মনের বাক্স
ফিরে আসার অপেক্ষায়...
তুমি থাকো আমেরিকায়। ফেসবুকেই তোমার সঙ্গে পরিচয়। তারপর থেকে ভালো লাগা। তুমি আমাকে ভাবতে বন্ধু, আর আমি ভাবতে শুরু করছিলাম মনের মানুষ। একটু ইশারা-ইঙ্গিতে বোঝাতে গিয়ে খেলাম ব্লক। তারপর ব্লক লিস্টে দুইটা বছর। অন্য আইডি দিয়ে চেষ্টা করলাম অনেকবার, কিন্তু তোমার ফেসবুক সিকিউরিটি ভেঙে ঢুকতে পারলাম না ভেতরে। কী মনে করে আবার আনব্লক করলে। আমিও প্রাণে পানি পেলাম। দুরুদুরু বুকে টেক্সট করলাম, আমার জন্মদিনে উইশ করতে বললাম। এভাবে কথা বিনিময়ের মাধ্যমে একসময় আমরা হয়ে গেলাম প্রিয়তম-প্রিয়তমা। অপেক্ষায় আছি কখন দেশে আসবে, কখন তোমাকে ঘরে তুলে নেব। ফিরে এসো খুব তাড়াতাড়ি।
মোহাম্মদ ওমর ফারুক
ফটিকছড়ি, চট্টগ্রাম।
তুমিই আমার সব, বাবা
প্রিয় বাবা,
জানি না, তুমি আমাকে কতটা ভালোবাস। কারণ, সন্তানের প্রতি বাবার ভালোবাসা কখনো পরিমাপ করা যায় না। মাকে হারানোর পর থেকে তুমিই আমার সব। পড়াশোনার জন্য আজ আমি তোমার কাছ থেকে দূরে, তোমার উপদেশ আমার কানে সব সময়ই বাজে। আমাকে নিয়ে তোমার অনেক স্বপ্ন। জানি না তার কতটা পূরণ করতে পারব। তবে কোনো প্রমাণ ছাড়াই তোমাকে বলছি, আমি তোমাকে আমার জীবনের থেকেও বেশি ভালোবাসি।
তোমার জীবন
রাশেদ বিন হাসান
আছে উপহারগুলো?
কেমন আছো তুমি? তোমার মা-বাবা কেমন আছে? খুব ইচ্ছে করছে তোমাকে আর একবার দেখার। তুমি আমার পাশেই ছিলে; কিন্তু সুযোগ হয়ে ওঠেনি আমার। তোমাকে আর একবার দেখব বলে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনে কত গিয়েছি ছুটে। পাইনি তোমার দেখা আমার আঁখি পল্লবে। মনে পড়ছি কি, ২০১৫-এর বাণিজ্য মেলায় তোমার-আমার দেখা সেই ছোট শোরুমটা। আছে কি তোমার ঘরে আমার দেওয়া ছোট উপহারগুলো? মনের অজান্তেই তোমাকে ভালোবেসে ফেলেছি।
সাইফ
গুলশান, ঢাকা।
লেখা পাঠানোর ঠিকানা:
অধুনা, প্রথম আলো, সিএ ভবন
১০০ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ই-মেইল: [email protected] ফেসবুক: facebook.com/adhuna.PA
খামের ওপর ও ই-মেইলের subject-এ লিখুন ‘মনের বাক্স’