মনের বাক্স

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সারা জীবন আপনাকে মনে থাকবে
জানি না এই লেখাটা আপনার চোখে পড়বে কি না। আপনাকে উদ্দেশ করে লেখা তা বুঝবেন কি না তাও জানি না। তবে খুব অল্প দিনের পরিচয়। আর শুধু একবার দেখা হলে আমার জীবনে আপনার অবদান রয়ে যাবে। আপনি আমার মনের সুপ্ত ও শুকিয়ে যাওয়া নদীতে গতি এনে দিয়েছেন। সামনে এগিয়ে চলা, নিজেকে নিজের পরিচয় দিতে সক্রিয় হওয়া—এ সবকিছুতে আপনার অবদান রয়েছে। জানি, কোনো দিনও কথা বলবেন না আমার সঙ্গে। খুব ইচ্ছা ছিল আপনার লেখা কবিতা পড়ার। তা আর হলো না। একদিন আমি আকাশ ছুঁয়ে যাব। আর এই আকাশ ছোঁয়ার সুপ্ত স্বপ্নকে আপনিই জাগ্রত করে দিয়েছেন। সারা জীবন আপনাকে মনে থাকবে আমার। ভালো থাকবেন ‘শ’।
নাম প্রকাশে অনিচ্ছুক


আমার জীবনের নীল রং তুমি

আমার জীবনে একটা রঙের আমি খুব অভাব বোধ করতাম। ‘নীল রং’ আমার ভালোবাসার রং। সাদা, কালো আর লালের ভিড়ে হঠাৎ একদিন লক্ষ করলাম নীল রংটাও আমার জীবনে উঁকি মারছে। আমার জীবনে এই নীল রংটা নিয়ে এসেছিলে তুমি। আমি যখন হাঁটতাম তখন খেয়াল করতাম আরও এক জোড়া পা আমার চলার পথে সাথি হয়েছে। যখন হাসতাম তখন অন্য কারও হাসির শব্দ আমার মাথায় টোকা মারত। রাতে আমার ঘুম না আসার রোগের নাম হচ্ছে তুমি। যদি বলো আমি স্বার্থপর, ভালোবেসে তোমাকে পেতে লোভী, তাহলে আমি তা-ই। আসলে আমার ভালোবাসার পরিধিটা তো তোমাকে ঘিরেই। জানি, লেখাটা পড়ে তুমি মিটিমিটি হাসবে। তোমার হাসিটাই তো আমার আশ্রয়। যদি বলো, তুমি এতটাই দুর্বল? না, আমি দুর্বল নই। অত্যন্ত রূঢ়ভাবে যদি কখনোই বাস্তবতা সামনে এসে দাঁড়ায়, তাহলে তা সামলে নেওয়ার মতো শক্তি আমি অর্জন করে নেব, কিন্তু তোমাকে ভোলা অসম্ভব।
রানি, লালমনিরহাট


ওটা তোর মিথ্যা অজুহাত

তরীমণি বলে হয়তো আর কেউই ডাকবে না। ভালোবেসে কেউ আর কবিতা লিখবে না। রংধনুতে আবিরের রং নিয়ে কেউ আসবে না। যা-ই হোক, বলবি কী দোষ ছিল আমার? তুই না আমাকে ভালোবাসতি? তাহলে কীভাবে চলে গেলি? ও তুই তো বলছিস ওটা তোর অভিনয়। কিন্তু আমি জানি, ওটা তোর মিথ্যা অজুহাত। আর আমার বিশ্বাস, তুই ঠিকই একদিন সবকিছু ঠিক করে তোর নদীতে আমার খেয়া ভাসাবি। আর বুকে জড়িয়ে বলবি, ‘পারি নাই আমি ভুলতে তোকে।’
রংধনু


‘আপু, তোকে খুব মনে পড়ে’
আপু, তুই কেমন আছিস? তোর কথা খুব মনে পড়ে। ছোটবেলায় তোকে খুব জ্বালাতন করতাম। তাই বলেই কি আমাকে ছেড়ে, সবাইকে ছেড়ে এত দূর গিয়ে থাকতে হবে? তোর রবীন্দ্রসংগীত শোনার অভ্যাসটা খুব ভালো লাগত আমার। কাউকে যখন দেখি তার একটা বড় বোন আছে, তখন সত্যি খুব হিংসা হয়, কষ্ট হয়। যদি এমন হতো, তোকে পৃথিবীর কোনো কিছুর বিনিময়ে আবার ফিরিয়ে আনা যেত, তবে সত্যিই সেটা যেখানেই থাকুক না কেন, আমি তা নিয়ে আসতাম। হয়তো তা সম্ভব না। তোকে সত্যি খুব মনে পড়ে।
মুত্তাকিন আহমেদ


মনের বাক্স
প্রিয় পাঠক
আপনার মনের না-বলা যেকোনো কথা বা স্বীকারোক্তি বলে ফেলুন অধুনার ‘মনের বাক্স’ বিভাগে।
ফেসবুক, ই-মেইল বা চিঠি লিখে জানাতে পারেন মনের কথা।

লেখা পাঠানোর ঠিকানা:
অধুনা, প্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ই-মেইল: ([email protected])
ফেসবুক: facebook.com/adhuna.PA
খামের ওপর ও ই-মেইলের subject-এ লিখুন
‘মনের বাক্স’