মনের বাক্স

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনেক দূরের তুই
সবগুলো সত্যকে একনিমেষে কী করে পারলি মিথ্যে করে ফেলতে? তোকে ভালোবাসতে কি কোনো কার্পণ্য করেছিলাম? এত দূরে তুই চলে গিয়েছিস, সেই পর্বতসম দূরত্ব আমাকে বারবার ‘খুন’ করে চলেছে...
একবার চেয়ে দেখ, কত সুন্দর বৃষ্টি বাইরে! তোর ভালোবাসার বৃষ্টি। আকাশের সব মেঘ আমার কণ্ঠের কাছে এসে জমে আছে। ভীষণ ইচ্ছা করে তোর হাতটা ধরে সে মেঘগুলো থেকে খুব বৃষ্টি ঝরাব, খুব...
নাম প্রকাশে অনিচ্ছুক


তুমি কেমন আছ?
তুমি তো জানো না, তোমার আগে আমি আর কাউকে তুমি বলার অনুমতি দিইনি। আমার নাম ধরে ডাকার অনুমতি দিইনি। তোমার যা যা পছন্দ, সব আমি নিজের মধ্যে ধারণ করেছি, লালন করেছি। আর তোমার অপছন্দগুলো আমিও অপছন্দ করা শুরু করেছি। তুমি তো জানো না, তোমার জন্য কতটা প্রস্তুত হয়ে বসে ছিলাম। যেভাবে প্রকৃতি বৃষ্টির প্রথম পরশের জন্য অপেক্ষা করে, যেভাবে একটি বিপ্লবী দেশ স্বাধীনতার জন্য অপেক্ষা করে। প্রস্তুতি শেষ হওয়ার আগে তুমি চলে গেলে। মাঝেমধ্যে জানতে বড় ইচ্ছা হয়, তুমি কেমন আছ?
শাইলা, ঢাকা


তুমি শুনতে কি পাও?
অতৃপ্ত অনুভূতি নিয়ে ভাবতে থাকা আজকাল একটা অভ্যাসে রূপ নিয়েছে। যেটার না-আছে দৃশ্যমানতা, না-আছে বাস্তবতা। শুধু নিরন্তর তোমাকে নিয়ে ভাবতে থাকা। আচ্ছা! বলতে পারো? মানুষ কেন তার কল্পনাকে এত বড় করে দেখে। সেভাবে জীবন সাজাতে চায়, স্বপ্নের মতো শূন্যে ভাসতে থাকে। বলতে পারো, মানুষ কেন এত কঠিন-কমল হয়ে ওঠে। সে হয়তো তুমি বুঝবে না! তোমার শুধু নিজেকে নিয়েই পথচলা। তোমার পথপানে চেয়ে থাকা ছায়াসঙ্গীর হৃৎস্পন্দন। তুমি শুনতে কি পাও?
শক্তি, রংপুর


ভালোবেসে ভুলগুলো শুধরে দিয়ো
প্রথম যেদিন তোমাকে মনের অজান্তে ভালোবাসা শুরু করেছিলাম, তখন ভেবেছিলাম—কোনো ভুল করলাম না তো! এতগুলো বছর পার করেও যখন তোমাকে ভালোবাসি, তখন ভাবি—কোনো ভুল করছি না তো!
আগামী দিনগুলোতেও যখন তোমাকে ভালোবাসব বলে প্রতিজ্ঞা করি, তখন ভাবি—কোনো ভুল করব না তো!
যদি কোনো ভুল করে থাকি, তাহলে ভালোবেসে
ভুলগুলো শুধরে দিয়ো।
নাম প্রকাশে অনিচ্ছুক


মনের বাক্স

প্রিয় পাঠক,
আপনার মনের না-বলা যেকোনো কথা বা স্বীকারোক্তি বলে ফেলুন অধুনার ‘মনের বাক্স’ বিভাগে।
ফেসবুক, ই-মেইল বা চিঠি লিখে জানাতে পারেন মনের কথা।

লেখা পাঠানোর ঠিকানা:
অধুনা, প্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫। ই-মেইল: [email protected] ফেসবুক: facebook.com/adhuna.PA
খামের ওপর ও ই-মেইলের subject-এ লিখুন ‘মনের বাক্স’