মনের বাক্স

জোছনামাখা হাসি
প্রথম যেদিন ভাইয়ার কাছে প্রাইভেট পড়তে গিয়ে তোমার ওই মায়াভরা হাসিটা দেখি, সেদিনই তোমার হাসির মাঝে আমি আমাকে হারিয়েছি। মনে হয়েছিল এত সুন্দরভাবে কোনো মানুষ হাসতে পারে নাকি? তোমার হাস্যোজ্জ্বল মুখটা দেখতে আমার ভীষণ ভালো লাগত। এখন তুমি অনেকটাই দূরে। তবু মনে হয় তোমার হাসিটা আমার কানে বাজে। নূপুরের মিষ্টি ঝংকারের মতো তোমার হাসিটা আমার হৃদয়ে ঢেউ তোলে। তোমার হাসিটা শান্তি বয়ে আনে আমার হৃদয়ে।
তোমার মুখে যখন আঁধার দেখি তখন মনে হয় যেন আমার পৃথিবীতে অমাবস্যা নেমেছে। ঘন কালো মেঘে ছেয়ে যায় আমার পৃথিবী। তখন তোমার মুখে আলো ফেরানোর জন্য ব্যস্ত হয়ে ওঠে মনটা। তোমার মুখের আঁধার যখন কাটে, তখন নিজেকে খুব সুখী মনে হয়। ভীষণ ভালো লাগে যখন দেখি তুমি হাসিখুশি আছো। তোমার ওই হাসির জন্য আমি আমার সবকিছু বাজি রাখতে রাজি। তোমার জোছনামাখা ওই হাসিটা যেন কখনো মলিন না হয়। অন্তত আমার জন্য হলেও, বুঝলি পাগলি...
শাহরিয়ার
কুষ্টিয়া।
সাইকেল ও সে
১৯৯০ সাল। নীলফামারী সরকারি কলেজে পড়াশোনা। পাশের গ্রামে টিউশনি করতাম। সেখান থেকে ফেরার সময় তোমার সঙ্গে দেখা। গার্লস স্কুলে তুমি তখন দশম শ্রেণিতে পড়তে। তোমার মুখে ছিল হাসির বন্যা। তোমায় দেখে সাইকেল চালানো এলোমেলো হয়ে কখনো গর্তে পড়ি তো কখনো পথের পাশে। একবার সাইকেলের চেইন পড়লে থেমে গেছি। সেই চেইন তুলতে গিয়ে হাতে, নাকে, মুখে, প্যান্টে কালিতে একাকার। আমাকে এই অবস্থায় দেখে তোমার সে কী হাসি! এভাবে সাইকেলে ওঠানামা করতে করতে তার স্কুল পর্যন্ত প্রায় ৪৫ মিনিট পথ পাড়ি দিতাম। এভাবেই একসময় তোমার মনে অনুপ্রবেশ, যা আজও দেহের নানা অর্গানে দিব্যি চষে বেড়াচ্ছে। তাই যখন পৃথিবী ঘুমায়, তারারা ঝিলমিল আলোর বাসর সাজায়, তখন তাকে বড্ড মনে পড়ে। আমার বেসুরো গলায় বেরিয়ে আসে—এই লভিনু সঙ্গ তব, সুন্দর হে সুন্দর!
পুণ্য হলো অঙ্গ মম, ধন্য হলো অন্তর...।
মুন
শাহজাহানপুর, বগুড়া।
কষ্ট পাওয়াটা দুঃখের না
প্রতিদিন হাজার হাজার কথামালা সাজিয়ে রাখি তোমাকে বলব বলে। কিন্তু দেখ, আজ আমার কথাগুলো শোনার মতো সময় আর ইচ্ছা কোনোটাই তোমার নেই। তারপরও থাকতে পারি না তোমায় না ভেবে, কিছুতেই সরাতে পারি না তোমাকে এই মন থেকে। এই ছোট্ট হৃদয়ের সবটা জুড়েই তুমি আছো। চোখের পাপড়ি যেমন যত্ন করে চোখের মণিটাকে আগলে রাখে, আমি তোমাকে ঠিক তেমনভাবেই আগলে রেখেছি। কোনো দিনই নিজের জন্য কিছু ভাবিনি। সব সময় তোমার কাছে হেরে গিয়ে তোমাকে জিতিয়ে দেওয়ার মাঝেই নিজের সুখ খুঁজে চলেছি। কিন্তু দেখ, আমাকে ভালোবাসাটা পদ্মপাতার জলের মতো ছিটকে গেছে। আলোছায়ার মেলার মতো ভালোবাসা আমাকে ফাঁকি দিয়েছে। আমাকে দেওয়া তোমার ব্যবহৃত রুমাল আর ভালোবাসা দিবসে দেওয়া রজনীগন্ধার পাপড়ি দুটোই আজ বিবর্ণ। তারপরও পরম যত্নে অনেক ভালোবাসায় ওগুলো সব সময় আমি আমার সঙ্গে রাখি। জানি ভুলে গেছ আমাকে কিন্তু আমি তোমাকে আজও ভুলতে পারিনি আর কোনো দিন ভুলতে পারবও না। কষ্ট পাওয়াটা অবশ্য দুঃখের নয়, দুঃখের হলো সেই কষ্ট সহ্য করতে না পারা।
শিমুল কুমার
যশোর।
তুমি ফিরে এসো মা
কথা বলার প্রথম উচ্চারণের ধ্বনি ছিল মা। কত যে মধু মাখা ছিল শব্দটার মধ্যে, যা পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ। যখন ছোট ছিলাম তখন অনেক আদর করে খাইয়ে দিতে তুমি। তোমার অভাব কখনো পূরণ হয়নি। আজ এত কিছু পেয়েও আমি সর্বহারা। সেই সুন্দর ক্ষণগুলো আমি আজও ভুলতে পারছি না। তোমার কোলের মতো শান্তি আর কথাও নেই মা। আজও ভাবি ভোরের প্রথম প্রহরে চোখ খুলে আমি তোমাকে দেখতে পাব। তুমি ফিরে এসো মা, তোমার ছেলে তোমার অপেক্ষায়।
অভি
বরিশাল।
লেখা পাঠানোর ঠিকানা
অধুনা, প্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ই-মেইল: [email protected] ফেসবুক: facebook.com/adhuna.PA.
খামের ওপর ও ই-মেইলের subject-এ লিখুন ‘মনের বাক্স’