মনের বাক্স

১৮ বছর পর
এই অনেক বছর যাকে আমি প্রতিনিয়ত লাখো মানুষের মাঝে খুঁজে বেড়াচ্ছি। আমি অচেনা, যার সঙ্গে ১৮ বছর আগে আপনার পত্রমিতািল হয়েছিল, আপনার নাম রিপন খান বলেছেন। তখন আপনি মাইক্রোবায়োলজি নিয়ে পড়াশোনা করছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। প্লিজ, আমার এই লেখাটা যদি আপনি পড়ে থাকেন, তাহলে যোগাযোগ করুন। প্লিজ অপেক্ষায় রইলাম।
আমি অচেনা
ঢাকা।
তোমাকে ভুলি নাই
ভেবেছিলাম ভুলে যাব। তা তো হলোই না, বরং উল্টো পথে সবকিছুই ঘটছে। সবাই জানে আউট অব সাইট, আউট অব মাইন্ড। আমিও তাদের দলেই ছিলাম, কিন্তু হঠাৎই তোমার জন্য তা বদলে গেল। সাত দিন গত হলেও তোমায় ভোলা গেল না কিছুতেই। মনের সঙ্গে লুকোচুরি খেলা চলছে। তোমায় মন থেকে যতই বের করে দিতে চাই, ততই মনের গভীরে চলে যাচ্ছ। কী করি বেলা? নাই ঠিকানা, না কোনো ফোন নম্বর। কোনো পথ না পেয়ে ‘মনের বাক্সের’ দ্বারস্থ আমি। আমায় কি চিনতে পারবে তুমি?
একটি রাত দুটি চার প্রহর কেটে গেল হরহর। একসঙ্গে থাকা হরদম স্বপ্ন দেখা। কাঁকড়াবানী গাঁয়ের মেলায় নাগরদোলায় চড়ার কথা না। না আগে চড়িনি। তুমি বললে, ‘ভয় নাই আমি আছি।’ তাই এলাম চলে হঠাৎ করে। জানি তুমি চড়েছ তাতে অন্য কারও সঙ্গে, ভেবেছ আমাকে পাশে। যদি পাশে থাকতে, কী মজাই না হতো। আমি এসেছি ঠিকই, মনটা পড়ে আছে তোমাতেই।
তোমার কি লাগছে আমার মতন?
শ্রীকান্ত আচার্য্য
দিনাজপুর সরকারি কলেজ।
তোমাকে দিলাম সকল পূর্ণিমা
রাতে তোমাকে খুব মনে পড়ল। অল্প কিছু চোখের জলও ঝরল। তুমি এসবের কিছু বুঝবে না। কারণ আমার মনে হয়, তোমার হৃদয়টা পাহাড় দিয়ে তৈরি, যেখানে কষ্টের জল পড়লেও জমে থাকবে না। গড়িয়ে পড়ে যাবে। তবু আমার এই মন কেন জানি তোমাকে বুঝতে চায়। চায় তোমার পৃথিবীটাকে ফুলে ফুলে সাজিয়ে দিতে। তোমার ছোট্ট মনটাকে সারাক্ষণ মাতিয়ে রাখতে! কত পূর্ণিমা ছিল ওই চাঁদের সঙ্গে তোমার ছবিটা সাজিয়ে রাখতাম। তা ঠিক, আমি এখনো রাখি। কিন্তু এখন সেই মধুমিত মুখ আর দেখি না। মনে হয় দেখি শুধু তোমার পাথুরে মনকে। তোমাকে নীরবে ভুলে যাচ্ছি। আমি জানি তুমিও আমাকে ভুলে যাবে। ভুলে তো তুমি আমাকে যাবেই। কারণ তুমি তো আমাকে ভালোবাসনি। ভালোবেসেছি শুধু আমিই।
তাই বলো, এত সহজে তোমাকে কীভাবে ভুলে যাই? তুমি হয়তো বিশ্বাস করবে না। শুধু তোমাকে ভাবার জন্য সকল পূর্ণিমাতে আমি শুধু তোমাকেই ভাবি। ইচ্ছে হলে আসিও কোনদিন। সত্যিই তোমাকে বরণ করে নেব।
আয়মান তাহা
সোনাইমুড়ী পাবলিক হাইস্কুল
সোনাইমুড়ী, নোয়াখালী।
যেখানেই থাক, ভালো থেকো
কত দিন দেখি না তোমায়। বলা নেই-কওয়া নেই, কত রাত অপেক্ষায় থাকি তুমি আসবে। আমাদের না দেখে তুমি থাকতেই পারো না। তোমার সন্তানেরা এখন বড় হয়েছে। বড় দুজন সংসার বেঁধেছে। ছোটটা ইংরেজি সাহিত্যে পড়ছে। তোমার ইচ্ছা ছিল সে ডাক্তার হবে। সপ্তাহে অন্তত এক দিন গ্রামে গরিবদের বিনা মূল্যে চিকিৎসা দেবে। সে ডাক্তার হয়নি তাতে কী? আমি তোমার শেষ ইচ্ছা পূরণ করতে আপ্রাণ লড়াই করে যাব। এ দেশের ১৬ কোটি মানুষের মাঝে একজন মহৎ মানুষও (ডাক্তার) কি পাব না? অবশ্যই পেয়ে যাব।
জানো? আমাদের বাসায় না একটা টুনটুনি পাখি (নাতনি) এসেছে। কাঁপা কাঁপা পায়ে হাঁটে। খিলখিল করে হাসে। ভাঙা ভাঙা সুরে কত কথা যে বলে। বাইরে গেলে এত সব মানুষ, গাড়ির বহর আর দোকানপাটের আলোর ঝলকানি দেখে ঘরে আসতেই চায় না!
