মনের বাক্স
কোনো এক শরতের বিকেলে দেখা হবে
অনেক দিন পর তোমায় লিখতে বসলাম। কেমন আছে আমাদের রাজকন্যা? আজ তোমার আর বাবার অনেক দিনের অনুরোধ রাখলাম। তোমার থেকে দূরে থাকার কোনো ইচ্ছাই ছিল না। আমার ভবিষ্যৎ নিয়ে তোমায় অনেক ভুগিয়েছি, দুঃখিত তার জন্য। যে কাজটা শুধু আমার সম্মতির অপেক্ষায় ছিল, আজ সেটা শুরু হলো। কী ভেবে বাবাকে সম্মতি জানালাম জানি না। বাবা, মা, ছোট ভাই—সবার জন্য এ সিদ্ধান্ত। তুমি খুশি? আমি মনেপ্রাণে চাইছি, যাতে ওরা আমার আবেদন গ্রহণ না করে। সবকিছু কেমন যেন ঘোলাটে হয়ে যাচ্ছে। আসলে চেইন অব কমান্ড নামে একটা ব্যাপার আছে, সেটা না তুমি ভাঙতে পারবে, না আমি। তবু চেষ্টার কোনো ত্রুটি করছি না। কিন্তু তার জন্য অনেকটা সময়, ধৈর্য দরকার। চেয়েছিলাম দুজনে একসঙ্গে আবেদন করব। কিন্তু তুমি ভেবো না, হয়তো কয়েকটা বর্ষা, গ্রীষ্ম দেখা হবে না। তোমার কাছে বারবার ছুটে আসা হবে না, সারপ্রাইজ দেওয়া হবে না, কিন্তু কোনো এক শরতের বিকেলে ১০টা গোলাপ আর তোমার প্রিয় আইসক্রিম নিয়ে ঠিকই তোমার বাসার কলবেল চাপব। আর রাজ্যের সব খুশি যেন প্রিয় মুখটায় দেখতে পাই...
সুজন
নোয়াখালী।

কেন তুমি এমন করো?
আমাকে এড়িয়ে চলার দারুণ একটি ক্ষমতা আছে তোমার। কেন এড়িয়ে চলো? ভালোবাসি বলে? আশ্চর্য না ব্যাপারটা! আমাকে দেখেই কি তুমি ফেসবুকে টার্ন অফ চ্যাট করে ফেলো। কিন্তু তোমার উপস্থিতি তো আমি সব সময়ই টের পাই! তোমাকে আমি বলেছিলাম, আমি তোমাকে ভুলতে পারব না, সত্যি ভালোবাসি! কেন তুমি এমন করো?
কানন
আমি হয়তো খুব ভালো বন্ধু নই
আমাদের দুজনের বাস দুই বিপরীত মেরুতে। তুমি শান্তশিষ্ট, লক্ষ্মী একটা মেয়ে, আর আমি খুবই দুষ্টু মেয়ে। ক্লাসে কান ধরে দাঁড়িয়ে থাকা আমার অভ্যাসে পরিণত হয়েছিল, আর তুমি হয়তো শাস্তিই পাওনি। একটা ফেসবুক অ্যাকাউন্ট খোলার জন্য তোমাকে আমি সেই কবে থেকে বলছি, আর তোমার কি না ওসব ভালো লাগে না। অনেকে হয়তো অবাক হবে, আমরা দুজন বন্ধু হলাম কী করে?
আমার কাছে তো আমাদের বন্ধুত্বটাকেই স্বাভাবিক মনে হয়, বাকি সবকিছুই যেন অস্বাভাবিক! এই তো সেদিন মালয়েশিয়ার প্লেনটা হারিয়ে গেল, এক রোবট সেদিন এক নারীর চুল খেয়ে ফেলল...এগুলো অস্বাভাবিক না? হ্যাঁ, আমাদের বন্ধুত্বটাই শুধু ঠিক, বাকি সব বেঠিক।
এবারও বন্ধু দিবসে তোমার সঙ্গে দেখা হবে না। অসুবিধা নেই, গত আট বছরের প্রতিটা দিনই ছিল আমাদের বন্ধুত্বের দিবস। আলাদা করে একটা দিনের কোনো প্রয়োজন নেই আমাদের! আমি জানি, আমি হয়তো খুব ভালো বন্ধু নই। আমার পুরোনো ডায়েরিটার কথা নাহয় বাদই দিলাম। কিন্তু শোনো, তুমি আমার সবচেয়ে ভালো বন্ধু। ভবিষ্যতে হয়তো আমার নাতি-নাতনিরা আমাদের বন্ধুত্বের গল্প শুনতে শুনতে বিরক্ত হয়ে যাবে, তবু আমি ওদের একই গল্প বলে বলে আরও বিরক্ত করব। তুমিও তখন আমার সঙ্গে তাল মিলিয়ে ওদের জ্বালাতন করবে, ঠিক আছে? তোমাকে ধন্যবাদ। আমার এই ছোট্ট জীবনের সৌন্দর্যকে আরও অনেকখানি বাড়িয়ে দেওয়ার জন্য!
