মনের বাক্স
তোমার জন্য আমি কাঁদি
অ্যাঞ্জেল,
মনে পড়ে সেই দিনগুলো যখন একসঙ্গে মেঠো রাস্তায় হেঁটেছি। যার সাক্ষী ছিল বিকেলের পড়ন্ত রোদ। মনে পড়ে কি তোমার? হয়তো বলবে ‘না’। কিন্তু আমার বিশ্বাস আজও তোমার মনের এক কোণে সেই স্মৃতিগুলো ভিড় করে। হয়তো কাঁদায়ও তোমাকে। একবার কি ভেবে দেখবে কেন আজ আমাদের মধ্যে এই দূরত্ব। জানো আজও তোমার জন্য আমি কাঁদি।
যে কটা দিনই তোমাকে সঙ্গে পেয়েছিলাম একটা কথা বারবার বলতে চেয়েছি কিন্তু তুমি বলতে দাওনি। আজ যে না বললেই নয়, হ্যাঁ আমি ভালোবেসেছি তোমায়, ভালোবাসি তোমায়, ভালোবাসব তোমায়।
তোমার,
সবজান্তা
আমার এ রকম হয় কেন?
আচ্ছা, ওকে কি আমি কখনো ভালোবেসেছি? ভালোবাসলে একবারও সরাসরি দেখা করার চেষ্টা করলাম না কেন? মোবাইল নম্বর কিংবা ফেসবুক আইডিটাও কি জোগাড় করতে পারতাম না? তাহলে আমার এ রকম হয় কেন? এই মেয়ের সঙ্গে কথা বলতে এত ভালো লাগে কেন?
নাম প্রকাশে অনিচ্ছুক
কোথায় তুমি আর কোথায় আমি
কত দিন হয়, বসি না তোমার পাশে। তোমার কোলে মাথা রেখে ঘুমাই না। অথচ তোমায় ছাড়া একটা দিনও ছিল না। কত ক্লান্তিতে তোমার মাঝে শান্তি খুঁজেছি। কত শত শ্রান্ত দুপুরে তোমার কাছে প্রেরণা পেয়েছি। কত যে মাঝরাত কাটিয়েছি তোমার সঙ্গে। অথচ এখন আমার মাঝরাতে জাগা হয় না, এখন আমার জেগে জেগেই মাঝরাত হয়। কত শত সূর্যোদয় দেখেছি, উপভোগ করেছি তোমারই পাশে বসে। কত যে অলস দুপুর পার করেছি তোমার শীতল ছোঁয়ায়, আমি কি ভুলে যাচ্ছি? তুমিই শিখিয়েছিলে কীভাবে ভাবতে হয়, কীভাবে চিনতে হয়, জানতে হয় নিজেকে। এখন আমাদের মাঝে কতইবা দূরত্ব, তারপরও দেখা হয় কোথায়! যদিও মাঝে মাঝে দেখা হয়, বসা হয় না তোমার পাশে। এখনো বৃষ্টি পড়লে খুব মনে পড়ে তোমায়, তোমার মাঝে ডুব দিয়ে বৃষ্টির গান খুব মিস করি। বদলে গেছি, অথবা বদলে দিয়েছে আমাকে, সময়। যার সঙ্গ ছাড়া একটা রাতও চিন্তা করতাম না, তারই পাশে বসা ছাড়া মাসের পর মাস থাকতে পারি। কঠিন মনের মানুষে পরিণত হয়েছি আমি। এখনো তোমারই পাশে বসে আছি, অথচ কত দূরে তুমি। আগের মতোই দুটো চাঁদ দেখছি—একটা তোমার কোলে, অন্যটা আকাশের। তোমারই কোলে মাথা রেখে আছি অথচ কোথায় তুমি আর কোথায় আমি...
সৈকত, চট্টগ্রাম
তোমাকে বুঝতে দেব না
কিছুদিন আগেও তুমি আমার ঠিক যতটা কাছে ছিলে আজ ঠিক ততটাই দূরে। প্রতিজ্ঞা করেছিলাম সারা জীবন একে অপরকে ভালোবেসে যাব। আমি আমার কথা রেখেছি কিন্তু তুমি? আকাশসমান কষ্ট হলেও তোমাকে বুঝতে দেব না। সুখে থেকো...
