দী।
আমি আবার নতুন করে তোমাকে নিয়ে ভাবতে শুরু করেছি। এবার আগের চেয়ে অনেক বেশি। শুনেছি, অসুখী হলে নাকি প্রিয়জনের শূন্যতা বেশি কষ্ট দেয়। তোমার শূন্যতা আমার আপাদমস্তক বয়ে যায়। আমার নিশ্বাস নিতেও যেন কষ্ট হয়। শেষবার আমার ঘনিষ্ঠ বন্ধুর প্রশ্নোত্তরে তুমি বলেছিলে, আমি তোমার হৃদয়ের যেখানে ছিলাম, আজও ঠিক সেখানেই আছি। আজ আমিও বলতে চাই, তুমিও আমার যেখানে ছিলে ঠিক সেখানেই আছ।
নীলাঞ্জনা
কেরানীগঞ্জ।
অদিতির কান্না...!
চার-পাঁচ দিন ধরে আমার প্রচণ্ড জ্বর। বিছানা থেকে উঠতে পারি না। এই কষ্টের মধ্যেও আমার চোখ দুটি খোলা থাকে। ডায়েরির ভাঁজে চ্যাপ্টা দুটি লাল গোলাপ আমার দিকে চেয়ে থাকে। আমিও তাদের সঙ্গে কথা বলি। গোলাপের শুকিয়ে যাওয়া ডাঁটায় হাত দিলে একটা কোমল হাতের স্পর্শ অনুভব করি। যা আমাকে জাগিয়ে রাখে। কারণ হাতটা আমার চেনা। অসুস্থতার দিনগুলোয় একটা ছোট পুতুল বালিশের পাশে নিয়ে ঘুমাই। একটু পরপর দেখি সে চোখ টিপে টিপে আমাকে দেখছে। আমিও ঝাপসা চোখে চেয়ে থাকি। সেদিন সকালেও অদিতির ফোন আসে সপ্তাহের অন্য দিনগুলোর মতোই। আমার খোঁজ নেয়। কিন্তু অদিতি আমাকে দেখতে আসে না। অথচ এই অদিতি আমাকে এক দিন না দেখে বাড়িতে থাকতে পারত না। হুটহাট বাড়িতে চলে আসত। সে বলত, ‘তোমাকে খুব দেখতে ইচ্ছে করছে, তাই চলে এলাম। তোমার রুমটা তো ভারি সুন্দর। এমন সুন্দর সাজিয়ে রাখো।’
আমার তখন একটাই কথা, ‘তাহলে থেকে যাও।’
আরও কাছে এসে বসে অদিতি। ‘আমি তো থাকতেই চাই, তুমিই তো রাখো না।’
আবার পিছিয়ে আসি। একটা চাকরি হোক, তারপর দেখো...।
এতটুকু কথাতেই অদিতি খুশি হয়ে যেত। আমার বাড়িতেও সবাইকে সে আপন করে নিল খুব দ্রুত। আমার মাকে সে-ও মা ডাকত। যেটুকু সময় বাইরে থাকতাম, সারা দিনে কত যে ফোন করত। ওর যখন ফোন ছিল না, অন্য কারও মোবাইল পেলেও ফোন দিত। একদিন কোনো কাজে ব্যস্ত ছিলাম। দিন শেষে সন্ধ্যায় যখন ফোন দিলাম, সেকি কান্না। আমাদের সম্পর্কের দুই বছরে তাকে নিয়ে মোট চারটি ডায়েরি লিখেছি। সেগুলো পড়ে অদিতি অবাক হতো। আমি যখন মাস্টার্সে পড়ি, তখন অদিতির সঙ্গে আমার সম্পর্ক হয়। সে তখন কলেজের ছাত্রী। কত মজার স্মৃতি আমাদের। ঈদের সময়েই জ্বরে পড়ি। তাই টিউশনির টাকায় কেনা শাড়িটাও তাঁকে দেওয়া হয়নি। দেখতে না আসায় একটু অভিমান হলেও জ্বর থেকে উঠেই তাকে শাড়িটা দিয়ে চমকে দিতে চেয়েছিলাম। অথচ চমকে গেলাম নিজেই।
