মনের বাক্স

মানুষ নিজের ভালোবাসাকে মিস করে
মনের বক্স-এর চিঠিগুলো পড়ে হঠাৎ মনে কৌতূহল জাগল। দেখলাম, হৃদয়ছোঁয়া চিঠিগুলোতে কেউ নিজের ভালোবাসা ব্যক্ত করেছে, তো কেউ ভালোবাসার মিথ্যা উপমায় শিহরিত না করার অনুরোধ জানিয়েছেন। কিন্তু এই সব চিঠিতে ছিল একসময়ের পাশাপাশি থাকার অনুভূতি, একান্ত মুহূর্তের স্মৃতি। কিন্তু আমি যার প্রেমে নিজেকে রাঙিয়েছি, তার সঙ্গে আজও ‘প্রথম দেখা’ হয়নি। প্রযুক্তির এই জগতে ভিডিও কল না করে শুধু মুঠোফোনে আমরা দুজন দুজনার হয়ে আছি। মানুষ নিজের ভালোবাসাকে মিস করে তাদের কাটানো স্মৃতিগুলো মনে করে। আর আমি এখনো আমার ভালো লাগার মানুষের ‘প্রথম দেখার’ অপেক্ষায়। যখন খুব রাগ করে ওর সঙ্গে কথা বলা বন্ধ করি, তখন ফোনে বলা কথাগুলো মনে করে কান্নায় ভেঙে পড়ি। সবই সেই কথা বলাতে সীমাবদ্ধ। কাউকে না দেখে, দৈহিক নৈকট্যের ঊর্ধ্বে, শুধু কারও কণ্ঠে যে নিজের একটি প্রেমের ভুবন গড়া যায়, তা সে জীবনে আসার পর বুঝতে পেরেছি। তিন বছরের ভালো লাগার এই সম্পর্ক, তার ‘প্রথম দেখা’র স্বাদ পেতে চাই। সেই অপেক্ষায় এই মন।
সায়ন্তনী, ভৈরব, কিশোরগঞ্জ।
কোনো একদিন স্বপ্নে আমি দেখেছি তোমাকে
স্বপ্ন আমরা সবাই দেখি। ভেবেছিলাম সারা দিন যা ভাবি, হয়তো তা স্বপ্ন হয়ে রাতে চোখের পাতায় ভাসে। যা স্বপ্নে দেখি, সেটাই বাস্তব হয়ে জীবনের পাতায় আসে। কোনো একদিন স্বপ্নে আমি দেখেছি তোমাকে। আবার হারিয়েও ফেলেছি সেই স্বপ্নে। আজও আমি সেই মায়া কাটিয়ে উঠতে পারিনি। এ কেমন মায়া যা প্রতি রাতে আমাকে তাড়িয়ে নিয়ে চলে এক অজানা স্বপ্নরাজ্যে। স্বপ্নে তোমার পেছনে অনেক ছুটেছি কিন্তু কখনো তোমার কাছে যেতে পারিনি। স্বপ্ন আজ বাস্তবতার রূপ পেল। নীল সেই স্বপ্নময়ী আজ বহু দূরে। অনেক ছুটেছি কিন্তু সেই স্বপ্নময়ী মেলেনি।
স্বপ্নিল হোসেন, বাউফল, পটুয়াখালী।
তোমার অপেক্ষায় এখন সেখানেই বসে থাকি
কখনো তুমি আমার জীবনের যে এত বড় একটা অংশ হয়ে যাবে, তা আগে ভাবতে পারিনি। তোমার সঙ্গে দেখা হওয়ার পর আমি ভালোবাসার এক অন্য মানে বুঝেছি। অন্ধের মতো চার বছর তোমাকে ভালোবেসেছি। কিন্তু জানি না তুমি আমাকে ভালোবাসো কি না। তোমার অপেক্ষায় এখন সেখানেই বসে থাকি, কিন্তু তোমার আর দেখা পাই না। আমি ভালোবেসেই যাব তোমাকে। পারি না তোমার কথা না ভেবে থাকতে। হৃদয়গর্ভে সঞ্চিত রেখেছি আমার এই ভালোবাসা। এ ভালোবাসা কখন বিনাশ হবে, তা আমি কখনো কল্পনাও করতে পারি না। অনেক ভালোবাসি তোমাকে, তুমি তাড়াতাড়ি চলে আসো আমার কাছে। প্লিজ।
সৌগত দাস, দিনাজপুর।
ওটা কি ঘৃণা নাকি স্বার্থপরতা
