মনের বাক্স

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুপ্ত ভালোবাসা নিবু নিবু করে জ্বলে
তুমি কেমন আছো আর কোথায় আছো জানি না। কিন্তু সেই ১৯৬৭ সাল থেকে হৃদয়ে এখনো তুমি শুকতারার মতো জ্বলজ্বল করছ। কি আনন্দ, কি বেদনার মুহূর্তে তোমার কায়া চোখে ভাসে। মনে ছায়া ফেলে কিন্তু সবই আজ মরীচিকা। যে কথাটা সেদিন বলতে পারো নাই, জানি না আজ জীবনের সায়াহ্নে এসে সে কথা বলার অবকাশ আছে কি না। তবে আমি আজও বলি, তোমাকে এখনো হৃদয়ের এক কোণের ভালোবাসায় জমিয়ে রেখেছি।
আবদুস সামাদ
ঢাকা-১২০৪

আমি তোমাকে ভালোবাসি
‘আমি তোমাকে ভালোবাসি’—কথাটি কতবার তোমাকে বললে তুমি আমার মনের ব্যাকুলতা বুঝবে? তোমাকে খুব দেখতে ইচ্ছা করে—তাই কত দিন তোমার ওই মুখচ্ছবি দেখার জন্য আমার অপেক্ষা করতে হবে। গত বছর ঠিক এই সময়টাতে তুমি ছিলে আমার দৃষ্টির সীমানাজুড়ে। কিন্তু আজ এই দিনে তুমি আমার কাছে নেই। বুকটা খালি খালি লাগে। আমার কোনো স্মৃতি কি ভাসে না তোমার চোখে? যদি কখনো মনে পড়ে ভেবে নিয়ো ভালো আছি তোমার ব্যথা বুকে নিয়ে।
উজ্জ্বল
পটুয়াখালী।

তোমাদের শুভকামনা
তোমাকে নিয়ে লেখার মতো দুঃসাধ্য কাজ হয়তো দ্বিতীয়বার করব না কখনো। কিছু না-বলা কথা জানাতেই লিখছি আজ। তুমি চলে গেছো কয়েক বছর হবে। না, হয়তো আমিই আগলে রাখতে পারিনি তোমায়। কিন্তু আমাদের একান্ত মুহূর্তগুলোর স্মৃতি আজও তাড়া করে। তোমার ফোন নম্বর আছে বাড়ির রাস্তাও চেনা, কিন্তু কী হবে এসবে? কী করে দাঁড়াব তোমার সামনে আমি? তুমিই বলো।
শুনেছি, তোমার জীবনে নতুন কেউ এসেছে। শুভকামনা তার জন্যও। ভালো থাকবে।
মাহদির ওমর
সাভার, ঢাকা।

শুধুই কি ফেসবুকে থাকবে? নাকি...
তোমার ফেসবুকে ‘আই অ্যাম অ্যালোন বাট হ্যাপি’ লেখাটা দেখলাম। তুমি সুখে থাকলেও আমি সুখে নেই। শ্রাবণ তো এসে গেল, কার সঙ্গে ভিজব বলতে পারো? একসঙ্গে বৃষ্টিতে ভেজা, রিকশায় চড়ে ঘুরে বেড়ানো কিংবা হাত ধরে রাস্তায় পথচলা—এসবের কি কিছুই হবে না আর? প্রায় সাড়ে তিন শ কিলোমিটার দূরে থাকলেও তোমায় বড্ড বেশি ভালোবাসি মুন। ফিরে এসো।
নিশাত
রাজশাহী।


প্রিয় পাঠক,
আপনার মনের না-বলা যেকোনো কথা বা স্বীকারোক্তি বলে ফেলুন অধুনার ‘মনের বাক্স’ বিভাগে।
ফেসবুক, ই-মেইল বা চিঠি লিখে জানাতে পারেন মনের কথা।

লেখা পাঠানোর ঠিকানা:
অধুনা, প্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫। ই-মেইল: [email protected] ফেসবুক: facebook.com/adhuna.PA
খামের ওপর ও ই-মেইলের subject-এ লিখুন ‘মনের বাক্স’