মনের বাক্স

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিস করছি তোমাদের
আমি এখন ক্লাস এইটে পড়ি। মেসে থাকি। মা-বাবাকে ছেড়ে জীবনে প্রথম থাকছি। আগে ছিলাম, তবে আত্মীয়ের বাড়িতে। তবে মেসে থাকার অভিজ্ঞতা এবার প্রথম। মা-বাবা ফোন দিলে অনেক কথা বলি। তবে একটা কথাই মনে থেকে যায়, যেটা আমি বলতে পারি না। সেই কথাটা হলো আমি তোমাদের অনেক মিস করছি, তোমাদের ছেড়ে থাকতে মন চাইছে না। মনে মনে অনেক কষ্ট অনুভব করি, কিন্তু মা-বাবাকে বলতে পারি না। জানি না কেন বলতে পারি না, হয়তো লজ্জা লাগে।
মো. সিদরাতুল

তোমাকে ভুলতে পারি না...
তোমাকে কত দিন ধরে দেখি না। এই অদেখায় তোমাকে খুব মনে পড়ে। এই তো সেদিন বৃষ্টি হয়ে গেল, বৃষ্টির প্রতিটা ফোঁটা যেন আমায় ডাকে তোমার কাছে। কিন্তু দেখ আমার কী দুর্ভাগ্য, তুমি আর আমার নেই। বাইরে বৃষ্টি হয় আর আমার মনের ভেতরে তোমাকে নিয়ে ঝড় ওঠে।
নাঈম
মধুপুর, টাঙ্গাইল।

ভালোবেসে কী ভুলে থাকা যায়?
বহুদিন তোমায় দেখি না। খুঁজে খুঁজে ক্লান্ত আমি, তবুও দেখা পাই না। হয়তো ভাবছ, তোমায় ভুলে গেছি। ভালোবেসে কী ভুলে থাকা যায়? আর আমাদের ভালোবাসাটা অতটা নমনীয় কাচের টুকরো ছিল না যে ঠুনকো আঘাতে ভেঙে চুরমার হয়ে যাবে। সাত-সাতটি বছর আমরা একে অপরের পরানের পরান ছিলাম। কিন্তু হঠাৎ তুমি। থাক ওসব কথা। ভাবলে বুকের নষ্ট ব্যথাটা মোচড় দিয়ে ওঠে। জ্বলে জ্বলে আজ ছারখার হয়ে গেছে বুকের জমিন। আমি আজ মরে মরে বেঁচে আছি, তোমাকে একই অনলে জ্বলাতে চাই না বলে দূরে থাকি...
প্রিয় আমার,
বিধাতাই জানেন, তোমায় আর পাব কি পাব না। তোমায় খুব বেশি দেখতে ইচ্ছা করছে, মন কেঁদে কেঁদে মরছে, থেকে থেকেই মাথা ধরছে, দুই দিন ধরে অসুস্থ, তোমায় দেখতে আসার ইচ্ছা থাকলেও আসতে পারলাম না।
ভালো থেকো...
তোমারই জন্য নিবেদিতপ্রাণ
আপন রহমান
গোলনা, ডুমুরিয়া, খুলনা।

আমার হৃদয়ে দাবানল সৃষ্টি করেছ
গত এগারোটা বছর তোমার সঙ্গে আমার আজ পর্যন্ত কোনো কথা হয়নি। তোমার সঙ্গে মুখ ফুটে কখনো কথাও বলিনি। আসলে সাহসে কুলায়নি। আমার ছোট্ট বুকে অত সাহস নেই। তুমি আমার হৃদয়ে দাবানল সৃষ্টি করেছ। সেই দাবানলের তীব্র হিংস্রতা আমার হৃদয় জ্বালিয়েছে। পুড়িয়েছে। সেই হৃদয় আজও জ্বলন্ত। সেই হৃদয় আজও পোড়া। পোড়া হৃদয় থেকে আজও গন্ধ বেরোয়। কিন্তু সেই গন্ধ তোমার নাক অবধি পৌঁছায় না।
মাঝেমধ্যে মনে হয় তুমি একসময় স্বর্গের পরি ছিলে! স্বর্গ থেকে এসেছ পৃথিবীতে! আর তোমার সেই পাপের প্রায়শ্চিত্ত যেন আমাকেই করতে হচ্ছে। এগারো বছর ধরে!
ক্ষমা করো।
মো. বেলাল হোসেন
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট।


আমি খুব ‘সরি’ আম্মু

আমার জীবনের সব সফলতার মূলে শুধু তোমারই অবদান, আম্মু। তুমি আমার অণুপ্রেরণা, আমার ‘জীবন’ নামক পথের নিত্যসঙ্গী। আমি জানি, জীবনে আমার যত ঝড়ই আসুক না কেন তুমি আমার পাশেই থাকবে। আমার যেকোনো সফলতায় সবচেয়ে বেশি খুশি হও তুমি। আমাকে জীবনযুদ্ধে লড়াই করে জয়ী হতে শিখিয়েছ তুমি।
মাঝেমধ্যে অকারণেই রাগ করি তোমার সঙ্গে। তুমি যখন কষ্ট পেয়ে বলো ‘আমি মরে গেলে বুঝতে পারবি তুই জীবন থেকে কী হারিয়েছিস’, আমি তখন কিছু বলতে পারি না। আমি তো জানি, আমার জীবনের শ্রেষ্ঠ সম্পদ তুমি। তোমাকে হারালে তো আমি এত বড় দুনিয়ায় একা হয়ে যাব। আমি খুব ‘সরি’ আম্মু। তোমাকে আর কখনো কষ্ট দেব না। তুমি আমার পাশে না থাকলে কি আমার এত দূর আসা হতো? আমার জীবনের সব অর্জন তোমার, আম্মু। আমি তোমাকে খুব ভালোবাসি।
হুমায়রা বিনতে জামান
হলি চাইল্ড কলেজ, উত্তরা।

লেখা পাঠানোর ঠিকানা:
অধুনা, প্রথম আলো, সিএ ভবন
১০০ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ই-মেইল: [email protected] ফেসবুক: facebook.com/adhuna.PA
খামের ওপর ও ই-মেইলের subject-এ লিখুন ‘মনের বাক্স’