আমি যেদিন সুস্থ হয়ে অদিতিকে দেখতে যাব, সেদিনই শুনলাম ওর বিয়ে হয়ে গেছে। আমার জ্বরের মধ্যেই। অথচ বিয়ের দিনও অদিতি আমার খোঁজ নিয়েছে। অথচ একবারও বলেনি আজ তাঁর বিয়ে! পরিবারের ইচ্ছায় আমাকে ছেড়ে দূরে চলে গেছে অদিতি। শাড়িটা পানিতে ফেলে দিলাম রাতেই। মুহূর্তেই পুরো পৃথিবীটা ফাঁকা হয়ে গেল। মনে হলো আমি মরে যাচ্ছি। আর দূরে কুয়াশার ভেতরে আমাকে কেউ ডাকছে। এখন আমি একটি ব্যাংকে চাকরি করি। যে চাকরি পেয়ে অদিতিকে ঘরে আনতে চেয়েছিলাম। কিন্তু আমার চারপাশটা ফাঁকা মনে হয় আজকাল। মনে হয় কেউ আমার পাশে নেই। বিয়ের পর একবার দেখা হয়েছিল অদিতির সঙ্গে। আমাকে জড়িয়ে ধরে তাঁর সেকি কান্না। আমিও কি কাঁদিনি?
মো. শাহিন
কুষ্টিয়া
পথ ভুলে এসেছিলে
যখন তোমার সঙ্গে আমার ভালোবাসা হয়েছিল, তখন মনে হয়েছিল আমি ছাড়া তোমার পৃথিবীতে আর কেউ নেই। কিন্তু আজ মনে হয় তোমার পৃথিবীতে সব আছে শুধু আমি নেই। তখন বুঝিনি অচিনপুরের নিস্তব্ধ পথের পথিক ছিলে, পথ ভুলে এসেছিলে।
সোনা পাখি
সাতক্ষীরা
পাব না জেনেও ভালোবাসি
‘জানিস, আমি জিলাপি একদমই খাই না। কিন্তু সেদিন যখন তুই একটা টুকরো আমার দিকে এগিয়ে দিয়ে বললি—‘হাঁ কর’!
ঠিক সেই মুহূর্তে আমার মনে হয়েছে, এই টুকরো যদি আমি না খাই তাহলে পৃথিবীর অমৃত স্বাদটুকু মিস করব।
তাই তো খেয়ে নিলাম, মিস করতে চাইনি।
হয়তো ব্যাপারটা তোর মাথাতেই নেই, বেমালুম ভুলে গেছিস।
কারণ তুই তো জানতিই না যে আমি তোকে ভালোবাসি। এখন অবশ্য জেনে গেছিস কিন্তু মেনে নিসনি। বন্ধুত্বের দোহাই দিয়ে আটকে দিলি আমাকে।
সামলে নিয়েছি নিজেকে। ভালোবাসার বিনিময়ে ভালোবাসা নাই-বা পেলাম, তাতে কী? আমি তো তোকে ভালোবাসি। পাব না জেনেও ভালোবাসি।
তৃপ্তি
সিলেট
মনের বাক্স
প্রিয় পাঠক
আপনার মনের না-বলা যেকোনো কথা বা স্বীকারোক্তি বলে ফেলুন অধুনার ‘মনের বাক্স’ বিভাগে। ফেসবুক, ই-মেইল বা চিঠি লিখে জানাতে পারেন মনের কথা।
লেখা পাঠানোর ঠিকানা:
অধুনা, প্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫। ই-মেইল: [email protected] ফেসবুক: facebook.com/adhuna.PA খামের ওপর ও ই-মেইলের subject-এ লিখুন ‘মনের বাক্স’