মনের বাক্স

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অলংকরণ: তুলি
অলংকরণ: তুলি

তোমার কাছে খোলা চিঠি
ভালোবাসা নিয়ো। জানি, ভালো আছ। কারণ, তোমার টুনিবিবি তোমার কাছে না থেকেও তোমার পাশে আছে সব সময় কি? লেখাটা পড়ছ আর হাসছ না? মুচকি মুচকি হাসি? যদি তোমার দাঁত দেখে ফেলি? এত লজ্জা পাও কেন? হুম? জানো তো, ঘুম এলেই স্বপ্ন আসে, স্বপ্ন এলেই তুমি আসো; কিন্তু যেই তুমি আসো, তখন না আসে ঘুম, না আসে স্বপ্ন—তুমিই হলো আছ। আমাকে বলেছিলে, মনে আছে? যাকে নিয়ে ভাবি সারাক্ষণ, যে আমার সঙ্গে আছে সব সময়, তাকে কেন স্বপ্নে দেখব?
আসলে, তুমি আমার অমূল্য এক স্মৃতি। আমার ভালোবাসা। আমার ভোরের আকাশের একটিমাত্র তারা। জানি না সে তারার জ্যোতিতে আমি আমার জীবন পথ পাড়ি দিতে পারব কি না? বা সে সুযোগ আমার পরিবার দেবে কি না?

বর্ষা তো চলেই গেল। কোন বর্ষায় আমরা ভিজব বলো তো? প্রায় ২৫০ কিলোমিটারের দূরত্বটা আবার কবে শূন্যের কোঠায় আসবে? আবারও কবে তোমার কানের কাছে মুখ নিয়ে গিয়ে বলতে পারব, ‘বাবু, ভালোবাসি, অনেক বেশিই ভালোবাসি।’

তুমি দেখে নিয়ো, সারা জীবন তোমার ঠোঁটের কোণে হাসিটা ধরে রাখব, হয়ে থাকব তোমার স্বর্ণলতা, স্বর্ণলতার মতোই জড়িয়ে রাখব সব সময়।

যোগাযোগ হোক বা না হোক ভালোবাসা আমাদের ঘরেই বৃষ্টি হয়ে নেমে আসবে আর সেই বৃষ্টিতে আমরা ভিজব সারাক্ষণ।

তোমার

টুনিবিবি, রাজশাহী।

আমাদের অ্যান্টোনিও

উইলিয়াম শেক্‌সপিয়ারের মার্চেন্ট অব ভেনিস-এর অ্যান্টোনিও হলো এক উদার-ভালোমানুষ চরিত্র। যুগে যুগে আমার মতো বাসানিওর জন্য একজন না একজন অ্যান্টোনিও দরকার। সৌভাগ্যবশত আমি আমার জীবনে এমন একজন অ্যান্টোনিওকে পেয়েছি। তিনি আমার বাবা। আমার অ্যান্টোনিও বাবা ‘বাড়াবাড়ি’ রকমের উদার প্রকৃতির! সবাইকে বিলাতে ভালোবাসেন, অসহায়দের সাহায্য করেন একেবারে যেন ঝাঁপি খুলে! তাঁর আরেকটা জিনিস আমার অসম্ভব ভালো লাগে। সেটা হলো, অতিরিক্ত আনন্দ পেলে তাঁর মুখটা কেমন যেন লাল হয়ে যায়। তখন তাঁকে দেখে আমি উদাস হয়ে যাই! বাবা, তোমাকে মেনি মেনি থ্যাংকস। আমাদের উপযুক্ত শিক্ষক হয়ে তুমি আমাদের মাঝে বেঁচে থাকো অনন্তকাল। কয়েক পৃথিবী সমান ভালোবাসা তোমার জন্য।

চর্যা

মুজগুন্নি আবাসিক এলাকা, খুলনা।

কাছের মানুষ মনে হতো

সেদিনগুলোতে আমি ভেবেছিলাম তুমি আমার খুব আপন ছিলে, সেই ভেবে হৃদয়ের অনেক কিছু নিংড়িয়ে দিয়েছিলাম। তোমার সব কথা, উপমা, স্পর্শ—সব আপন মনে হয়েছিল। হৃদয়ের অনেক আকুতি-মিনতি না বললেও মনে হয়েছে তুমি বুঝতে পারো। কেন যেন খুব কাছের আপন মানুষ মনে হয়েছিল। আমার পরিবার-পরিজনদের চেয়েও কাছের মনে হয়েছিল। মানুষের মনের ভেতরটা হয়তো দেখা যায় না, তাই বুঝি অনেকেই জীবনে হেরে যায়।