আমাদের মেহগনি বাগানটায় তুমি একটি নিমের চারা লাগিয়েছিলে না? এটা এখন অনেক বড় হয়েছে। প্রতি বসন্তে ফুলে ফুলে ছেয়ে যায়। মিহিদানার হালকা বাদামি রংয়ের ফলে কী যে মিঠা মিঠা ঘ্রাণ! আমি আঁচলভরে কুড়িয়ে এনে তোমার শয্যায় রেখে আসি আর ভাবী, কবে আমার শয্যা হবে তোমার পাশে!
মাহবুবা মুকুল
মালীবাগ, ঢাকা
এখনো কি তোর হাতের নুডলস খেতে মানা?
তোর কি মনে আছে, আগে প্রতি সপ্তাহে তুই নুডলস রান্না করে আমাকে খাওয়াতি। আমরা একসঙ্গে তা খেতাম। কত মজা করে যে খেয়েছি। তোর হাতের নুডলস না খেলে আমি তৃপ্তিই পেতাম না। জানিস তো নুডলস আমার অনেক প্রিয়। এটা বোধ করি তোর চেয়ে ভালো কেউ জানার কথা নয়। অথচ আজ সেই প্রিয় খাবারটি আমার জন্য নয়। তোর সঙ্গে আমার অনেক ঝগড়া হয়েছিল, অভিমানে অনেক কেঁদেছিও। মনে আছে, শেষ তুই আমাকে নুডলস রান্না করে খাওয়াবি বলে আর খাওয়াসনি।
তারপর অনেক ঝড় বয়ে গেল, অভিমান, অধিকারটাও কেমন যেন নষ্ট হয়ে গেল। নুডলস রান্না করার ও আমাকে খাওয়ানোর যবনিকাও হলো।
আমি সেই অবধি আজ পর্যন্ত নুডলস মুখে দিইনি। তা-ও প্রায় এক বছর হলো। আমি তোর হাতের রান্না করা নুডলস অনেক মিস করি। জেনে রাখিস, তুই নিজে নুডলস রান্না করে আমাকে নিজ হাতে তুলে না খাওয়ানো পর্যন্ত কোনো দিন নুডলস খাব না।
মো. আবু তাহের মিয়া
কারমাইকেল কলেজ, রংপুর।
দুঃস্বপ্ন
অনেক দিন পর বাড়িতে এলাম। আম্মাসহ রান্নাঘরে বসে চা খাচ্ছি। জানতে পারলাম নানা অসুস্থ। বিকেলে যেন মোটরসাইকেলটা নিয়ে তাকে একটু দেখে আসি।
দুপুরে খেয়ে আর রুমে ঢুকলাম না। একটু রাস্তায় হাঁটতে লাগলাম। হাঁটতে হাঁটতে কখন যে ‘ক্যাতার মোড়’ চলে এসেছি, টেরও পাই নাই।
ভাবলাম, তাহলে একটা রিকশা নিয়ে নানাবাড়ি থেকেই ঘুরে আসি। আশ্চর্য, আমি নানাবাড়ির রাস্তা আর মনে করতে পারছি না। শুধু মনে আছে বাড়িটা ফরকেরহাটে। আমি রাস্তায় একজন লোককে জিজ্ঞাসা করলাম, ফরকেরহাট যাওয়ার রাস্তা কোনদিকে? তিনি বলে দিলেন, বিল পাড় হয়ে যেতে হবে, ওই দিকে...।
নানাবাড়ির রাস্তায় কি বিল পড়ে? মনে করতে পারছিলাম না। তবু ভদ্রলোকের দেখিয়ে দেওয়া পথে, আমি সেই বিলের ধারে গেলাম। দেখি, এক সৌম্য বৃদ্ধ ছোট একটা ডিঙি নৌকায় লোকজনকে পারাপার করছে। আমিও কয়েকজনের সঙ্গে সেই নৌকায় উঠলাম।
এত স্বচ্ছ পানি আর সৌন্দর্যে ভরা চারদিক আমি জীবনে দেখি নাই। যাই হোক, বিল পার হলাম। সবাই ২০ টাকা দিয়ে যাচ্ছে, আর বৃদ্ধ (দাদা) আমার কাছে ২০০ টাকা দাবি করছেন। আমি বললাম, আমি কেন এত দেব?
