মনের বাক্স

তোর দেওয়া আংটিটা এখনো খুলতে পারিনি
গাধা রাম,
তোকে আমি কতটা ভালোবাসি তা কখনো বোঝাতেই পারলাম না। খুব অবাক লাগে জানিস, সম্পর্কের শুরুতে একটা মানুষ এক রকম থাকে, ধীরে ধীরে সেই মানুষটাই কীভাবে অন্য একটা মানুষ হয়ে যায়! শুরুতে কি মায়াটা বেশি থাকে? তোর দেওয়া আংটিটা এখনো খুলতে পারিনি হাত থেকে! প্রচণ্ড বিশ্বাস করি তোকে! এখনো বিশ্বাস করি আমার ভালোবাসার জন্য হলেও তোকে ফিরে আসতে হবে, এই আমার কাছেই!
নাম প্রকাশে অনিচ্ছুক
ভালোবাসা ভালোবাসি!
পরিবার থেকে শুরু করে জীবন চলার পথে সবার জীবনে তৈরি এমন কিছু প্রিয় মুখ, যা ইচ্ছা করলেই ভোলা সম্ভব নয়। তাদের পরামর্শ, নির্দেশনা, আকাঙ্ক্ষার প্রতি শ্রদ্ধা জানাতে হয় বারবার। কিন্তু ব্যক্তিজীবনে স্ব-স্বাধীনতার মূল্য না দিয়ে তা গ্রহণ করা নিজের ওপর বিচারহীনতারই প্রকাশ। আবার যৌক্তিক বিষয়ের ক্ষেত্রে বুঝতে না পারা যেমন নিজের ব্যর্থতা, ঠিক তেমনি যে বোঝাতে পারেনি তারও ব্যর্থতা কম নয়। আর বোঝানোর ক্ষেত্রে সঠিক উদ্দেশ্য থাকলে একটু চেষ্টা করে বোঝানোর সার্থকতা অর্জন করাটাই উত্তম। কারণ, ভালোবাসা, কে না ভালোবাসে?
হোসেন সোহাগ
বরুড়া, কুমিল্লা