লুবা
সব আগের মতো চাই
দুই মাসের লম্বা বিচ্ছেদের পর আমাদের মধ্যে বেশ দূরত্ব তৈরি হচ্ছে। তবু আমি বলব, আমি তোমাকে ভালোবাসি। সারা জীবন বাসব।
এখনো আগের মতোই আছে। শুধু প্রকাশ করার ব্যাপারটা বদলে গেছে। সব আগের মতো চাই।
ফারিসা
ঢাকা
মা, তোমাকে সবকিছুর জন্য ধন্যবাদ
এখন আমি নিজেও মা। যে কথাগুলো কখনো বলতে পারিনি যে মা, তোমাকে আমরা কত ভালোবাসি। আমার মায়ের বাল্যবিবাহ হয়েছিল। মা, তুমি আমাদের খুব কষ্ট করে বড় করেছ। বাবা মারা যাওয়ার পর তুমি ঘরে-বাইরে কাজ করেছ, কিন্তু কখনোই তোমার মুখের হাসিটি ম্লান হয়ে যায়নি। তুমি আমাদের মানুষের মতো মানুষ কীভাবে করবে, তার জন্য দিন-রাত পরিশ্রম করেছ। মা, তোমার কারণেই সমাজের বুকে আমরা প্রতিষ্ঠিত। তবু তুমি কখনো ক্লান্ত হওনি। তুমি আমার মা। আজ আমরা সমাজে মাথা তুলে দাঁড়াতে পেরেছি, তার সবটুকু তোমার জন্য মা। মা, তোমাকে সবকিছুর জন্য ধন্যবাদ। তুমি খুব ভালো থেকো মা।
সিদ্দিকা
গাইবান্ধা।
তোমার ভাবনায় ডুবে আছি
তোমাকে সেই প্রথম দেখেছিলাম বিলের পাশের রাস্তায়। একা একা হেঁটে যাচ্ছিলে। মুখে কেমন মায়া হাসি। সাদাসিধে তোমাকে প্রথম দেখাতেই ভালোবাসতে ইচ্ছা করেছিল। ভালোবাসা খেলা করে আমার বালুচর মনে। অনেক দিন তোমার সঙ্গে দেখা হয় না ঠিক, তবে রক্তমাখা সেই হাসি নিয়ে এখনো ডুবে থাকি ভাবনায়...।
আবির

শুধুই কি ফেসবুকে থাকবে? নাকি...
তোমার ফেসবুকে ‘আই অ্যাম অ্যালোন বাট হ্যাপি’ লেখাটা দেখলাম। তুমি সুখে থাকলেও আমি সুখে নেই। শ্রাবণ তো এসে গেল, কার সঙ্গে ভিজব বলতে পারো? একসঙ্গে বৃষ্টিতে ভেজা, রিকশায় চড়ে ঘুরে বেড়ানো কিংবা হাত ধরে রাস্তায় পথচলা—এসবের কি কিছুই হবে না আর? প্রায় সাড়ে তিন শ কিলোমিটার দূরে থাকলেও তোমায় বড্ড বেশি ভালোবাসি। ফিরে এসো।
নিশাত
রাজশাহী।
প্রিয় পাঠক,
আপনার মনের না-বলা যেকোনো কথা বা স্বীকারোক্তি বলে ফেলুন অধুনার ‘মনের বাক্স’ বিভাগে।
ফেসবুক, ই-মেইল বা চিঠি লিখে জানাতে পারেন মনের কথা।
লেখা পাঠানোর ঠিকানা:
অধুনা, প্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫। ই-মেইল: [email protected] ফেসবুক: facebook.com/adhuna.PA
খামের ওপর ও ই-মেইলের subject-এ লিখুন ‘মনের বাক্স’