মনের বাক্স
সুযোগ পেলে জানিয়ে দিয়ো
বিকেলে আমরা যখন বাইরে সাইকেল চালাতাম, তখন তুমি আসতে। ভয়ে পড়ার টেবিলে গিয়ে বসতাম। মা অফিস থেকে এলে তুমি যেতে। বিরক্তির চরম পর্যায়ে ছিলে তুমি। কতবার আমাকে মেরেছ। সেই ছোট্ট আমি আজও তোমার ছাত্রী। তুমি হাতে গোনা দুটি শার্ট পরে আমার মনের বাগানে ঘুরে বেড়াও। ভালো লাগার কথা বলার আগে তোমার চাকরি হয়ে গেল। তুমি চলে গেলে সাড়ে ১৬ কোটির ভিড়ে। সুযোগ পেলে আমাকে ভালোবাসার কথাটি বলে দিয়ো। আমি তো আছিই...।
তাসকিন
ফেনী।
তোমাকে খুব মিস করি
তোমার ফেসবুকে ‘বারবি ডল’ দেখে রিকোয়েস্ট পাঠিয়েছিলাম। তোমার প্রোফাইল নামটাও ছিল খুব সুন্দর। অনেক দিন পর তুমি তোমার ফ্রেন্ড লিস্টে আমাকে জায়গা দিলে। তখন দিনগুলো বেশ ভালোই কাটছিল। ফেসবুকে ঢুকেই প্রথমে মেসেজ অপশনে যেতাম, তুমি মেসেজ দিয়েছে কি না দেখতে। চ্যাটিং-শেয়ারিং-কেয়ারিং চলতে লাগল আমাদের মধ্যে। হঠাৎ একদিন বিকেলবেলা ফেসবুকে ঢুকেই মেসেজ অপশনে যেতেই দেখতে পেলাম তোমার আইডির লিংকটা কালো হয়ে গেছে। তোমাকে খুব মিস করতাম তাই সবুজ লিংক দেখার জন্য বারবার তোমার আইডিতে যেতাম। জানি না, আমার দোষটা কী। এখনো চেয়ে আছি তোমার সবুজ সংকেত পাওয়ার আশায়। জানি না তুমি লেখাটা দেখবে কি না। তুমি অনেক দূরে থাকলেও তোমায় বড্ড মিস করি। ফিরে এসো!
শোভন এহসান
রাজবাড়ী।
প্রিয় পাঠক,
আপনার মনের না-বলা যেকোনো কথা বা স্বীকারোক্তি বলে ফেলুন অধুনার ‘মনের বাক্স’ বিভাগে।
ফেসবুক, ই-মেইল বা চিঠি লিখে জানাতে পারেন মনের কথা।
লেখা পাঠানোর ঠিকানা:
অধুনা, প্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫। ই-মেইল: [email protected] ফেসবুক: facebook.com/adhuna.PA
খামের ওপর ও ই-মেইলের subject-এ লিখুন ‘মনের বাক্স’