আমি বন্ধুহীন হয়ে পড়ছি
আমি একটু বেশিই অসামাজিক। পুরোনো বন্ধু-বান্ধবীদের সঙ্গে একদম যোগাযোগ রাখি না। এরাও যে আমার খোঁজ নেয়, তা না। কিন্তু নম্বরগুলো কমবেশি সবারই রেখে দিয়েছি। কাউকে ফোন দিয়ে খোঁজ নিতে আমার কেন জানি ভালো লাগে না। এটা আমার বাজে অভ্যাস। তাই অনেক দিন কথা না বলায় বা যোগাযোগ না রাখায় পরে আর ইচ্ছা হলেও একটা কল দিয়ে বন্ধুদের খবর নেব, মন বাধা দেয়। লজ্জায়। এভাবেই দিন দিন আমার বন্ধুগুলো হারিয়ে যাচ্ছে। আমি বন্ধুহীন হয়ে পড়ছি। আজ কেন মনে হলো মোবাইলের কন্টাক্ট নেমগুলো দেখলাম। সব মিলিয়ে ৪৭টা কন্টাক্ট নেম রয়েছে। সেই এসএসসি ২০০৮ থেকে ফোন ব্যবহার করছি। বছরে চারটা নতুন বন্ধুও খাতায় যোগ করতে পারিনি; বরং দিনকে দিন নেম লিস্টটা ছোট হয়ে যাচ্ছে। আজ পুরোনো কয়েক জন বড় ভাই আর বন্ধুকে ফোন করেছি। যাদের সঙ্গে কলেজ, ইউনিভার্সিটিতে দীর্ঘ সময় কাটিয়েছি। অনেকেরই আজ ফোন বন্ধ পেলাম, হয়তো সিম পাল্টিয়েছে। কেউ আবার আমার ফোন পেয়ে ধরে অবাক হয়েছে। বলেছি, কেন আমার খোঁজ নাওনি? চারজন বলল, ‘আমি ফোন হারিয়েছি।’ দুজন বলল, ‘বড় ব্যস্ত হয়ে পড়েছি রে!’ আর এক-দুজন হেসে বলল, ‘তোর কথা মনে নেই রে! মাফ করে দিস!’ তোদের মাফ করব কি, আমি নিজেও কি তোদের খোঁজ নিয়েছি? আমাকে ক্ষমা করবে কে?
মনে মনে বলেছি, বরং তোরাই আমাকে ক্ষমা করে দিস।
জহির উদ্দিন
কুমিল্লা বিশ্ববিদ্যালয়
প্রথম দিনে তোমার প্রেমে পড়েছিলাম
হাইস্কুলের প্রথম দিনে তোমার প্রেমে পড়েছিলাম। তারপর থেকেই তোমাকে ভালোবাসতে শুরু করে দিই। দিনে অসংখ্যবার স্কুলের ওপর তলা থেকে নিচ তলায় যেতে থাকি। তোমার গ্রামের বাড়ি, জন্মতারিখ সবকিছুই আমার কাছাকাছি। এরপর তোমার বান্ধবীদের মাধ্যমে তোমাকে ভালোবাসার প্রস্তাব দিই। কিন্তু তুমি গ্রহণ করোনি। আমি তবুও হাল ছাড়িনি। আল্লাহর কাছে প্রার্থনা করি। অবশেষে তোমার পরীক্ষা শুরুর কয়েক দিন আগে আমার ভালোবাসার প্রস্তাব গ্রহণ করো তোমার এক বান্ধবীর বাসায়। তারপর কথা হতে থাকে। তোমার পরীক্ষার জন্য আমি কথা বলা বন্ধ করে দিই। আবার ২৬ ডিসেম্বর তোমার সঙ্গে কথা বলি। তোমার সঙ্গে সামনাসামনি মাত্র একবার কথা হয়েছে। সব সময় ফোনে কথা হয়েছে। তোমার একটা ইচ্ছা ছিল যে আমি তোমাকে সামনাসামনি একবার ‘আই লাভ ইউ’ বলি। আমি অনেক বার বলেছি ফোনে। ২৬ ডিসেম্বরের পর থেকে তোমার ফোন বন্ধ পেতে থাকি। আমিও আর ফোন দিইনি। কারণ সামনে তোমার পরীক্ষা ছিল। ইচ্ছা ছিল ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে তোমাকে সামনাসামনি আই লাভ ইউ বলব। তোমার এই ইচ্ছাটা পূরণ করব। কিন্তু তা আর হলো না। তোমার বাবা-মা তোমাকে অন্য স্কুলে নিয়ে গেল। আর তোমার সঙ্গে কথা বলা হলো না। মাঝে শুনলাম তুমি নাকি আমাকে আর ভালোবাসো না। কিন্তু আমি তো তোমাকে ভালোবাসি! তাই তোমার সেই ইচ্ছাটা পূরণ করার জন্য এই চিঠিটা লেখা।
তোমাকে বলছি, আমি তোমাকে খুব ভালোবাসি। এখন তোমাকে খুব মিস করি।
ইতি
তোমার সেই ক্রিকেটার
দিনাজপুর।

ফাগুনে অপেক্ষা করি তোমার জন্য
কেমন আছ? এটা খুবই গভীর ও অর্থহীন প্রশ্ন। তুমি সব সময় বলতে, ভালো থাকা ও খারাপ থাকা কোনোটাই পরম নয়, দুটোই আপেক্ষিক। আমি বলতাম, আপেক্ষিকতা নিয়ে আইনস্টাইন ও তাঁর শিষ্যরা ভাববে। তোমার এত ভাবনা কিসের? তুমি বলতে, ভাবনা থাকে, ভাবনা ফুরিয়ে গেলে, জগৎ ফুরিয়ে যায়।
তুমি ফেসবুকে নেই, ফোন নম্বরটা বন্ধ। তুমি জানো, আমি পৃথিবীতে সবচেয়ে ঘৃণা করি বার্লিন শহরটিকে। ওখানে যাওয়ার পর তুমি চলে গেলে আমার জীবন থেকে। জীবন থেকে কি সত্যিই চলে যাওয়া যায়?
তুমি তো এখনো আমার চিন্তার প্রাঙ্গণে বেঁচে থাকার মানে হয়ে খেলা করো। ফাগুন এলেই তোমার পছন্দ করা পাঞ্জাবি পরে, মাত্র একটি টকটকে লাল গোলাপ হাতে নিয়ে অপেক্ষায় থাকি টিএসসিতে। কিংবা বৃষ্টিতে কদমফুল হাতে নিয়ে, ঠিক একই অপেক্ষা। আমি ভাবি, তুমি আসবে। কারণ, তুমিই বলেছিলে, ভাবনা থেমে গেলে, জগৎ থেমে যাবে।
সৌরভ মাহমুদ
ময়মনসিংহ।
লেখা পাঠানোর ঠিকানা
অধুনা, প্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ই-মেইল: [email protected] ফেসবুক: facebook.com/adhuna.PA. খামের ওপর ও ই-মেইলের subject-এ লিখুন ‘মনের বাক্স’