নাম প্রকাশে অনিচ্ছুক
কথা হয়, বলতে পারি না ভালোবাসার কথা
আচ্ছা, প্রথম কোন ক্লাসে থাকতে ওর কথা শুনেছিলাম? হুমম, মনে পড়েছে। ক্লাস এইট কিংবা নাইন।
আমাদের স্কুলের দুটি শাখা। বালক ও বালিকা। দুই শাখার মধ্যবর্তী দূরত্ব বেশি না। ১০-১৫ মিনিট। কিন্তু আত্মিক দূরত্বটা অনেক বেশি। বলতে গেলে ছেলেমেয়ে কোনো দেখা-সাক্ষাৎ নেই। যারা স্কুলের টিচারদের কাছে কোচিং করত, শুধু তাদের কয়েকজনের সঙ্গে চেনা পরিচয় থাকত। আমার বন্ধুরা আমাদের স্কুলের এক প্রাক্তন শিক্ষকের কাছে প্রাইভেট পড়ত। আমি পড়তাম না। তবে ও পড়ত। বন্ধুরা এসে গল্প করলে ওর কথাও চলে আসত। অনেক মেধাবী। হাতের লেখা খুব সুন্দর। লাজুক প্রকৃতির, হাস্যময়ী ইত্যাদি ইত্যাদি।
এভাবেই তার সঙ্গে আমার পরোক্ষ পরিচয়। কোনো দিন সরাসরি তাকে দেখিনি। সত্যি বলতে সে রকম তাগিদ মনে কখনো আসেনি। এলেও ক্ষণিকের জন্য। এরপর সবকিছু স্বাভাবিক।
স্কুল পাস করে কলেজে উঠলাম। কলেজে আর সেই বন্ধুরাও নেই, তাই ওর কথাও আড্ডায় আসে না। বিশ্ববিদ্যালয়ে উঠলাম। অনেক বন্ধুবান্ধব হলো। তবুও মাঝে মাঝে সে আমার মনের দুয়ারে উঁকি মেরেছিল। কিন্তু ওই উঁকি মারা পর্যন্তই। কোনো দিন দরজা খুলে ঠিকভাবে প্রবেশ করতে পারেনি। তারপরও আমার এখন এমন হচ্ছে কেন? তবে কি মনও আমাকে ফাঁকি দিয়েছে?
অনেক পরে বুঝলাম আসলে আমি তাকে ভালোবাসি। এরপর আমি তাকে খুঁজেছি। এ বছর স্কুলের পুনর্মিলনীতে আমি তাকে পেয়েছি। এখন নিয়মিত ওর সঙ্গে মোবাইলে কথা হয়। ফেসবুকে চ্যাটিং করি। কিন্তু এখনো বলতে পারিনি আমি তাকে চেয়েছি।
সঞ্জয়, ঢাকা বিশ্ববিদ্যালয়
স্যারের ওপর ক্রাশ!
স্যার, আপনি কখনো খেয়াল করেননি ক্লাসে বসে থাকা একটি মেয়ে বোর্ডে না তাকিয়ে আপনার দিকেই তাকিয়ে থাকত। অন্য কেউ কোর্সটা নিলে হয়তো মেয়েটা পড়ায় আরও মনোযোগ দিত। বলতে পারেন এই তাকিয়ে থাকার মানে কী, এই ভালো লাগার মানে কী? সে নিজেও জানে না। ডিপার্টমেন্টের সিঁড়িতে একদিন সালামের জবাবে স্যার তাকিয়ে একটুখানি হেসেছিলেন। মনে হয়েছিল...বিশ্ব জয় হয়েছে। কী পাগল মেয়েটা! বোকা নাকি! বন্ধুদের ভাষায়, এমন করে কেউ স্যারের ওপর ক্রাশ খায়? মেয়েটার কাছে এটা কিন্তু ক্রাশের চেয়ে কিছু বেশি। তার খুব ইচ্ছে একটি বারের জন্য হলেও স্যারকে বলা, স্যার আপনি আমার অসম্ভব পছন্দের, ভালো লাগার একজন মানুষ, যাকে অনেক বেশি ভালোবাসা যায়, শ্রদ্ধা করা যায়। জীবনটা এমন কেন? চাইলেও সবকিছু বলা যায় না কেন?
আপনার ছাত্রী
তিনি আজও ছায়া হয়ে আছেন
কোনো এক কাকডাকা দুপুরে তিনি দুনিয়ার মায়া ছেড়ে চলে গেছেন। পৃথিবীর যাঁরা আমাকে সবচেয়ে বেশি ভালোবাসেন, তাঁদের মধ্যে তিনি ছিলেন অন্যতম। তিনি ছিলেন আমার সুখে-দুঃখের সবচেয়ে বড় সঙ্গী। কদিন আগে আমার প্রিয় দাদির মৃত্যুবার্ষিকী গেল। একা একা ওনার জন্য মনটা হাহাকার করছে। আজও চলার পথের সঙ্গী হিসেবে তিনি আমাকে ছায়া দিয়ে যান।
ইয়াকুব আল মাহমুদ, নোয়াখালী।
সাহস হারাস না
বোন আমার, কেন এত ভেঙে পড়ছিস, এর চেয়ে বড় বড় বিপদ মানুষের জীবনে আসে, তোর তো আমি আছি, আমি তো আছিই তোর পাশে—সব সময় থাকব! সাহস হারাস না, দেখিস একদিন আমরাও...
ইতি
হিরো ভাইয়া (তোর দেওয়া নাম)
মনের বাক্স
প্রিয় পাঠক
আপনার মনের না-বলা যেকোনো কথা বা স্বীকারোক্তি বলে ফেলুন অধুনার ‘মনের বাক্স’ বিভাগে। ফেসবুক, ই-মেইল বা চিঠি লিখে জানাতে পারেন মনের কথা।
লেখা পাঠানোর ঠিকানা:
অধুনা, প্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫। ই-মেইল: [email protected] ফেসবুক: facebook.com/adhuna.PA
খামের ওপর ও ই-মেইলের subject-এ লিখুন ‘মনের বাক্স’