মনের বাক্স

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মনের অজান্তে স্বপ্নের নদী পাড়ি দেব
জানি না, ভালোবাসা কেন আজ আমার সঙ্গে লুকোচুরি খেলছে। আমি জীবনে চলার পথে যাকে বেশি পছন্দ করতাম, সে আজ আমাকে কষ্ট দেয়। ভেবেছিলাম, যাকে নিয়ে মনের অজান্তে স্বপ্নের নদী পাড়ি দেব, সে-ই আজ আমাকে ঘৃণা করে। হয়তো আজ আমি তোমাকে হারিয়েছি। যেদিন তুমি আমাকে হারাবে, সেদিন তোমার চোখের জল রেখে যাওয়া স্মৃতিগুলো তোমাকেই স্মরণ করিয়ে দেবে।
হাদিন
কুড়িগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট

.
.

তুমি যা করছ তা কি ঠিক করছ?
আচ্ছা, তুমি যা করছ তা কি ঠিক করছ? সামান্য একটা কথার জন্য তুমি আমাকে এত বড় শাস্তি দিতে পারলে। আচ্ছা, মানলাম যে কথাটা অনেক বড়, আমি বড় একটা অন্যায় করছি। কিন্তু আমার ভালোবাসা কি সেই কথার চেয়ে বেশি না? মানুষ তো ভুল করে, আমিও ভুল করছি। মানলাম, আমি ভুল একটু বেশি করি। আমি তো তোমাকে অনেক বেশি ভালোবাসি। তুমি বলছ যে আমি যেন তোমাকে ভুলে যাই। আর আমি বলি তোমাকে ভুলে যাওয়ার চেয়ে মরে যাওয়া অনেক সুখের। তুমি কীভাবে ভাবলে যে আমি তোমাকে ভুলে যেতে পারব। আমার ভালোবাসা কি এতটাই মূল্যহীন। আমার ভালোবাসা তোমার কাছে মূল্যহীন হলেও আমার কাছে জীবনের চেয়েও বেশি দামি। তুমি যদি আমাকে ছাড়া সুখে থাকতে পারো, তো বেশ। তাই থাকো। আমি তোমাকে আর কখনো বিরক্ত করব না। কারণ, যাকে ভালোবাসা যায়, তার জন্য সব করা যায়। এমনকি জীবনও দিয়ে দেওয়া যায়। তোমার জন্য আমি সব করতে পারব, কিন্তু তোমাকে ভুলতে পারব না। তোমাকে ভালোবেসেছি, ভালোবাসি আর ভালোবেসেই যাব যত দিন বাঁচব। তুমি আমার প্রথম ভালোবাসা আর তুমিই শেষ ভালোবাসা। আমি তোমাকে একটু বেশি ভালোবাসি। আমি তোমাকে খুব খুব মিস করছি।
আবদুল মালেক

আজও তোমাকে চাই
জানি না তোমার মনে হয় কি না আমার কথা। জানি না তোমার মনে জাগে কি না সেই অনুভূতি। যে অনুভূতির জন্য আজও আমি তোমায় নিয়ে স্বপ্ন দেখি, যা অনুভব করে আজও আমি তোমায় ভালোবাসি। যা অনুভব করে তোমার কথা ভাবি। তোমার কথা মনে করে নীরবে-নিঃশব্দে কাঁদি। জানি, এই চোখের জল শুকাবে না কোনো দিন। তবু আজও এটাই চাই, সুখে থাকো, ভালো থাকো।
ইতি
সানজিদা

তুমি পাশে থাকবে তো?
আমি একটু বেশি বিশ্বাস করি তোমাকে। আমিও জানি তুমি আমাকে বিশ্বাস করো। আর বিশ্বাসের ফলেই অটুট থাকে বন্ধুত্ব। কিন্তু কেন জানি ভয় হয়। যদি কখনো হরিয়ে যাও। তুমি জানো, যেদিন তোমার সঙ্গে আমার প্রথম কথা হয়, বন্ধুত্ব হয়, ঠিক সেদিন থেকে আমি শপথ নিয়েছি, যেন আমাদের এই বন্ধুত্ব কোনো দিন ছিন্ন না হয়। আমি প্রতিনিয়ত যেভাবেই হোক আমাদের বন্ধুত্বটাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করি। আমার এই ছোট জীবনে অনেক বন্ধু হয়েছে। কিন্তু তোমার মতো একজনও খুঁজে পাইনি। আর পেতেও চাই না। তাই তোমাকে শুধু একটি কথাই বলতে চাই, পাশে থেকো, ভুলে যেয়ো না। অনেক কষ্ট পাব, অনেক।
রফিকুন্নবী
রংপুর

