মনের বাক্স

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অলংকরণ: তুলি
অলংকরণ: তুলি

আমার ভাই-ভাবি পৃথিবীর সেরা
এই পৃথিবীতে আমার নির্ভরতার প্রতীক, আমার জীবনে এত দূর অগ্রসর হতে যার অবদান সবচেয়ে বেশি, তিনি ‘আমার ভাই’। এইতো কিছুদিন আগে বিয়ে করেছেন। অনেকেই বলে, আমার ভাইয়ের বিয়েটাতে সবচেয়ে বড় অবদান নাকি আমারই। সেটা যা-ই হোক না কেন, আমার ভাই যে সত্যিকারের একজন ঘরের লক্ষ্মী পেয়েছেন, এটা আমি নিশ্চিত। সেই সঙ্গে আমি যেন ফিরে পেয়েছি আমার ‘মা’কে। তাই তো একটু ছুটি পেলেই বাসায় না গিয়ে সবার আগে ছুটে যাই ভাই-ভাবির কাছে। আমার ভাবির একটি অসাধারণ ক্ষমতা হলো, তার হাতের রান্না করা পায়েস। এই পায়েস আমার কাছে পৃথিবীর সেরা খাবার। এর স্বাদ, গন্ধ যেন অতুলনীয়। একটু পরপর ভাবিকে বলি, ভাবি পায়েস থাকলে একটু দাও।
ভাবি, আপনি আমার শুধু ভাবি না, আপনি আমার রাঙাভাবি। আপনারা যত দিন এই পৃথিবীতে আছেন, আপনাদের ছায়াতলে বেঁচে থাকতে চাই। আপনাদের কাছেই আমার সবকিছু, আপনারাই আমার চলার সঙ্গী।
মো. রফিক
ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া।

ভালোবাসারও যে সীমা থাকা দরকার
মনে পড়ে আজকের তারিখ? যেদিন মধ্যাহ্নে আমাদের দুটি হৃদয় দুই শহরে বসে দূরালাপনিতে অলিখিত চুক্তি করেছিল আজীবন একসাথে চলার, শত বাধায় পাশে থাকার? আমি বলেছিলাম, আমাকে সময় দিতে হবে বিশ্ববিদ্যালয়জীবনের পড়াশোনা শেষ করতে পাঁচ বছর। তুমি বলেছিলে, আমি যদি ভালোবাসি তোমাকে, আমার জন্য অপেক্ষা করবে পাঁচ বছর কেন, আরও বেশি। কিন্তু না, তিন বছরেই তুমি আর তোমার সব বদলে গেল, যেমন রাত বদলে দিন হয়। আমি তো কথা রেখেছি ভালোবেসে, তুমি কেন বদলে গেলে? আমার যে আচরণে তুমি বিরক্ত ছিলে, তা কি আমি বদলাতাম না? সব সময় যোগাযোগ রাখতে চাওয়া, তোমাকে কাছে না পেয়ে বারবার ছবিতে তোমায় দেখতে চাওয়া—এটাও যে সীমা ছাড়িয়ে তোমার ঘৃণার কারণ হবে, বুঝিনি।
আর যখন বুঝেছি, তখন তুমি অন্য হৃদয়ে বাসা বেঁধেছ। ভালোবাসারও যে সীমা থাকা দরকার, সেটা হৃদয়ে আঘাত দিয়েই দেখালে! আসলে তুমি চাওনি আমার পরিবর্তন। নতুন প্রেমের হাতছানিতে সাড়া দিতে তোমার দরকার ছিল অজুহাত, আমার থেকে মুক্তি। তাই আমার অতিরিক্ত ভালোবাসাকেই তোমার ঘৃণার কারণ হিসেবে ব্যাখ্যা করলে। আমি জানি আমার দরিদ্রতাও একটি কারণ। আমাদের দুজনের ঠিকানা এক বিন্দুতে মেলেনি তাই। তাতে আমার দুঃখ নেই, তুমি যে বদলে গেছ, সে আমি সয়ে নিয়েছি বাধ্য হয়েই। স্বপ্নগুলো চোরাবালির মতো ক্ষণস্থায়ী হয়ে হালকা স্রোতে মিলিয়ে গেল। ব্যর্থ হয়েছি তোমাকে খুশি করে ধরে রাখতে। আমাদের দুটি জীবন এক রাস্তায় না গিয়ে দুটি ভিন্ন গলিতে আলাদা হয়ে গেল। নতুনের ডাকে আমাকে দূরে সরিয়ে দিলে, নতুন সঙ্গী হলো তোমার, আমি অচেনা পথিকের মতো আগন্তুক তোমার দৃষ্টিতে। তোমাকে কখনো দোষ দেব না, তোমার নতুন ভালোবাসাকে আমি শ্রদ্ধা জানাই। আমি জানি ভালোবাসা কী। তোমাকে ভালোবেসেই তো শিখেছি।
হাওলাদার ইমরান
ঢাকা বিশ্ববিদ্যালয়

