মনের বাক্স

অনেক মনে পড়ে তোমাকে
অজানা-অচেনা মেয়ে ছিলে তুমি। তারপর হয়ে গেলে আমার জীবন। কতই না সুন্দর ছিল তোমার সঙ্গে কাটানো মুহূর্তগুলো। যা আমি হাজার চেষ্টা করেও ভুলতে পারি না। সামান্য একটা ভুলের কারণে আমাকে ছেড়ে চলে গেলে। একবারও কি আমার কথা মনে পড়ে না। নাকি মনে করতে চাও না। সেদিন তুমি আমাকে বিশ্বাস না করে তোমার বন্ধুদের কথা বিশ্বাস করলে আর আমাকে ছেড়ে গেলে। একবারও আমাকে বোঝার চেষ্টা করলে না। এখনো তোমার জন্য অপেক্ষা করছি। যদি কোনো দিন ভুল ভেঙে আমার কাছে আসো, অনেক ভালোবাসব তোমাকে। অনেক মিস করছি তোমায় পায়রা।
আশিক
দিনাজপুর।
আর পারছি না
এভাবে আর কয় দিন বেঁচে থাকব। যে জীবনে তুমি নেই! তুমি চলে যাওয়ার পর বুঝলাম শূন্যতা কত কষ্টের। চারদিকে শুধু হাহাকার।
জীবন তো তার মতো চলছে। কিন্তু তার প্রতিটা মুহূর্তু যদি হয় বিষাদময়, তাকে কি জীবন বলে? সারাক্ষণ শুধু তোমার কথাই মনে পড়ে। তুমি এত কাছাকাছি, তবুও কত দূরে। কোনো রকম যোগাযোগ নেই তোমার সঙ্গে। তোমাকে ছাড়া আর থাকতে পারছি না। সবকিছু ধোঁয়াশা হয়ে যাচ্ছে। আর পারছি না, দম বন্ধ হয়ে আসছে। ফিরে এসো, তুমি ছাড়া বড় একা আমি।
অনেক ভালোবাসি তোমায়, অনেক অনেক ভালোবাসি।
মাহিদুল ইসলাম
তোকে অনেক ভালোবাসিরে...
জানি তুইও আমায় পাগলের মতো ভালোবাসিস। জানিস তোর পাগলামিগুলো আমায় খুব আনন্দ দেয়। তুই মাঝেমধ্যে এমন করিস কেন বল তো? আমায় কষ্ট দিতে খুব ভালো লাগে তোর? বারবার প্রমিজ করিস যে কষ্ট দিবি না, কিন্তু কষ্ট দিয়ে ফেলিস। হয়তো না বুঝে কষ্ট দিস। তোকেও আমি একটা সময় অনেক কষ্ট দিয়েছি। তুই মুখ বুজে সব সহ্য করেছিস। কারণ তুই আমার দেওয়া কষ্ট সহ্য করতে পারিস। কিন্তু আমি যে তোর দেওয়া কষ্ট সহ্য করতে পারি না। তুই যখন আমায় পাগলি, মহারানি বলে ডাকিস, তখন আমার খুব ভালো লাগে। আর তুই আমার মুখ থেকে এই বাবু ডাকটা বারবার শুনতে চাস। শোন, আমাদের মহাসাগরের সমান ভালোবাসায় সামান্য কষ্ট মানায় না। তাই আমরা সব দুঃখ-কষ্ট, মান-অভিমান ঝেড়ে ফেলে একসঙ্গে পথ চলতে শুরু করি।
ইতি
তোর পাগলি
তুমি নিষেধ করেছিলে
লাল গোলাপের শুভেচ্ছা নিয়ো। কেমন আছো তুমি? আশা করছি অনেক অনেক ভালো আছো। দেখতে দেখতে দিন-সপ্তাহ-পক্ষ-মাস ও বছর পেরিয়ে গেল আমাদের সম্পর্কের অথচ হাতে গোনা মাত্র কয়েকটা দিন কথা হয়েছিল আমাদের। তারপরই দুর্ভাগ্যের মতো কালবৈশাখী ঝড় এসে সবকিছু তছনছ করে দিয়ে গেল। তোমার মনে আছে নিশ্চয়, আমাদের পরিচয় হয়েছিল ফেসবুকে, গত ১ ফেব্রুয়ারি, ২০১৪ তারিখে। তারপর ভালো লাগা, নম্বর বিনিময়, অবশেষে প্রেম। কিন্তু তোমার-আমার এই সম্পর্কের কথা তোমাদের পরিবার জেনে যায়। সবকিছু এলোমেলো হয়ে যায়। জানো, তোমার ভাইয়া আমায় হুমকিও দিয়েছিল। বলেছিল, আর কখনো যদি তোমার নম্বরে ফোন–এসএমএস দিই, তাহলে তোমায় মেরে ফেলবে। কিন্তু একি কখনো সম্ভব? দুনিয়ার কোনো কিছুর বিনিময়েও আমি তোমায় হারাতে পারব না।
প্রয়োজনে নিজেকে শেষ করে দেব, তবুও তোমায় হারানোর কথা কল্পনাও করতে পারব না। আমি অনেকবার ফেনীতে যাওয়ার চেষ্টা করেছিলাম; কিন্তু দুর্ভাগ্য এখানেও হানা দিয়েছে, তাই যেতে পারিনি। আমি তোমায় অনেক অনেক ভালোবাসি।
জানি না এখন কোথায় আছো, কেমন আছো। কী ছিল আমার অপরাধ, যার কারণে তুমি এভাবে আমায় একা ফেলে চলে গেলে? আজও জানতে পারলাম না তুমি বেঁচে আছো নাকি পরপারে পাড়ি জমিয়েছ!
সর্বশেষ ২০১৪ সালের ১৩ সেপ্টেম্বর আমাদের কথা হয়। সেদিনই তুমি শেষবিদায় নিয়ে চলে গেলে। সেই যে চলে গেলে আর ফিরে এলে না।
তোমার ফেসবুক ইনবক্সে কত মেসেজ পাঠিয়েছি একটিবারও দেখতে আসোনি। তাই বাধ্য হয়ে ২০১৫ সালের ২৮ মার্চ তারিখে একটি দৈনিক পত্রিকায় একটা বিজ্ঞাপন দিই, যাতে তুমি কিংবা তোমার পরিচিত কারও নজরে পড়ে। কিন্তু বিধিবাম। এতেও কোনো কাজ হলো না।
তুমি এলে না। তুমি নিষেধ করেছিলে বলে একটিবারও তোমার নম্বরে ফোন দিইনি। কেননা, আমি কখনো চাইতাম না আমার জন্য তোমার কোনো ক্ষতি হোক।
তোমার কাছে একটা অনুরোধ, অন্তত একটিবারের জন্য হলেও ফেসবুকে আসো। শুধু একটিবার আমায় দেখা দিয়ে যাও প্লিজ।
আমি এখনো তোমায় অনেক ভালোবাসি, অনেক। সারা জীবন ভালোবেসেই যাব।
রাকিবুল
সিরাজগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট।
মনের বাক্স
লেখা পাঠানোর ঠিকানা:
অধুনা, প্রথম আলো, সিএ ভবন
১০০ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ই-মেইল: [email protected] ফেসবুক: facebook.com/adhuna.PA
খামের ওপর ও ই-মেইলের subject-এ লিখুন ‘মনের বাক্স’