মনের বাক্স

‘ভুলতে পারব না তোমায়’
তুমি হঠাৎ করেই আমার জীবনে এসেছিলে। কিন্তু আমি কখনো ভাবিওনি যে তোমার এই আগমন আমার মনকে শিহরিত করবে। আমার মনে ভালোবাসার অনুভূতি সৃষ্টি করবে।
সব সময় প্রতিটি কাজে তুমিই এগিয়ে ছিলে। আমি তোমার কাছেই শিখেছি ভালোবাসার মানে। শিখেছি কী করে প্রেমের তাজমহল গড়তে হয়। কিন্তু হঠাৎ করেই আমার যে কী হলো, তা আমিও বুঝতে পারিনি। তুমি বিশ্বাস করো, আমি আসলে ওভাবে বলতে চাইনি। আসলে তোমায় অনেক বেশি ভালোবাসি তো, তাই সে বিষয়গুলো সহজভাবে নিতে পারিনি। আমি তোমাকে বসন্তের কোকিলের মতো ভালোবাসতে চাইনি, আমি তো তোমাকে ভালোবাসতে চেয়েছিলাম জনম জনম অপেক্ষমাণ চাতকের মতো। তুমিহীনা আমার জীবনটা যেন একদম থেমে গেছে। ভোরের শীতল বাতাসে গাছের শুভ্র পাতা যেমন ঝরে পড়ে, তোমাকে মিস করতে করতে হয়তো সেভাবে আমিও একদিন ঝরে যাব। কখনোই ভুলতে পারব না তোমায়। প্লিজ, ফিরে এসো।
জাকারিয়া বিপুল
শেরপুর

অব্যক্ত কথা...
তোমাকে আগে কখনো দেখিনি। তোমার বড় আপুর বিয়ের অনুষ্ঠানে প্রথম পরিচয়। তোমাকে দেখার পর আমার কৌতূহল বেড়ে গিয়েছিল বহু গুণে। তোমার প্রতি আমার আবেগ তৈরি হয়েছিল, তৈরি হয়েছিল আকর্ষণ। যদিও-বা এটি আমার ঠিক ছিল না; কারণ তুমি ছিলে আমার বন্ধুর ছোট বোন। তুমি যখন লাল শাড়ি পরেছিলে, তোমাকে যে কী পরিমাণ ভালো লেগেছিল! সে কথাটি বোঝাতে পারব না। অল্প সময়েই আমার চেতনায় তোমাকে স্থান দিই। তোমাকে দেখার পর শুধু ফোনেই তোমার সঙ্গে কথোপকথন, আর দেখা হয়নি। আলাপচারিতার মাঝে আমার দুর্বলতা যেন আরও বেড়ে যায়। আমি জানি না, কেন এমন হয়? তুমি আমায় বলেছিলে, কিসের জন্য আপনার সঙ্গে কথা বলব? হ্যাঁ আসলেই! তুমি কী স্বার্থে আমার সঙ্গে কথা বলবে? তবে তুমি বলতে আপনাকেও আমার ফোন দিতে ভালো লাগে। তাহলে কি আমি বুঝব এটি নিউটনের তৃতীয় সূত্রের মতো!!! আমার কথাগুলো হয়তো-বা সাজিয়ে বলা হবে না কখনো, দেখা না-ও হতে পারে কোনো দিন? কিন্তু ওই স্মৃতিগুলো মুছব কী করে। বলতে চাইলেই তো আর সবকিছু বলা যায় না...কিসের স্বার্থে বলব???
মো. আখতারুজ্জামান রশীদ
ঢাকা কলেজ, ঢাকা।
সবকিছুর ওপর মানুষের বিবেক
সবকিছুই সময়ের পরিবর্তন, বিশ্বাসভাঙা বলতে কিছু নেই। সময় সবাইকে, সবকিছুকে বদলে দেয়। সময়ের বিবর্তনে সব মানুষই পরিবর্তন হতে বাধ্য। আর আমরা যাকে বিশ্বাসভাঙা বলি, সেটাও সেই ব্যক্তির পরিবর্তন। আপনার মতামতের সঙ্গে আমার মতামত যে পুরোপুরি মিলবে না, তা আপনাকে আমাকে আমাদের সবাইকেই মানতে হবে। আমরা যেমন আলাদা ব্যক্তি, তেমনি আমাদের চিন্তাধারাও ভিন্ন হওয়াটাই স্বাভাবিক। এই দিক থেকে আপনার আমার যা বিশ্বাসঘাতকতা বলে মনে হয়, তা হয়তো সেই ব্যক্তির চিন্তাধারা থেকে সঠিক কাজ। এ ক্ষেত্রে দেখা যায়, আমরা নিজেরাও অনেকের কাছে বিশ্বাসঘাতক। তবে নিজের স্বার্থের জন্য মানুষ প্রায়ই এই কাজ করে থাকে। কারণ, মানুষ নিজের স্বার্থটাকে সবকিছুর ওপরে প্রতিষ্ঠিত করতে চায়। আমরা সবাই এই দলের অন্তর্ভুক্ত, তাই কাউকে স্বার্থপর বা বিশ্বাসঘাতক বলার আগে আমাদের অবশ্যই তাদের দিক থেকে ব্যাপারটা কীরূপ, তা ভেবে দেখা উচিত। নয়তো একতরফা বিচার বলতে যা বোঝায়, তা-ই হবে। আর তা অবশ্যই অন্যায়। সবকিছুর ওপর মানুষের বিবেক। কেউ যদি ইচ্ছাকৃতভাবে অন্যায় কাজ করে, তাহলে তা বিবেকের কাছে সে সব সময় অপরাধী। আর বিবেকের দেওয়া সাজা পৃথিবীর সবচেয়ে কঠিন সাজা। কারণ, মানুষের বিবেকই হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠতম আদালত।
রাকিবুল ইসলাম
মুক্তাগাছা, ময়মনসিংহ

