মনের বাক্স

মানুষের কান্না কখন পায়
আমি এখন পড়ালেখার জন্য হোস্টেলে থাকি। আব্বু-আম্মু, বড় বোনকে খুব মিস করছি। কথাটা লিখতে গিয়েই পাতার ওপর টপ করে একফোঁটা পানি পড়ল। মানুষের কান্না কখন পায়, তা জানার খুব ইচ্ছে ছিল।
বয়স হওয়ার পর কান্না জিনিসটা এক প্রকার ভুলেই গিয়েছিলাম। কিন্তু এখন বুঝলাম, সেটা এখনো মোমি হয়ে চোখের কোণে এক বাক্সে বন্দী আছে। এখন আর আব্বুর সঙ্গে বসে তার ছোটবেলা নামক রূপকথার গল্প শুনতে পারছি না। আম্মুর সঙ্গে জিদ করে বলতে পারছি না, ডিম ভেজে দাও, নয়তো খাব না। অথবা এক বর্ষাবিকেলে কাকভেজা হয়ে বাসায় ফিরে শুনতে পারছি না তার বকুনির সঙ্গে আদর।
কম্পিউটারের কি-বোর্ডের ধুলোতে হাত আবার নোংরা করে টাইপ করতে ইচ্ছা করছে। বড় বোনটাকে বিভিন্ন নামে ডেকে খ্যাপাতে পারছি না, পারছি না তার সঙ্গে অযথা ঝগড়া করতে অথবা রাতবিরাতে ডেকে বলতে পারছি না, আপু, এক কাপ চা বানিয়ে দাও।
না, কাউকেই কিছু বলতে পারছি না, নিজের রুম থেকে সকালবেলা ঘুম থেকে উঠে দেখতে পারছি না ছেঁড়া ছেঁড়া রোদ্দুর।
অশ্রুটা না মুছেই লিখে চলেছি, মুছতে ইচ্ছা করছে না। এই একফোঁটা জলের যে অনেক মূল্য।
মো. হেলাল উদ্দিন
রাজবাড়ী।
অপেক্ষায় থাকব...
দীর্ঘ পাঁচটি বছর আমাকে নিঃস্বার্থভাবে ভালোবেসে গেলে। তোমার ভালোবাসা এবং ত্যাগের কোনো মূল্য দিতে পারিনি। সরল বিশ্বাসের সুযোগ নিয়ে আঘাত দিয়েছি বারবার। তোমার ভালোবাসার ঋণ শোধ করা আমার পক্ষে অসম্ভব ও দুঃসাধ্য। তোমার অপেক্ষায় থাকব। একটু সুযোগ দিয়ো, যাতে ঋণের বোঝাটা অন্তত হালকা করে নিতে পারি। যদি পারো ক্ষমা কোরো। ক্ষমা কোরো আমার অক্ষমতাকে।
তোমার
অপদার্থ মানিক
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।
নীরব ভালোবাসা
কাঁচা হলুদের মতো গায়ের রং, মায়াবী দুই চোখ, অপরূপ হাসি কিংবা ছোট ছোট পায়ে গুটিগুটি হাঁটা। তোমার প্রকৃত সৌন্দর্য লুকায়িত তোমার কোমল মনের আন্তরিকতায়। ভালোবাসার সঠিক সংজ্ঞা বা অর্থ কোনোটাই আমার জানা নেই। তবে কেন জানি মনে হয়, আমি তোমাকে ভালোবাসি। কারণ, তোমাকে এক নজর না দেখে আমি থাকতে পারি না। তাই তোমাকে একটু দেখার জন্য তোমার চলার রাস্তায় অপেক্ষা করি। তোমার কণ্ঠ না শুনলে রাতে ভালোমতো ঘুমাতে পারি না। পাঁচ বছর ধরে এভাবে কাটছে আমার জীবন। কিন্তু কখনো তোমাকে বলতে পারিনি আমি তোমাকে ভালোবাসি। ভবিষ্যতে কখনো বলতে পারব কি না, আমি জানি না। তবে তোমাকে হারানোর বেদনাটা নিশ্চয়ই সহ্য করতে পারব না। কারণ, আমার কাছে তোমার থেকে মূল্যবান আর কিছুই নেই।
মাইদুল ইসলাম
ময়মনসিংহ
তোমাকে ঘিরে মা...
আমার সম্পূর্ণ পৃথিবীটাই তোমাকে ঘিরে মা। পৃথিবীর সব মানুষ আমার বিপক্ষে থাকলেও একমাত্র তুমিই থাকো আমার পক্ষে। এত বড় পৃথিবীতে শুধু একজনই আমাকে বোঝার চেষ্টা করে, সে তুমি। আমার বেঁচে থাকার সব শখ-আহ্লাদ তোমাকে ঘিরে। তোমাকে কোনো দিন যা বলতে পারিনি, তা আজ বলে দিতে চাই—‘সত্যিই আমি তোমাকে খুব ভালোবাসি, মা।’
তোমার আদরের
সামিয়া
টাঙ্গাইল
মনে পড়ে না
তুষার,
তোর কি আমার কথা একবারও মনে পড়ে না? তোর স্মৃতিগুলো আমি আমার মনের গহিনে লুকিয়ে রেখেছি। তোর সঙ্গে জীবনে একবার শুধু একটিবার দেখা করতে চাই—এটা বিধাতার কাছে আমার করুণ আকুতি। ক্যাম্পাসে দুজনে হাত ধরে ঘুরে বেড়িয়েছি কত!
প্লিজ, ফিরে আয়।
তোর বান্ধবী, কুষ্টিয়া
ফিরে এসো
আমি অনেক দিন আগে তোমাকে হারিয়ে ফেলেছি। কিন্তু আজও তোমার জন্য আমার মনটা কাঁদে। এ মনটা শুধু একবার তোমাকে দেখতে চায়। হয়তো তুমি ইচ্ছা করেই আমার থেকে দূরে থাকতে চাইছ। কোথায় আছ তুমি? তোমাকে ভীষণ মনে পড়ে। মনের গহিনে একটাই আকুতি, শেষ একবার দেখা দাও...একবার, শুধু একবার। জীবনের শেষ দিন পর্যন্ত আমি তোমার অপেক্ষায় থাকব।
তোমার শুভাকাঙ্ক্ষী
কেউ একজন
মনের বাক্স
প্রিয় পাঠক
আপনার মনের না-বলা যেকোনো কথা বা স্বীকারোক্তি বলে ফেলুন অধুনার ‘মনের বাক্স’ বিভাগে। ফেসবুক, ই-মেইল বা চিঠি লিখে জানাতে পারেন মনের কথা।
লেখা পাঠানোর ঠিকানা: অধুনা, প্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫। ই-মেইল: [email protected] ফেসবুক: facebook.com/adhuna.PA খামের ওপর ও ই-মেইলের subject-এ লিখুন ‘মনের বাক্স’