মনের বাক্স

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

না-বলা কথা আজও বলা হলো না
আজ তিনটা বছর হয়ে গেল, কিন্তু আমার সেই না-বলা কথাটি আজও বলা হলো না। এই তো ২০১৩ সালের ১৯ জানুয়ারি তোমার সঙ্গে প্রথম দেখা আমার বন্ধু মিজানের বউকে দেখতে গিয়ে। বিশ্বাস করো, ওই দিন তোমাকে প্রথম দেখে আমি অবাক হয়েছিলাম, কীভাবে মানুষ এত সুন্দর হয়। আমি আমার চোখকে কোনোভাবে বোঝাতে পারছিলাম না। তারপর তো তোমার সঙ্গে আমার আরও দু-দুবার দেখা হয়েছে। শুধু চেয়ে চেয়ে তোমার সেই মায়াভরা মুখটি দেখেছিলাম, অনেক ইচ্ছা হয়েছিল কথা বলতে, কিন্তু সাহস পাইনি। তারপর থেকে তো টানা ১৭ দিন আমি ঘুমাতে পারিনি। তোমায় এত বেশি ভালোবেসে ফেলেছি যে আজও একটি সময়ের জন্য তোমাকে ভুলতে পারিনি, অনেক চেষ্টা করেছি তোমার সঙ্গে কথা বলার জন্য। আমার সেই না-বলা কথাটি বলার জন্য, কিন্তু পারিনি। তাই আজ আমি সাহস করে সেই না-বলা কথাটি বলতে চাই, তিশা, আমি তোমাকে ভালোবাসি, আই লাভ ইউ।
এস এম মানিক
কিশোরগঞ্জ।

আমার মনের শেষ ইচ্ছা
আমি এক অসচ্ছল পরিবারের একমাত্র সন্তান। আমার গ্রামের বাড়ি বরিশালে। সেখান থেকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পাস করি। এরপর ঢাকায় আসি উচ্চশিক্ষা অর্জনের জন্য। কিন্তু আমার সেই স্বপ্নের উচ্চশিক্ষা অর্জনের পথে দাঁড়ায় হিমালয়ের সমান বাধা। এখন আমার একদিকে অসচ্ছল মা-বাবাকে পরিচালনা করা, অন্যদিকে আমার উচ্চশিক্ষা অর্জন। কোথায় পাব এত অর্থ। এরই মধ্যে আমার শারীরিক অবস্থা খুবই খারাপ। হয়তো বেশি দিন আমার বেঁচে থাকা সম্ভব নয়। এখন আমি হতাশ। কী হবে আমার বাবা-মায়ের, কী হবে আমার বংশপরিচয়ের।
তাই আমার মনের একটি ইচ্ছা রয়েছে। আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে একটিবার দেখা করতে চাই। যদি আমার এই ইচ্ছাটি পূরণ হতো, তবে আমি মরে গেলেও শান্তি পেতাম। আমি জানি না উচ্চশিক্ষার মতো এই ইচ্ছাটিও পূরণ হবে কি না।
সোহাদুল ইসলাম
বরিশাল।

আমার ছোট আপু
স্মৃতি হাসনাত রুবাইয়া। আমার অত্যন্ত আদরের ছোট বোন। নামটি আমারই দেওয়া। সে এবার তৃতীয় শ্রেণিতে উঠেছে। সে যেন একটা সুরভিত পুষ্প। একটু দুষ্টুমিও করে। যেমন খুব সকালে মসজিদে আরবি পড়তে যেতে হয়। কিন্তু কখনোবা ঘুম থেকে জাগতে দেরি করে আবার রাতে তাকে নিয়ে পড়তে বসলে কিছুক্ষণ পর বলবে, আমার পেটব্যথা করছে, আর পড়ব না। তখন খুবই রাগ হয় তার ওপর। তিন বছর আগ থেকে স্মৃতি সাঁতার কাটতে পারে।
এখন আমি রাজধানীতে। বেশ কয়েক মাস গত হয়েছে, তাকে দেখিনি। আজ অসম্ভব মনে পড়ছে তার কথা। ভীষণ খারাপ লাগছে। সে খুবই বুদ্ধিমতী। তাই তো তার জ্ঞানগুলোও পাকা ধরনের। তার মজার আলাপন আমরা পরিবারের সবাই উপভোগ করি। সে হচ্ছে সবার মধ্যমণি। মুঠোফোন ধরলে বকবক করতেই থাকে। ছাড়তেই চায় না। কবে যে গাঁয়ের বাড়িতে যাব? সবকিছুই অসহ্য লাগছে।
আপু, তোকে অনেক, অ-নেক ভালোবাসি। তোর মুখের ওই ‘ভাইয়া’ ডাক শুনতে আকুল থাকি অহর্নিশ! সুন্দর থাকিস।
মঈনুল আহমদ
টেকাকাশিপুর, সাতক্ষীরা।

মনের বাক্স
প্রিয় পাঠক
আপনার মনের না-বলা যেকোনো কথা বা স্বীকারোক্তি বলে ফেলুন অধুনার ‘মনের বাক্স’ বিভাগে। ফেসবুক, ই-মেইল বা চিঠি লিখে জানাতে পারেন মনের কথা।

লেখা পাঠানোর ঠিকানা:
অধুনা, প্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫। ই-মেইল: [email protected] ফেসবুক: facebook.com/adhuna.PA
খামের ওপর ও ই-মেইলের subject-এ লিখুন ‘মনের বাক্স’