মনের বাক্স

একটি সুখের স্বপ্ন
আজ স্বপ্নে এসেছিল সে। কত কথাই না আমাকে বলেছে। শুধু বলেছি, এখনো ভালোবাসি তোমাকে। দুজনে গিয়েছিলাম ডিঙি নায়ে চড়ে দূরে কোনো এক বিলে। সেখানে দুজনে অথই জলে সাঁতার কেটেছি। দেখেছি মায়াবী হাসি। আমি ওকে দিয়েছি পদ্ম ফুলের টিকলি, কলমি ফুলের দুল আর শাপলা ফুলের মালা। আর ও আমাকে দিয়েছে অনন্ত সুখের এক টুকরো স্বপ্ন।
বিল্লাল শেখ
নড়াইল
কী অপরাধ করেছি
একাকিত্ব আর সহ্য করতে পারছি না। আপনাকে আমি ভালোবাসি। যদিও আপনি আমাকে সেভাবে দেখেননি। আপনি একটিবার আমার ফোন রিসিভ করতে পারেন। তা-ও কোনো দিন করবেন না। আমি কী অপরাধ করেছি!
নীল প্রজাপতি
ফিরে এসো
আদুরী,
তুমি জানো যে তোমায় ছাড়া এক দিন কেন, এক ঘণ্টাও কাটাতে পারতাম না। সেই আমি তিন মাস যাবৎ তোমায় ছাড়া! তুমি ঠিকই বুঝতে পারছ যে আমি শেষ হয়ে যাচ্ছি। আমি কী করব বুঝতে পারছি না। তোমার অনেক কাছের লোকের প্ররোচনায় পড়ে অনেক কিছু করছি। আমি বোকা, সেটা তুমি জানতে। প্লিজ, তুমি ফিরে এসো। আমার জীবনটা তোমায় ছাড়া অচল হয়ে যাচ্ছে। আমাকে শেষ করে দিয়ো না। আমি তোমায় আর কোনো দিন ধমক দেব না। আমি তোমায় ছাড়া থাকতে পারব না। আমাদের মেয়েকে পাইলট বানাবে কে? আমার প্লেট থেকে আলু নিয়ে খাবে কে? আমাদের সুন্দর স্বপ্নগুলো ঝরে যেতে দিয়ো না। ফিরে এসো, সব আগের মতো হয়ে যাবে। তোমার পরিবার, আমার পরিবার সবাইকে আমি মানব।
নাম প্রকাশে অনিচ্ছুক

আপনি এত ভালো কেন?
প্রিয় স্যার,
আপনি এত ভালো কেন? খুব জানতে ইচ্ছে করে, মানুষ এত ভালো হয় কী করে? কেন বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থী আপনাকে এত ভালোবাসেন আর শ্রদ্ধা করেন? আপনি যখন পিএইচডি করতে বিদেশে চলে যাবেন, তখন আমার খুব কষ্ট হবে। মনে হবে, কাছের কোনো বন্ধু অনেক দূরে চলে গেছে। তবে যেখানেই থাকুন, অনেক ভালো থাকুন।
ইতি
আপনার ছাত্রী
শুধু তোর জন্য
কদিন আগে তোর ক্যাম্পাসে গিয়েছিলাম। বারবার মনে হচ্ছিল তুই আছিস। লুকোচুরি খেলছিস আমার সঙ্গে। শহীদ মিনার থেকে লাইব্রেরি, ডিপার্টমেন্ট থেকে ক্যানটিন, ঝুলন্ত ব্রিজ থেকে বোটানিক্যাল গার্ডেন তোকে খুঁজছি আর খুঁজছি। তোর অপেক্ষায় বসতে বসতে লাইব্রেরির সামনে কবিতা লেখা, মাইগ্রেশনের জন্য তোকে নিয়ে ডিপার্টমেন্টের এ প্রান্ত থেকে ও প্রান্তে ছোটা আরও কত শত স্মৃতি ছায়াছবির মতো ভেসে আসছিল স্মৃতির পাতা থেকে চোখের পর্দায়। আমি বাতাসে কান পেতে থেকেছি, এই বুঝি পেছন থেকে নাম ধরে ডাক দিবি তুই। বলবি, ‘চল, আজ ঝরনা দেখতে যাই...!’
মাঝেমধ্যে মনে হয়, পৃথিবীর যত শূন্যতা আর অন্ধকার আস্তে আস্তে সব নেমে এল আমার দ্বারে। তবুও তুই এলি না। গিয়েছিস ভুলে চিরতরে আমায়। এভাবে যদি ভুলেই যাবি, ভুলে যাওয়ার মন্ত্রটুকু আমাকেও শিখিয়ে দিলে পারতিস! অন্তত বুকে হিমালয়চাপা যন্ত্রণা থেকে বাঁচতাম। আচ্ছা, একজন কতটা নিজবাদী হলে নিজের জন্য অন্যের হিমালয়সম যন্ত্রণাকেও উপেক্ষা করতে পারে, বলতে পারিস? আমি রোজ তোর অপেক্ষায় থাকি। ভাবি, এই বুঝি এসে বলবি, ‘দেখ, আমি চলে এসেছি সব ছেড়ে, শুধুই তোর হয়ে! আসবি তো?’
আলমগীর
চট্টগ্রাম
মনের বাক্স
প্রিয় পাঠক
আপনার মনের না-বলা যেকোনো কথা বা স্বীকারোক্তি বলে ফেলুন অধুনার ‘মনের বাক্স’ বিভাগে।
ফেসবুক, ই-মেইল বা চিঠি লিখে জানাতে পারেন মনের কথা।
লেখা পাঠানোর ঠিকানা:
অধুনা, প্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫। ই-মেইল: [email protected] ফেসবুক: facebook.com/adhuna.PA
খামের ওপর ও ই-মেইলের subject-এ লিখুন ‘মনের বাক্স’