মনের বাক্স
কেন এত ভুল বুঝলি আমাকে
আমি অনেক আগেই বলেছিলাম। আর তুই যে দিন বললি যে তুইও আমাকে ভালোবাসিস, সে দিন আর কিছু ভাবতে পারিনি। এক মুহূর্তে আপন করে নিয়ে ছিলাম। স্থান দিয়ে ছিলাম মনের সর্বোচ্চ চূড়ায়। আজ যখন চলে যাচ্ছিস, এখনো কিছুই ভাবতে পারছি না। স্তব্ধ আমি।
শুধু মনে হচ্ছে, আমি তো ভালো থাকতে চাইনি, শুধু তোকেই ভালো রাখতে চেয়েছিলাম। তবে কেন এত ভুল বুঝলি আমাকে। বিশ্বাস আজ অবিশ্বাসে পরিণতি হলো। তবুও বলছি, তুই আমাকে অনেক অনেক ভালোবাসিস।
নাম প্রকাশে অনিচ্ছুক
ছিলাম, আছি আর থাকব
নয় বছরের জমানো ছোট ছোট স্বপ্নগুলোকে একসঙ্গে ভেঙে চলে গেলে। কেন গেলে আজও জানতে পারলাম না। আমি সেই আগের জায়গাতেই আছি। আমি ছিলাম, আছি আর থাকব। শুধু তোমারই জন্য।
মামুন
শুধু তুমি
যেদিন তুমি প্রথম আমার কাঁধে তোমার মাথা রেখেছিলে, এরপর না চাইতেই সব পেয়ে গেছি। তুমি আমার প্রতিটা মুহূর্তে, তুমি আমার আজ ও ভবিষ্যতে আছ। আমার যত জিদ, যত অনুরোধ তা শুধু তুমি পর্যন্তই। আমার পাগল মনের সব ভাবনা তোমাকে ঘিরে। আমার গল্পের শেষও শুধুই তুমি।
তোমার ঈশিতা

ফিরে কি আর আসবি না?
তুই ছিলি আমার সবচেয়ে কাছের বন্ধু। বন্ধুত্ব যে কখন ভালোবাসায় রূপ নিয়েছিল, তা আমি বুঝতে পারিনি। তুই বুঝতে পেরেছিলি বলেই তো চলে গেলি। জানিস, সবচেয়ে ভালো স্মৃতিও কখনো কখনো কষ্ট দেয়। তারা জানে এসব ঘটনা আর কখনো ঘটবে না। তোর আর আমার সেই ফুচকা খাওয়ার ঘটনা তো আর ঘটে না। বেড়াতে গিয়ে রিকশা ভাড়া কে দেবে, তা নিয়ে ঝগড়া আর হয় না। তুই ছিলি আমার সাগরের ঢেউ, হৃদ্যন্ত্রের প্রত্যেকটি স্পন্দন। জানিস, এখন আর আমার সাগরে ঢেউ ওঠে না, হৃৎস্পন্দন যেন বন্ধ হয়ে গেছে। ফিরে কি আর আসবি না?
ইতি তোর বন্ধু
খুব অসম্ভব দূর থেকে
আমি অনেক দিন আগে তোমাকে হারিয়ে ফেলেছি। কিন্তু আজও তোমার জন্য আমার মন কাঁদে। তুমি এখন কেমন আছ আমি জানি না। মনটা শুধু একবার তোমাকে দেখতে চায়। হয়তো তুমি ইচ্ছা করেই আমার থেকে দূরে থাকতে চাইছ, কিন্তু কেন, আমি জানি না। সেই বৃষ্টির দিনে তোমার সঙ্গে আমার দেখা হয়েছিল। সেদিন বৃষ্টিধারা সারা দিন আকুল নৃত্য নেচেছিল, আামি সারা দিন কারও জন্য অপেক্ষা করেছিলাম। মনে হচ্ছিল কেউ একজন আমার কাছে আসছে, খুব অসম্ভব দূর থেকে, শেষ পর্যন্ত তুমি এসেছিলে আমার কাছে। আমি আজও বৃষ্টির দিনে তোমার অপেক্ষা করি। তুমি যদি চাও সারা জীবন আমি তোমার প্রতীক্ষায় কাটিয়ে দেব। কিন্তু তুমি কি কোনো দিন আসবে না?
রাসেল, পাবনা।
মনের বাক্স
প্রিয় পাঠক
আপনার মনের না-বলা যেকোনো কথা বা স্বীকারোক্তি বলে ফেলুন অধুনার ‘মনের বাক্স’ বিভাগে।
ফেসবুক, ই-মেইল বা চিঠি লিখে জানাতে পারেন মনের কথা।
লেখা পাঠানোর ঠিকানা:
অধুনা, প্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ই-মেইল: [email protected] ফেসবুক: facebook.com/adhuna.PA
খামের ওপর ও ই-মেইলের subject-এ লিখুন ‘মনের বাক্স’