তিনি মানছিলেন না, আমাকে জোর করেই যাচ্ছিলেন। একপর্যায়ে অধৈর্য হয়ে আমি ডান হাত দিয়ে তাঁর গালে থাপ্পড় মারি। ‘ইন্না লিল্লাহ’! আমি এটা কী করলাম?
জীবনে ছোট ভাই ছাড়া কারও গায়ে কি আমি হাত উঠাইছি? পরপরই আমি ডান হাত দেখা শুরু করলাম। বৃদ্ধের পায়ে পড়ে গেলাম...দাদাগো আমাকে ক্ষমা করে দেন...। কিন্তু তিনি স্বাভাবিকভাবে বললেন, ৫০০ টাকা দিয়ে দিলে করব।
আমি আর কথা বাড়ালাম না, টাকাটা দিয়ে চলে এলাম। নানাবাড়ি আর গেলাম না, উল্টা রাস্তা খুঁজে নিয়ে শহরের দিকের রিকশা নিলাম। পরিচিত যার দেখা পাচ্ছি, সবাই বলতেছে...আমি এই কাজ করলাম? বাসায় ফিরে আম্মারে জড়িয়ে ধরে, ডুকরে কেঁদে সব কথা বললাম। আম্মা অভয় দিয়ে বললেন, উনি (বৃদ্ধ) যদি ক্ষমা করে দেন; বিধাতাও দিবে...।
জোর করে কয়েক লোকমা খেয়ে বিছানায় গেলাম। আর ভাবছিলাম, আজ বুঝি আমার ডান হাতের কিছু একটা হবেই। একটু চোখ ধরছে, আমার বন্ধু মীতুর ফোন...কেমন আছিস রে শিশু (সে আমাকে ‘শিশু’ বলে ডাকে)? কত দিন তোর মলিন, মায়াভরা দুখি মুখটা দেখি না। তোর ভাইয়াও (মীতুর বর) খুব বলতেছে, কাল কার্জন হলে আয়, বিকালে...।
আমিও অনেক দিন পর প্রিয় বন্ধুর গলার স্বর শুনতে পেয়ে হাউমাউ করে কেঁদে দিয়ে বললাম...‘মীতু, আমার তো সব শেষ। কখনো আর লিখতে পারব না। আমার ডান হাত অবস হয়ে গেছে...।’ মীতু, এবার বকা দিয়ে বলে...গাধা, বড় হইলি না, তোর গলার স্বর এমন লাগতেছে কেন, ঘুমাইছিস? চোখ খোল। দেখ, ডান কাত হয়ে শুইছিস...মাগরিবের আজান দিচ্ছে। উঠে নামাজ পড়ে ফোন দিস...।
সত্যি, চোখ খুলে দেখি ঘর অন্ধকার, দূরে কোথাও মুয়াজ্জিন আজান দিচ্ছে...না, আমার ডান হাত ঠিক আছে। ডান কাত হয়ে ঘুমাইছিলাম বলে হাতটা একটু বোবায় ধরছিল...।
গোলাম মাওলা
সাবেক শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়
লেখা পাঠানোর ঠিকানা
অধুনা, প্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ই-মেইল: [email protected] ফেসবুক: facebook.com/adhuna.PA.
খামের ওপর ও ই-মেইলের subject-এ লিখুন ‘মনের বাক্স’