মনের বাক্স

শুধু একবার
আমি তোমার কাছে কিছুই চাই না। তেমন কিছু বলারও নেই আমার। কী বলব? আমি সবই জানি। মেনে নিয়েছি। আচ্ছা, সেটাই কি তাহলে আমাদের শেষ দেখা ছিল? সব বোঝার পরেও কেন যেন মন মাঝেমধ্যে অবুঝ হয়ে যায়। তোমাকে ভীষণ মনে পড়ে যায়। মনের গহিনে একটাই আকুতি, শেষ একবার দেখা দাও...একবার...শুধু একবার!
ইতি
তোমার শুভাকাঙ্ক্ষী কেউ একজন
আমাকে তুমি মাফ করে দিয়ো মা
বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। ব্যালকনিতে দাঁড়িয়ে আছি। বৃষ্টির দু-এক ফোঁটা আমার হাতে-মুখে লাগছে। কিন্তু সেদিকে আমার খেয়াল নেই। একটু আগে মায়ের সঙ্গে ঝগড়া হয়েছে। কারণটা খুব সাধারণ। বিশ্ববিদ্যালয়ে যাওয়ার আগে আমি কেন খেয়ে যাই না। এক টুকরা রুটি আর এক কাপ চা খেয়ে কীভাবে আমার সারা দিন কাটবে। খাবারের প্লেটটা রান্নাঘরে রেখে এসে এখন ব্যালকনিতে দাঁড়িয়ে আছি। আচ্ছা, আমি না খেলে আমার মায়ের কেন এত কষ্ট হয়? সামান্য অসুখ হলে মা কেন রাত জেগে আমার সেবা করেন? কেনই বা একটু আঘাত পেলে মায়ের মুখটা এত মলিন হয়? সকালে ক্লাসে যাওয়ার সময় মা কেন তার ঘুমটা নষ্ট করেন? জানি মা, তুমি আমাকে বড় বেশি ভালোবাসো। তোমার এই ছেলে একটুও প্রতিদান দিতে পারে না। প্রতিদানের আশায় তুমি আমাকে আদর কোরো না, কিন্তু সন্তান হিসেবে যে কিছু একটা কর্তব্য থাকে, সেটাও পালন করি না। আমাকে তুমি মাফ করে দিয়ো মা। মা, আমিও তোমাকে ভালোবাসি, সত্যিই তোমাকে অনেক বেশি ভালোবাসি।
তারেক হোসেন
মেজরটিলা, সিলেট
তোমাদের খুঁজছি
আমরা ১১ জন মেয়ে আর একজন ছেলে ১৯৮২ সালে চট্টগ্রাম কলেজের বাংলা বিভাগে ভর্তি হই। অনেকগুলো দিন একসঙ্গে ছিলাম। তখন যোগাযোগের মাধ্যম এখনকার মতো এত সহজ ছিল না। সময়ের আবর্তে লেখাপড়ার পাট চুকিয়ে ফেলার পর তোমাদের হারিয়ে ফেলেছি। শামীম, শিরীন, শিমুল, শিউলি, শিলু, মুক্তা, মন্দিরা, ফরিদা, ওয়াহিদা, খালেদা ও আবু সুফিয়ান—তোমাদের সবাইকে খুঁজছি অনেক দিন ধরে। খুব বিশ্বাস করতে ইচ্ছে হয় তোমাদের কেউ না কেউ আমার এই লেখাটি পড়বে।
মাহবুবা বেগম
কেন এত ভালো লাগে
জীবনের কোনো মানেই বুঝতাম না, যদি তোমাকে না দেখতাম। আর তুমি কেন এত মায়াবী। তোমার দিকে একবার চাইলে আর চোখ ফেরাতে পারি না। আমি যে তোমাকে খুব পছন্দ করি, তুমি তা কোনো দিন জানার চেষ্টা করোনি। তুমি কেমন বন্ধু, আমার মনের কথা বোঝার চেষ্টা করোনি, নাকি সবকিছু বুঝেও না বোঝার ভান করে থাকো। ছোটবেলা থেকে একসঙ্গে পথচলা, স্কুলে যাওয়া, খেলাধুলা করা। এখন তুমি অনেক দূরে। তোমাকে অনেক মিস করি। কোনো দিন তোমাকে হারাতে দেব না আমার হিয়ার মাঝ থেকে।
তুষার

আমি তো তোমাকে পুরোটাই জানি
‘সোলমেট’ শব্দটা যখন প্রথম শুনেছিলাম, মনে হয়েছিল সত্যিই কি এ রকম কাউকে পাওয়া সম্ভব! যার জন্য শুধুই ভালো লাগাটুকু কাজ করে, বাস্তবিক সম্পর্কগুলো যেখানে বড় ফিকে মনে হয়। বেশ ভালো হয়েছে এই ছোট্ট জীবনে তোমাকে পেলাম না। তোমাকে ছেড়ে যেতে যে বড় বেশি কষ্ট হতো আমার! একটা মানুষকে যে দিন-রাত শুধু ভাবতেই ভালো লাগতে পারে, তোমাকে না জানলে কখনোই বুঝতাম না। শুনেছি, কাউকে নাকি পুরোপুরিভাবে বুঝতে পারা অসম্ভব। কিন্তু আমি তো তোমাকে পুরোটাই জানি, তোমার না-বলা কথাগুলো অবিরাম বলে দিতে পারব আমি। তোমার জন্য আমার এই বিশেষ অনুভূতিটুকু যেন কোনো দিনই কমে না যায়। প্রার্থনা এটুকুই।
তোমার নিভ...
মনের বাক্স
প্রিয় পাঠক
আপনার মনের না-বলা যেকোনো কথা বা স্বীকারোক্তি বলে ফেলুন অধুনার ‘মনের বাক্স’ বিভাগে।
ফেসবুক, ই-মেইল বা চিঠি লিখে জানাতে পারেন মনের কথা।
লেখা পাঠানোর ঠিকানা:
অধুনা, প্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ই-মেইল: [email protected] ফেসবুক: facebook.com/adhuna.PA
খামের ওপর ও ই-মেইলের subject-এ লিখুন ‘মনের বাক্স’