মনের বাক্স
তুমি বিদ্রোহী হতে পারোনি
মনের আঙিনায় পা দিয়ে তুমি বিদ্রোহী হতে পারোনি, আমার হাত দুটি ধরে তুমি শেক্সপিয়ার হতে পারোনি, ভালোবাসার গান লিখেও তুমি মধুসূদন হতে পারোনি, আমায় ভালোবেসেও তুমি চিরঞ্জীব হতে চাওনি। আমার সুখ-দুঃখ আক্ষেপ করে কেবল নিলে বিদায়, একবারও ফিরে তাকাওনি। আমার জীবনের শেষ, অন্তত শেষ ইচ্ছে মনে করেও পারলে ফিরে দেখো, শূন্য হাতে আজও তোমার অপেক্ষায় আছি।
সুজানা, চট্টগ্রাম।
এই বুঝি হারিয়ে যাবে...
মাঝেমধ্যে অনেক ভয় হয় আমার তোমাকে নিয়ে। মনে হয়, এই বুঝি তুমি হারিয়ে যাবে আমার জীবন থেকে। আমি এখনো ছোট আছি, সেটা জানি... সেই জন্য তোমার মতো, মানে বড়দের মতো কাণ্ডজ্ঞানও হয়নি। তাই বলে এটা নয় যে আমি ভালোবাসতে জানি না। ফেসবুকে যেসব পোস্ট করি, তুমি সব সময় সেগুলোর উল্টো ভাবো। তবু তুমি বুঝতে চাও না। আমি একজনকে হারিয়েছি, আমি আর তোমাকে হারাতে চাই না। আমি তোমাকে অনেক ভালোবাসি।
মেঘবালিকা
পেলাম না তোকে কাছে
আমার জানা নেই এই কথাগুলো তোর কান পর্যন্ত যাবে কি না। জানি না আমাকে তুই বুঝবি কি না। আমি জানি না। আমি শুধু জানি, আমি প্রতারক ছিলাম না। আর মাত্র কিছুদিন। তারপরই তুই অনেক অনেক ভালো একটা জায়গায় চলে যাবি। পেছনে পড়ে থাকবে কিছু স্মৃতি। যা অতীত, তা তো স্মৃতি ছাড়া আর কিছু হতে পারে না, তাই না?। ইচ্ছা ছিল ‘ঘোড়া মাছের গল্প’টা তোকে পড়তে দেব। হলো না রে। পেলাম না আর তোকে কাছে। আমার ডায়েরিতে গল্পটা রেখে দিছি। ভালো থাকিস।
নাম প্রকাশে অনিচ্ছুক
মনের বাক্স
প্রিয় পাঠক,
আপনার মনের না-বলা যেকোনো কথা বা স্বীকারোক্তি বলে ফেলুন অধুনার ‘মনের বাক্স’ বিভাগে।
ফেসবুক, ই-মেইল বা চিঠি লিখে জানাতে পারেন মনের কথা।
লেখা পাঠানোর ঠিকানা:
অধুনা, প্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫। ই-মেইল: [email protected] ফেসবুক: facebook.com/adhuna.PA
খামের ওপর ও ই-মেইলের subject-এ লিখুন ‘মনের বাক্স’