মনের বাক্স

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

কেন বুঝিস না তুই আমাকে?
তোর সঙ্গে প্রথম যখন বন্ধুত্ব হলো ২০১৪ সালে, বিশ্বাস কর—একদমই সহ্য করতে পারতাম না তোকে। ফেসবুকে তুই আমাকে নক করতি। আর আমি অনিচ্ছায় উত্তর দিতাম। তোর ওপর বিরক্তিগুলো কেন ছিল, তা জানি না। তাই হঠাৎ একদিন তোর সঙ্গে যোগাযোগ বন্ধ করে দিলাম। তুই আমাকে অনবরত ম্যাসেজ দিতি। আমি দেখেও রিপ্লাই দিতাম না। সাত-আট মাস পর হঠাৎ আবারও কী কারণে যেন কথা হয়ে গেল আমাদের। তখন জানতে পারি, তুই একজনকে ভালোবাসিস। শুনে কোনো অনুভূতি কাজ করল না। কারণ, আমি তো তোকে সহ্যই করতে পারতাম না! হা হা হা।
২০১৫ সালের শেষের দিক থেকে তোকে খুব আপন মনে হতে লাগল। এবার কারণ ছিল আপন ভাবার। আর সেটা হলো, তুই সব সময় আমার সঙ্গে ছিলি। আমার একাকিত্ব, আমার মন খারাপে সব সময় পাশে ছিলি। এটাই অবশেষে উপলব্ধি করতে পারলাম। তাই এবার আর নিজেকে আটকে রাখিনি। আর ‘রিপু’ তোর থেকে সব সময় দূরে থাকার একটাই কারণ ছিল, আর তা হলো তুই আমার থেকে ছোট। জানি, আমি তোর থেকে বেশি না হলেও একটু বড়।
কিন্তু এই সমাজ মেয়েদের বয়সটা ছেলের থেকে একটু বেশি—এটা সহজে মেনে নেয় না। তাই নিজের শত কষ্ট হলেও তোর থেকে দূরে সরে ছিলাম। একটি বার আমাকে বোঝার চেষ্টা করিস। আমি তোকে অনেক ভালোবাসি কিন্তু হয়তো কখনোই এটা তোকে বলা হবে না। হয়তো এভাবেই নিজের সঙ্গে যুদ্ধ করে নিজের মাঝেই ভালোবাসাকে বাঁচিয়ে রাখতে হবে। হ্যাঁ, আমি একটু বেশি রাগী, সেটা তো তুই জানিস। কিন্তু এই রাগের পেছনে তোর জন্য যে মায়া আর ভালোবাসা, সেটা কেন বুঝিস না বুদ্ধুটা? কেন বুঝিস না!
তোর দেওয়া নাম ‘সাদু’

‘এ তোমার কেমন ভালোবাসা’
জানি, আমার মতো তুমিও আমাকে ভালোবাসো। কিন্তু মন থেকে ভালোবাসো কি না জানি না। আর তুমি এও জানো যে, আমি তোমাকে কতটা ভালোবাসি। কিন্তু তুমি আজ অব্দি বুঝতে চেষ্টা করোনি আমার ভালোবাসার ভাষাকে। মূল্য দাওনি আমার ভালো লাগা-মন্দ লাগাকে, বুঝতে চেষ্টা করোনি আমাকে।
আমার ভালো লাগার বিষয়গুলো যেমনটি মনে রাখতে পারো না, তেমনি আমার ভালো না লাগার বিষয়গুলোকে পরিহার করে চলতে সামান্যতম ভেবে দেখোনি।

আমার সঙ্গে দেখা করতেই সময়ের যত টানাপোড়েন পড়ে তোমার। আমার সঙ্গে দেখা করার জন্য সময় বের করতেই যত ঝামেলায় পড়তে হয় তোমার। আমার সঙ্গে কিছুক্ষণ থাকার সময় কেবল অল্পতেই হাঁপিয়ে যাও তুমি। অথচ আমি ব্যতিরেকে সব জায়গায়, সব আয়োজনে সময়ের বন্দোবস্ত হয় তোমার। আর এ ক্ষেত্রে সময় বের করে নিতে অসাধ্যকে সাধন করতে কোনো ঝামেলা থাকে না তোমার।
আমার ভালো লাগা, মন্দ লাগা, ইচ্ছা-অনিচ্ছা, আদেশ-নিষেধ ইত্যাদি ভেবে দেখার এতটুকু ইচ্ছা বা সময় তোমার নেই। তাহলে আমার প্রতি ‘এ তোমার কেমন ভালোবাসা’...?
আরিয়া
জামালপুর।

