মনের বাক্স
কখনোই তুমি সুখী হতে পারবে না
আমি তোমাকে যতটুকু ভালোবাসি, ঠিক ততখানি আমাকে তোমার ভালোবাসতে হবে। আমি তোমার জন্য যত কষ্ট হাসিমুখে সহ্য করেছি, প্রয়োজনে সেই কষ্ট তোমাকেও করতে হবে। আমি তোমাকে যতটা সুখ দিয়েছি, সেই সুখ তোমার কাছ থেকে পাওয়ার আমার অধিকার রয়েছে। আমি তোমাকে ভালোবেসে তোমার জন্য যা যা করেছি, তার সবকিছুই আমার জন্য তোমাকে করতেই হবে।
এটা আমার ভালোবাসার অধিকার। মনে রেখো, ভালোবাসা সমান না হলে কখনোই তুমি সুখী হতে পারবে না।
শাহিন, খুলনা।
বোঝাতে পারিনি...
যখন তুমি রেগে যাও আমার ওপর—আমি ভান করি খুব কষ্ট পাচ্ছি কিন্তু আসলে তা নয়। তোমার রাগের আড়ালে লুকিয়ে থাকা ভালোবাসা আমাকে কষ্ট পেতে দেয় না। যখন তুমি আমায় নিয়মকানুনের বেড়াজালে আটকে দাও, তখনো আমি অভিমান করতে পারি না। কারণ, তোমার কঠিন হৃদয়ের আড়ালে আমাকে হারিয়ে ফেলার ভয়টা যে স্পষ্ট বুঝতে পাই। কিন্তু যখন তুমি সবকিছু বুঝেও আমাকে অবিশ্বাস করো, বিশ্বাস করো। নিজেকে তখন খাঁচায় বন্দী হওয়া পাখির মতো মনে হয়। ইচ্ছে করে পাখির মতো ডানা ঝাঁপটে তোমার কাছ থেকে অনেক দূরে চলে যাই; যেখানে গেলে তোমার অবিশ্বাসের তির আর আমার হৃদয়কে ক্ষতবিক্ষত করবে না। মুখে হয়তো অনেকবার বলেছি, তোমায় ভালোবাসি কিন্তু আফসোসটা হচ্ছে, কখনো বোঝাতে পারিনি কতটা ভালোবাসি।
সন্ধ্যাতারা
এখন চাইলেও পারি না
‘ঘোড়া মাছের গল্প’ জানি তোর লেখা। যখন তোর মনের গভীরের কথাগুলো শোনার জন্য পিছু লেগে থাকতাম, বারবার দূরে ঠেলে দিতি আমায়। আর এখন বলছিস ‘ঘোড়া মাছের গল্প পড়তে দেবার কথা!’
বাহ্! খুব ভালো লাগে মানুষের দুঃসহ স্মৃতি সামনে এনে দিতে?
তোকে নতুন করে আর কী বুঝব, বল? সেদিনই খুব ভালো করে বুঝেছি, যেদিন তাড়িয়ে দিয়েছিস তোর মনের আঙিনা থেকে।
আর আমার ভালো থাকাটা অনেক আগেই কেড়ে নিয়েছিস তুই, তাই এখন চাইলেও পারি না।
নাম প্রকাশে অনিচ্ছুক
মনের বাক্স
প্রিয় পাঠক,
আপনার মনের না-বলা যেকোনো কথা বা স্বীকারোক্তি বলে ফেলুন অধুনার ‘মনের বাক্স’ বিভাগে।
ফেসবুক, ই-মেইল বা চিঠি লিখে জানাতে পারেন মনের কথা।
লেখা পাঠানোর ঠিকানা:
অধুনা, প্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫। ই-মেইল: [email protected] ফেসবুক: facebook.com/adhuna.PA
খামের ওপর ও ই-মেইলের subject-এ লিখুন ‘মনের বাক্স’