‘ভালোবাসি’ কথাটি আর বলা হয়ে ওঠেনি
সপ্তম শ্রেণিতে পড়ার সময় তোর সঙ্গে আমার পরিচয়৷ তারপর থেকে একসঙ্গে ঘোরা, সময় কাটানো, গল্প করা, বিশেষ করে তোর সেই মায়াবী হাসিমাখা মুখটাই বেশি মনে পড়ে৷ কিন্তু হারানোর ভয়ে তোকে ‘ভালোবাসি’ কথাটি আর বলা হয়ে ওঠেনি৷ আজ অনেক দিন হয়ে গেল তোকে দেখি না৷ তোকে না দেখে থাকার কষ্টটাকে মানিয়ে নিতে হচ্ছে৷ তাই এখন হয়তো বুঝতে পারছি ভালোবাসা কতটা যন্ত্রণাদায়ক৷ তোর উদ্দেশে আমার এই লেখা৷ আজ এই না-বলা কথাগুলো তোকে বলে দিলাম৷ তোর অপেক্ষায় থাকব৷
আক্তারুজ্জামান খান
হবিগঞ্জ

আমায় ছেড়ে ঠিকই ভালো থাকবে পারবে
যেদিন তুমি আমি দুজন প্রথম একসঙ্গে বসে গল্প করছিলাম, সেদিন আমি শুধু তোমার দিকেই তাকিয়ে ছিলাম। আমার তখন মনে হচ্ছিল, তোমার থেকে এমন সুন্দর মানুষ আর কখনো দেখিনি। আমি শুধু তোমার দিকেই সারাক্ষণ তাকিয়ে থাকতাম। তোমার ভেতরেই আমার সমস্ত সুখ লুকিয়ে ছিল। এই পৃথিবীতে আমার মতো আর একটিও সুখী মানুষ নেই। আমিই পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। কিন্তু আজ সবকিছুই যেন এলোমেলো। এখন আমার মনে হয়, আমার মতো দুঃখী মানুষ আর একটিও নেই। এত ভালোবাসার পরও কেন আমাকে ছেড়ে চলে গেলে। আমি জানি, তুমি হয়তো আমায় ছেড়ে ঠিকই ভালো থাকবে পারবে। কিন্তু বিশ্বাস করো, আমি তোমাকে ছাড়া একটুও ভালো নেই। আমি আজও তোমায় ভালোবাসি। আমি আজও তোমায় বলব, আমার ভালোবাসার কি কোনো কমতি ছিল?
সামিমা সুলতানা
কুষ্টিয়া

.
.

আপনার আইডি আপনার প্রেমিকাও চালায়
আপনার সঙ্গে দেখা না হওয়াটাই ভালো ছিল। আপনাকে দেখার পর থেকেই আমার মন শুধু আপনার কথাই ভাবছে। সহপাঠীরা সবাই জানে, আমি আপনাকে অনেক পছন্দ করি। এসব কথা আপনাকে আমি বলতেও যাইনি। ফেসবুকে শুধু একটা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছিলাম। আমি তো জানতাম না যে আপনার আইডি আপনার প্রেমিকাও চালায়। আর সামান্য একটা রিকোয়েস্টের জন্য আপনার প্রেমিকা আপনার সঙ্গে ঝামেলা করবে, সেটাও বুঝিনি। আর আপনার দিকে তাকাব না। আপনিও আশা করি আর তাকাবেন না...
নির্বোধ বালিকা
ইবি


মনের বাক্স

প্রিয় পাঠক
আপনার মনের না-বলা যেকোনো কথা বা স্বীকারোক্তি বলে ফেলুন অধুনার ‘মনের বাক্স’ বিভাগে। ফেসবুক, ই-মেইল বা চিঠি লিখে জানাতে পারেন মনের কথা।

লেখা পাঠানোর ঠিকানা:
অধুনা, প্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ই-মেইল: [email protected] ফেসবুক: facebook.com/adhuna.PA খামের ওপর ও ই-মেইলের subject-এ লিখুন ‘মনের বাক্স’