কেন বলতে চাও না?
আমি জানি, আমি জানি তুমি আমাকে আড়াল থেকে অনেক ভালোবাসো। কিন্তু তুমি আমাকে বলতে পারো না, আমিও তোমাকে বলতে পারব না। কারণ, তোমার-আমার মাঝখানে মাধ্যাকর্ষণ শক্তি অপেক্ষা অধিক বড় বাধা রয়েছে। একমাত্র তুমিই পারো সে বাধা অতিক্রম করে আমার কাছে ফিরে আসতে। তোমার প্রতিবাদী ভাষাই আমাকে বলেছে তোমার ভালো লাগার কথা।
এস এন তোবান
নেত্রকোনা
কাছে চাই তোমায় সব সময়
জীবনটা হঠাৎ এভাবে মোড় নেবে, তা কখনোই ভাবিনি। ভালোই তো ছিলাম আমরা দুজন একসঙ্গে। যদিও দূরত্ব নামের শব্দটা সর্বদা বিরাজ করত আমাদের মাঝে। তবু নিজেদের জগতে সুখী ছিলাম। কিন্তু হঠাৎ এক ঝড় এল, যা তোমাকে কাছে পাওয়ার প্রতিটা দরজা একে একে বন্ধ করে দিচ্ছে আমার জন্য। জানি না, এ দুর্দিনের শেষ কবে হবে আর কীই-বা লেখা আছে আগামী দিনগুলোতে। প্রতিটা রাতে পড়ার টেবিলে যখন বসি, তোমার কথাই শুধু মাথায় ঘোরে আর চোখের পানিতে ভিজতে থাকে বইয়ের একেকটা পাতা। কারণ, এতটা বছর ধরে তো সারা দিন এই সময়েরই অপেক্ষায় থাকতাম তোমার সঙ্গে কথা বলার জন্য। প্রতিটা রাতকে কত রঙিনই না করেছি ঘণ্টার পর ঘণ্টা তোমার সঙ্গে কথা বলে। কিন্তু এখন আমার রাতগুলোয় বিরাজ করে শুধু অন্ধকার আর তুমি শুধু আমার কল্পনাতেই। কল্পনার জগতে যতটা কাছে টানছি তোমায়, বাস্তবে ততটাই দূরে সরে যাচ্ছ ধীরে ধীরে। জানি, তুমি আমার জন্য অনেক অপেক্ষা করো, অনেক কষ্ট পাও। কিন্তু আমার সীমাবদ্ধতা থেকে বেরিয়ে পারছি না আমি তোমার কাছে আসতে, তোমাকে আনন্দ দিতে। তবে আমি শিগগিরই তোমার কাছে ফিরে আসব, জান। অপেক্ষায় থেকো আর এভাবেই আমাকে সব সময় ভালোবেসে যেয়ো।
আনিকা