একটি ভুল জন্মদিনের কারণে তার সঙ্গে আমার পরিচয়। তারপর কথা বলা, বন্ধুত্ব, ধীরে ধীরে সম্পর্কের গভীরতা আর শেষে প্রেম। আমি এই মেয়েটাকে দেখেছি কত সহজে ও কত দ্রুত মানুষের কাছে যেতে পারে। আমি দেখেছি কত তীব্র তার ভালোবাসা। কত তীব্র আর ঘৃণাও। কিন্তু আজও বুঝতে পারলাম না ওটা কি ঘৃণা নাকি স্বার্থপরতা। লঘু পাপে গুরু দণ্ড পেলে তাকে স্বার্থপরতা বলতে হয়। কিন্তু আমি বলতে পারি না। তাহলে কি আমার ভেতরে ওর জন্য এখনো হৃদয়নিংড়ানো ভালোবাসা অবস্থান করছে? আমি সারা জীবন সিদ্ধান্তহীনতায় ভুগেছি। আর এই সিদ্ধান্তহীনতার কারণে আমি ওকে হারিয়েছিলাম। তাই সমানভাবে আমিও হয়তো দোষী। নাকি সব দোষ আমাদের ভাগ্যের। এমন কি হতে পারে যে আমরা এ জন্মে কেউ কারও ছিলামই না। সবটাই ছিল একটা ঘোর, নাকি পরজন্মে পাব বলেই কেউ কাউকে পেলাম না।
আমিই কি আমার প্রশ্নের জবাব, নাকি আমিই আমার সবচেয়ে বড় শত্রু? অনেক কিছুই বুঝি না কিংবা বোঝার দুঃসাহসও করি না। যে বেশি কিছু বুঝতে পারে, সেই কষ্ট বেশি অনুভব করে। এ ভাবনাটাই বা কেন ভাবছি? তাহলে কি কষ্টও আর নিতে পারছি না। ক্লান্ত হয়ে গেলাম। সত্যিই খুব ক্লান্ত হয়ে গেলাম।
সোলায়মান শিপন, কেরানীগঞ্জ, ঢাকা।
কেন এলে?
তুমি সময়-অসময় কিছুই বোঝো না। ইচ্ছে হলেই চলে আসো! এটা কী রকম আচরণ তোমার? কিছুদিন আগেই তো কষ্ট দিয়ে চলে গেলে। এ বছর আর ফিরবে না বলে। তো কয়েক মাস না যেতেই এভাবে আসবে ভাবতে পারিনি। তার প্রমাণ ডা. আকাশের হাতে লেখা চিরকুট। এখনো মানিব্যাগে রাখাই আছে। তোমার আসাতে আজ আবার বের করতে হলো। আমার বুঝতে বাকি নেই, হয়তো আমার চেয়ে তোমার দেওয়া এতটা কষ্ট আর যন্ত্রণা কেউ তোমার সহ্য করেনি। তাই ঘুরেফিরে আমার কাছেই আসতে হলো তোমায়। আগেরবারের সেই তুমি আর এবারের তোমার মধ্যে আকাশ-পাতাল পরিবর্তন। এবার পুরা মহামারি আকার ধারণ করেছ। দ্বিগুণ কষ্ট পাচ্ছি তুমি আসাতে। আমি তোমাকে চাই না—এই সহজ বিষয়টা কেন বুঝতে পারো না। তুমি আসতেই আমি কাঁপতে শুরু করেছি, ঠিকমতো খাওয়া হচ্ছে না, ঘুম হচ্ছে না গত রাত থেকেই। সারা শরীরে প্রচণ্ড ব্যথা অনুভব করছি। তুমি আসাতে মাঝে মাঝে আবোল-তাবোল বকছি। গায়ের তাপমাত্রা বেড়েই চলছে। ব্যাচেলর একটা ছেলেকে এভাবে কষ্ট না দিলে কি নয়!
ও, আর একটা কথা, তোমার আসার খবরটা বাবা-মাকে ইচ্ছা করেই দিইনি। বাবা-মা বড্ড টেনশন করে আমাকে নিয়ে।
তুমি আমার একমাত্র শত্রু মিসেস জ্বর।
সুজন চক্রবর্তী
কুড়িগ্রাম সরকারি কলেজ
কুড়িগ্রাম।
মনেরবাক্স
লেখা পাঠানোর ঠিকানা
অধুনা, প্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ই-মেইল: [email protected] ফেসবুক: facebook.com/adhuna.PA.
খামের ওপর ও ই-মেইলের subject-এ লিখুন ‘মনের বাক্স’