অলংকরণ: তুলি
অলংকরণ: তুলি

আমি ভালো নেই
অনেক ইচ্ছা ছিল বাড়ি যাব, খুব মনে পড়ছে মা-বাবা, ছোট বোনটাকে। কত দিন দেখিনি ওদের। মাকে ছাড়া কোখনো এত দূরে এত দিন থাকিনি। মনে পড়ছে কলেজের বন্ধুদের সঙ্গে কাটানো সময়গুলো। মনে পড়ছে প্রিয় বন্ধুটিকে, কত দিন হয়ে গেল ওর সঙ্গে একটু মজা করা হয়নি। জানি না সবাই কেমন আছ, তবে আমি ভালো নেই তোমাদের ছাড়া। কয়েক দিনের ভেতরেই বাড়িতে যেতে চেয়েছিলাম, কিন্তু আর যাওয়া হলো না। আবারও অসুস্থ হয়ে পড়লাম। জানি না আবার কবে দেখা হবে। কবে আমি সুস্থ হয়ে উঠব। ঢাকা খুবই ছোট্ট একটা শহর। এখানে কারও কথা গোপন থাকে না। তাই আমার কথাটাও গোপন থাকল না, মনের বাক্সে তা লিখে দিলাম। ভালো থেকো সবাই, আবার ফিরে আসব।
সোহাগ
শিবগঞ্জ এম এইচ কলেজ, বগুড়া।

বিস্ময় আর ঘোরলাগা এই সময়টুকু
হঠাৎ রাতের শেষ দিকে ঘুম ভেঙে গেল। মোবাইল ফোনের স্ক্রিন স্পর্শ করতেই দেখলাম রাত ৩টা ১০ মিনিট। এত আলো দেখে জানলায় চোখ রাখলাম, রুপালি চাঁদের হাসিতে চারদিক ঝলমল করছে। একেই মনে হয় বলে, ঠা ঠা আলো। বিশ্বের বসবাসের অযোগ্য দ্বিতীয় এই শহরে, এত সুন্দর আর প্রাণবন্ত পরিবেশ দেখার লোভ সামলাতে পারলাম না। রাতের আকাশপট দেখতে দেখতে কখন যে পুব আকাশে সুয্যিমামা উঁকি মারছে, সেটা বুঝলাম খানিক পর। বিস্ময় আর ঘোরলাগা এই সময়টুকু যেন বারবার ফিরে পাই।
নাম প্রকাশে অনিচ্ছুক

একটিবার হলেও আমার লেখা পোড়ো
জানি না, আমার লেখাগুলো পড়বে কি না। হয়তো পড়বে না, তবু অনুরোধ করব একটিবার হলেও আমার লেখা পোড়ো। আমার লেখায় কিছু প্রশ্ন থাকবে, যা তোমার জানা। ইচ্ছা হলে উত্তর দিয়ো। আর তোমার অনেক না-জানা প্রশ্নের উত্তর থাকবে এই লেখায়, আশা করি বুঝে নেবে। আরও থাকবে আমার মনের আকুতিভরা কিছু কথা, যা তুমি কিছুটা উপলব্ধি করতে পারবে এবং কিছুটা পারবে না। কিন্তু হতাশ হওয়ার কিছু নেই, জীবনের কোনো এক মুহূর্তে মনে পড়বে আমার এই কথাগুলো এবং খুব ভালোভাবে উপলব্ধি হবে।

আমি একটু হেয়ালিতে কথা বলি, যা তোমার রাগের কারণ হবে। গত ২৭ তারিখে তোমার সঙ্গে চ্যাট করার পর আমি আমার ফেব অ্যাকাউন্ট ডি-অ্যাক্টিভ করে দিই। তোমার বলা কথা নিয়ে ভাবতে থাকি। এত দিন আমি শুধু আমার মনকে প্রশ্ন করেছি, আমি তোমাকে ভালোবাসি কি না। মন বলেছে ভালোবাসি। আজ বিবেককে প্রশ্ন করে উত্তর পেলাম—না, আবেগ নয়। আমি তোমাকে ভালোবাসি, এটা বাস্তব সত্য। যদি জানতে চাও তোমাকে কতটুকু ভালোবাসি, আমি বলতে পারব না। তবে এতটুকু বলতে পারি, যতটুকু ভালোবাসলে কাউকে আপন করে পাওয়ার অধিকার জন্মায়, যতটুকু ভালোবাসলে নিজেকে ভুলে থাকা যায়, তোমাকে ততটুকু ভালোবাসি। তোমাকে ভালোবেসে যতবার অজস্র অশ্রু ফেলেছি, যদি তার এক ফোঁটা অশ্রু আমার বাবা-মাকে ভালোবেসে ফেলতাম, তাহলে হয়তো তাঁদের দোয়ায় আমার সব পাপ মোচন হতো।
জি, কে শিকদার
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।

লেখা পাঠানোর ঠিকানা
অধুনা, প্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ই-মেইল: [email protected] ফেসবুক: facebook.com/adhuna.PA.
খামের ওপর ও ই-মেইলের subject-এ লিখুন ‘মনের বাক্স’