মনের বাক্স

তোমার হলুদ সন্ধ্যায়
তোমার হলুদ সন্ধ্যার দিনেও আমি খুব ব্যস্ত ছিলাম, এতটা বেশি ব্যস্ত ছিলাম যে তোমাকে এক পলকের বেশি দেখার সুযোগ হয়নি। তবে সেদিনের ব্যস্ততাটা অন্য যেকোনো দিনের ব্যস্ততা থেকে অনেক বেশি আলাদা ছিল। সেদিন আমি ইচ্ছা করেই এতটা ব্যস্ত ছিলাম। কারণ, তোমাকে সেই হলুদ রঙের শাড়িতে এক পলকের বেশি দেখার সাহস আমার ছিল না, তাই চোখের পানিটা গালে পৌঁছানোর আগেই। খুব ব্যস্ততা দেখিয়ে চোরের মতো পালিয়ে চলে এলাম। তারপরের প্রতিটি রাত আমি কেমন ছিলাম, তার একমাত্র সাক্ষী রাতের নিস্তব্ধতা।
আমি এখনো তোমার কাছে একটা ‘পাপী ছেলে’। যেই মেয়েটা আমি না ঘুমানোর আগে কখনো ঘুমাতে যেত না, আমি না খাওয়ার আগে কখনোই খেতে যেত না, সেই মেয়েকেই নিজের থেকে দূরে ঠেলে দিলাম। আমি খুবই স্বার্থপর, তাই না? তবে হয়তো একমাত্র তুমিই খুব ভালো জানো, আমি কেন এতটা স্বার্থপর ছিলাম। নিজের বাস্তবতার বিপরীতে দাঁড়ানোর মতো এতটা সাহস আমার ছিল না।
জানো, এখনো আগের মতো রাত জেগে বারান্দায় বসে থাকা হয়, আগের মতোই গভীর রাত পর্যন্ত ছাদে পায়চারি করা হয়, তবে ফোনটা কানের জায়গা থেকে সরে এসে হাতে স্থান করে নিয়েছে। এখন আর খাওয়ার জন্য কেউ জোর করে না, রাতে তাড়াতাড়ি ঘুমানোর জন্য কেউ শাসন করে না। তবে সব কটি স্মৃতি নিয়ে আমি খুব ভালো আছি।
জানি, এখনো আমাকে খুব ভালোবাসো তুমি, এখনো আমাকে আগের মতোই স্বপ্ন দেখো। তবে প্লিজ, আমার কথা ভেবে হলেও নিজেকে ভালো রেখো, তাহলে তোমার এই পাপীটা একটু হলেও অপমানের গ্লানি থেকে মুক্তি পাবে। ভালো থেকো।
রাকিবুর রহমান
ঢাকা বিশ্ববিদ্যালয়
তোকে হয়তো কখনোই ভুলতে পারব না
জানি, তুই এই লেখাটা পড়বি না, কিংবা পড়লেও খুব রেগে যাবি। এই ভেবে যে তোকে নিয়ে কেন লিখলাম? তোর আর আমার সম্পর্কটা ঠিক কেমন জানি, যাকে ভালোবাসা বললেও ভুল হবে। কারণ ভালোবাসা তো আর একতরফা হয় না। একটা আফসোস কি জানিস, আমি বোকার মতো তোকে ভালোবেসেই গেলাম, তার বিনিময়ে বিন্দুমাত্র ভালোবাসাও পেলাম না। জানিস, আজকাল তোকে আর আগের মতো মনে পড়ে না। তাই বলে এটা ভাববি না যে তোকে ভালোবাসি না। ভালোবাসি ঠিক আগের মতো কিংবা আগের থেকেও একটু বেশি...।
লুমেন মাহমুদ
আশায় আছি, স্বপ্ন দেখছি...
কেমন আছো? তোমার সঙ্গে দেখা করার মতো সৌভাগ্য হয়নি আজও। তারপরও তোমার খবর নেওয়ার চেষ্টা করি। ভালোবাসি কথাটা এখনো বলা হয়নি। আমার প্রতিটি দিনের বিন্দু বিন্দু ভালোবাসা জমিয়ে রাখছি কিন্তু!
আশায় আছি, স্বপ্ন দেখছি তোমার। সুযোগ পেলে আমার কথা একবার ভেবো। ভালো থেকো।
এ আর, চট্টগ্রাম
লেখা পাঠানোর ঠিকানা
অধুনা, প্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ই-মেইল: [email protected] ফেসবুক: facebook.com/adhuna.PA.
খামের ওপর ও ই-মেইলের subject-এ লিখুন ‘মনের বাক্স’