মনের বাক্স
সবটাই পাগলামি
এই তো তুমি এলে! কিন্তু মনে হয় অনেক দিন ধরে আমার মুখাবয়বহীন স্বপ্নের অস্তিত্বের সমগ্র জুড়ে তুমি ছিলে। যখন তুমি আমার কাছ থেকে দূরে থাকো, অনেক ব্যস্ত থাকো তখন কখনো তোমার ছবি, মুঠোফোনে রেখে দেওয়া তোমার আওয়াজ শুনে কিংবা মুঠোফোনে পাঠানো খুদে বার্তাগুলো নিয়ে আমার সব অবসর কেটে যায়। আর ব্যস্ততা কীভাবে কাটে জানতে চাও? তা-ও তোমাকে ঘিরে—ম্যারাথন মিটিংয়ের ফাঁকে মুঠোফোনের স্ক্রিনে তোমার ছবি দেখে মিটিংয়ের গম্ভীর পরিবেশকে প্রশান্তিময় মনে হয়, কম্পিউটার স্ক্রিনে কিংবা ফেসবুকে তোমাকেই খুঁজে ফিরি, মুঠোফোনের অন্য প্রান্তে তোমার কণ্ঠধ্বনি শোনার প্রত্যাশায় স্ক্রিনের দিকে তাকিয়ে থেকে, আর যখন সঙ্গে থাকো তখন তো কথাই নেই। ইচ্ছে করে সারাক্ষণ তোমার হাতটা ধরে থাকি। কিন্তু মস্তিষ্কের সঙ্গে লড়াইয়ে হার মানে হৃদয়। সবটাই পাগলামি, তাই না? কিন্তু এ পাগলামিটাই আমার আনন্দ-খুশির উৎস। আর এ উৎসের একমাত্র উৎসই ‘তুমি’। সবচেয়ে বড় কথা—তুমি আছ...তুমি আছ বলেই...স্বপ্ন কিংবা জাগরণে...ভালোবাসাময় পৃথিবী।
অনুরূপা, চট্টগ্রাম
সে এখন অনেক দূরে
সে আমার। যার পথ চেয়ে হাত বাড়িয়ে থাকতাম। বহুবার কাছে আসার জন্য বলেছি। সে অবুঝ বালিকার মতো এড়িয়ে গেছে। দূর থেকে ভালোবেসে যাওয়ার জন্য বলল। দূর থেকে কি ভালোবাসা হয়? অপেক্ষায় থাকলাম। কিন্তু অপেক্ষার পালা শেষ হয় না। ভালোবাসাটা সরাসরি বলতে চেয়েও বলা হয়নি। দিন যেতে থাকল। যেতে যেতে সে বহুদূর চলে গেছে। এখন সে অনেক দূরে, বহুদূরে।
হিমেল, নোয়াখালী।
আমি যা চাই তা তুমি নও
জানো তো, খুব বেশি ভালোবাসলে তা অধরাই থেকে যায়। তোমায় আমি অনেক ভালোবাসি। তোমার সঙ্গে আমার কোনো মিল নেই, আমি যা চাই তা তুমি নও। তবু তোমায় ভালোবাসি। আমি জানি তুমি আমায় ভালোবাস না। তবু আমি তোমায় ভালোবাসি...
নাম প্রকাশে অনিচ্ছুক
মনের বাক্স
প্রিয় পাঠক,
আপনার মনের না-বলা যেকোনো কথা বা স্বীকারোক্তি বলে ফেলুন অধুনার ‘মনের বাক্স’ বিভাগে।
ফেসবুক, ই-মেইল বা চিঠি লিখে জানাতে পারেন মনের কথা।
লেখা পাঠানোর ঠিকানা:
অধুনা, প্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫। ই-মেইল: [email protected] ফেসবুক: facebook.com/adhuna.PA
খামের ওপর ও ই-মেইলের subject-এ লিখুন ‘মনের বাক্স’