মনের ভেতরটা দেখা না যাক, তার আচার-আচরণে তা বোঝা যায়, এই বোধটুকু যখন মানুষের মধ্যে জাগ্রত হবে, তখন হয়তো কেউ ভুল করবে না। তাকে শুধু এটুকু বলতে চাই, ভালোবাসতে যদি কাউকে না পারো তার থেকে দৃষ্টি ফিরিয়ে নাও, মন সরিয়ে রাখো, হাত সংকীর্ণ কোরো, ভালোবাসার মিথ্যা উপমায় তাকে শিহরিত কোরো না।

কৃষ্ণচূড়া,

জামালপুর।

খুব মিস করি তোমাকে

কখনো বুঝিনি তুমি আমার জীবনের এত বড় অংশ হয়ে দাঁড়াবে। তোমাকে আমার ভালো লাগত কিন্তু এই ভালো লাগা যে এতটা ভালোবাসার সৃষ্টি করবে ভাবিনি। খুব অল্প সময়ে অনেকটা কাছে চলে এসেছি আমরা। একটা দিন তোমাকে না দেখে থাকতে পারি না আমি। বেশিক্ষণ তোমার সঙ্গে কথা না বললে বুকের ভেতরটা কেমন যেন করে। প্রতিদিন বিকেল হলেই আর রুমে থাকতে পারতাম না। কখন তোমার সঙ্গে দেখা হবে, এই ভেবে ব্যাকুল থাকতাম। কোথায় যাব ঘুরতে বা খেতে—এ দায়িত্ব তুমি আমার ওপর ছেড়ে দিতে। সারাটা বিকেল তোমার সঙ্গে খুব সুন্দর সময় কাটাতাম। আর এখন কোথায় যেন হারিয়ে গেল সেই দিনগুলো। আমাকে তুমি এই জায়গাগুলোতে একা রেখে কত দূরে চলে গেলে। তোমার দুষ্টামি, হাসিভরা মুখ কত দিন দেখি না। তুমি কি বুঝতে পারো বিকেল হলে আমার কেমন লাগে? তুমি কি ফিল করতে পারো তোমাকে আমার কত দেখতে ইচ্ছে করে? নিজেকে অনেক বোঝানোর চেষ্টা করছি; কিন্তু আর পারছি না। খুব মিস করি তোমাকে, সত্যিই। অনেক ভালোবাসি তোমাকে, পাখি। তুমি তাড়াতাড়ি চলে আসো, প্লিজ।

উম্মে হাবিবা

দিনাজপুর।

আদরের ছোট বোন

‘ভালোবাসা’ এ শব্দটির সঙ্গে আমি সাধারণের তুলনায় অধিক পরিচিত। আমার ছোট্ট বোনটি, যাকে আমি ভালোবাসি, আর সেই ভালোবাসা আমি আমার হৃদয়গর্ভে সঞ্চিত রেখেছি। এমন ভালোবাসার কোনো দিন বিনাশ হবে—এ কথাটি আমি আমার কল্পনার জগতেও ঠাঁই দিই না। বিপরীতে সৃষ্টিকর্তার মর্জি। আজ আটটি বছর পরেও এই ভালোবাসার কমতি হয়নি। এই আট বছর আগে আমার অতীব আদরের ছোট্ট বোনটি আড়াই বছর বয়সে মারা যায়। ওর শৈল্পিক ‘ভাইয়া’ ডাকটি আজও আমার কানে উদ্ভাসিত হয়। সৃষ্টিকর্তা, আমাদের কাছে তুমি ওকে রাখলে না, ওকে তুমি নিয়ে নিলে যখন, তুমি ওকে শান্তি দিয়ো।

মোহাম্মদ ওয়ালীউল্লাহ

ঘোড়াঘাট, দিনাজপুর।

লেখা পাঠানোর ঠিকানা

অধুনা, প্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।

ই-মেইল: adhuna@p othom-alo.info ফেসবুক: facebook.com/adhuna.PA.

খামের ওপর ও ই-মেইলের subject-এ লিখুন ‘মনের বাক্স’