মনের বাক্স
কেন তুই পাগলামি করলি?
আমি তোকে ভালোবাসতাম, কেন তুই পাগলামি করলি? তোর কাছে সময় চেয়েছিলাম, তোর সময় কি এতই কম ছিল? রাতে বারান্দায় বসে তোকে তারাদের কথা বলতাম, তোর কি মনে আছে? মাঝেমধ্যে দুজনেই চুপ। তোকে আমি ছোট্ট একটা নামে ডাকতাম, তোর কি তা মনে আছে? তোর পছন্দের পারফিউমটা আমাকে পাগল করত, এটিও তুই জানতি। তাহলে কেন তুই এমন করলি? তুই এখন নিশ্চয়ই ভালো আছিস। তোকে বলতে না-পারা কথাগুলো ছাপা হলে তুই নিশ্চয়ই একদিন পড়বি। আর এখন তুই আর আমি দুজনেই বহু দূরে। তোকে খুব মনে পড়ে।
নাম প্রকাশে অনিচ্ছুক
এটা কী তোমার সিদ্ধান্ত, না অভিমান?
অনামিকা
তোমার এই অনুপস্থিতিই আমাকে বুঝতে শিখিয়েছে তোমাকে কতটা ভালোবাসি। এখন প্রতিটা মুহূর্তে তোমাকে যতটা মিস করি, এতটা এর আগে কখনো করিনি। কিছু না বলে এভাবে যোগাযোগ বন্ধ করে দেওয়ার কারণটা বলবা কী? এটা কী তোমার সিদ্ধান্ত, না অভিমান? তুমি কি কোনো সমস্যার ভেতরে আছ? আমি আর পারছি না।
ফারহান
পারিনি বলতে তোমায়
কত কথা না বলেও বলা হয়েছে। তবু কিছু কথা রয়েছে চোখের ভাষায়। আমি বলতে পারিনি তোমায়, হয়তো কোনো দিনও বলতে পারব না। কারণ, আমি হারিয়ে যেতে পারি তোমার থেকে অনেক দূর অজানায়। তবু দূর থেকে তোমায় ভালোবাসব। কিন্তু কাছ থেকে তোমায় লাগে অন্য রকম, তাই ভালোবাসা তোমাকেই প্রথম। এখনো তোমাকে ভাবি। না দেখা স্বপ্নের সেই আকাশে। আমি ভালোবাসি তোমাকে....
ইতি তোমার আমি
চেয়ে চেয়ে দেখি তুমি চলে গেলে
একসময় আমি তোমার যতটা আপন ছিলাম, আজ ঠিক ততটা পর। কোনো এক অজানা কারণে চলে গেলে আমায় ছেড়ে। আজ তুমি অন্য ছেলের হাতে হাত রেখে ঘোরো, কাঁধে কাঁধ রেখে বসো। বুকফাটা আর্তনাদে আমার শরীরের সব অঙ্গপ্রত্যঙ্গ রক্তে রক্তাক্ত হয়। কিন্তু কিছুই বলতে পারি না। চেয়ে চেয়ে দেখি, তুমি চলে গেলে, তুমি চলে গেলে।
তোমার বন্ধু
মনের বাক্স
প্রিয় পাঠক,
আপনার মনের না-বলা যেকোনো কথা বা স্বীকারোক্তি বলে ফেলুন অধুনার ‘মনের বাক্স’ বিভাগে।
ফেসবুক, ই-মেইল বা চিঠি লিখে জানাতে পারেন মনের কথা।
লেখা পাঠানোর ঠিকানা:
অধুনা, প্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫। ই-মেইল: [email protected] ফেসবুক: facebook.com/adhuna.PA
খামের ওপর ও ই-মেইলের subject-এ লিখুন ‘মনের বাক্স’