শুধু ভালোবেসেছিলাম বলে!
নিজের কষ্টটা চেপে রেখে কেন আমার কাছ থেকে দূরে চলে যাচ্ছ, এমনটা তো হওয়ার কথা ছিল না। ভালোবাসার হাতটা তো তুমিই বাড়িয়ে দিয়েছিলে। ভালোবাসতেও শিখিয়েছ। কথা দিয়েছিলে সারা জীবন একসঙ্গে থাকবে, আমার পা দিয়ে চলবে, আমার চোখ দিয়ে দেখবে। নিজের সবটা তো আমায় উজাড় করে দিয়েছিলে, তবে কেন এখন এমনটা করছ আমার সঙ্গে। কী ভুল ছিল আমার? আমি তো কোনো অন্যায় করিনি। শুধু ভালোবেসেছিলাম বলে?
জীবনে আজ পর্যন্ত তো আমি কাউকে ঠকাইনি, তবে কেন তুমি আমায় ঠকানোর কথা ভাবছ। প্রিয়জন হারানোর ব্যথাটা তো তুমি বোঝো, তবে কেন সেই ব্যথাটা আমাকে দিচ্ছ। আমি তো কখনো তোমার সুখের ভাগটুকু চাইনি, শুধু দুঃখ ভাগ করে নিতে চেয়েছি। জানি, তুমি একটা ঘোরের মধ্যে আছ, সেই ঘোরটা একদিন কেটে যাবে আর সবটা ঠিক হয়ে যাবে। সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি, সেই দিনটি পর্যন্ত আমায় যেন অনেক ধৈর্য দেয়, কোনো ভুল সিদ্ধান্ত না নিই। ভালো থেকো, অপেক্ষা করব তোমার জন্য। অনেক বেশি ভালোবাসি তোমাকে।
পার্থ, বরিশাল

তুই কি জানিস?
তোকে আসলেই আমি খুব চাই। জানি না কতটুকু ভালোবাসি। কিন্তু এর চেয়ে আর কেউ তোকে আমার মতো করে ভালোবাসতে পারবে না। এটা মনে রাখিস। তোকে সারা জীবনের জন্য পেতেও ইচ্ছা করে। আবার ভয়ও করে। ভয়টা কিসের জানিস? তোকে আগলে রাখার ভয়। তোকে এতই দামি মনে হয়, এত মূল্যবান সম্পদ মনে হয়, আমি তোকে পাওয়ার যোগ্য কি না, সন্দিহান। আমি যোগ্যও কি না জানি না, কিন্তু অনেক বেশিই ভালোবাসি।
আমাকে তোর ভালো না বাসলেও চলবে। তোর জন্য আমার জমে থাকা কথাগুলো শুনলেই হবে। আর কিছুই লাগবে না। তুই যে আমার সঙ্গে কথা বলিস, এটাই অনেক। সেখানে তোর থেকে ভালোবাসা পাওয়ার আশা করাটা বেশি কিছু মনে হয়।
ইতি
সানিম

কেন জানি না এত ভালো লাগতো তোকে
তখন তো খুব ছোট ছিলাম। তৃতীয় শ্রেণিতে পড়তাম ফরিদাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। সেই ছোট্টবেলায় কেন জানি না এত ভালো লাগতো তোকে। বাবা মারা যাওয়ার পর সেই যে স্কুল ছেড়ে চলে এলাম, আর তো দেখা হয়নি তোর সঙ্গে। মাঝে তাহের, আজিজসহ অনেকের সঙ্গে কথা হলেও কেউই তোর কোনো খোঁজ দিতে পারেনি। আজ আমি অনার্স দ্বিতীয় বর্ষে পড়ি। কত বড় হয়ে গেছি কিন্তু জানিস তো, আজও তুই আছিস ঠিক আগেরই মতো। এখনো তোর সে নিশ্চুপ কোমল মুখখানা আমায় ভাবায়। জানি তুই অনেক বদলে গেছিস, অনেক বড় হয়ে গেছিস কিন্তু আমার কাছে সারা জীবন তুই সেই ছোট্টটিই থাকবি। তোকে ছাড়া মনের সেই শূন্য জায়গা শূন্যই থেকে যাবে। জানি না আর কোনো দিন তোর সঙ্গে দেখা হবে কি না। আর কোনো দিন দেখা না হলেও তুই থাকবি সেই আগেরই মতো।
মো. নয়ন খান

তুই আমার পাশেই আছিস
ছোটবেলার বন্ধু আজ আমরা একে অপরের কাছ থেকে অনেক দূরে। চাইলেও আমরা ছোটবেলায় ফিরে যেতে পারব না। কিন্তু সেই ছোট সম্পর্ককে একটু বড় করে দেখতে তো পারি। জানিস, আজ তোর হাতে হাত না রেখে চলতে শিখেছি। তবে তোর সঙ্গে কাটানো স্বর্ণালি বিকেলগুলোর হাসি, কথা, অভিমানগুলো ভুলতে পারিনি। আজ আমার মনে হয়, তুই আমার পাশেই আছিস। কিন্তু কথা বলছিস না। তুই কি অভিমান করেছিস? তোর আমার কথা একটি বারও মনে পড়ে না? তুই কি আমায় ভুলে গেছিস? জানিস, সেই ছোটবেলার স্মৃতিগুলো মনের আয়নায় উঁকি মারে বারবার। তুইও কি আমার মতো পেছনে ফিরে তাকাস?
মুহিম, পিরোজপুর

.
.
প্রিয় পাঠক
আপনার মনের না-বলা যেকোনো কথা বা স্বীকারোক্তি বলে ফেলুন অধুনার ‘মনের বাক্স’ বিভাগে। ফেসবুক, ই-মেইল বা চিঠি লিখে জানাতে পারেন মনের কথা।
লেখা পাঠানোর ঠিকানা: অধুনা, প্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫। ই-মেইল: [email protected] ফেসবুক: facebook.com/adhuna.PA খামের ওপর ও ই-মেইলের subject-এ লিখুন ‘মনের বাক্স’