মনের বাক্স

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোথায় সেই দিনগুলো...?
একসময় খুব খেলাপাগল ছিলাম। পাড়ার কোথায়ও খেলা হলে আমি উপস্থিত থাকতামই। খেলার জন্য কতই না মার খেতাম আম্মুর। কিন্তু মেরেও কোনো লাভ হয়নি। আমি সেই খেলাপাগলই ছিলাম। খেলার জন্য আমাকে ঘরে পর্যন্ত আটকে রাখা হয়েছিল। কিন্তু আমি যে রকম, সে রকমই ছিলাম। খেলার মধ্যে ক্রিকেট-পাগল আমি। ব্যাটিং, বোলিং—দুটোতে নৈপুণ্য ছিল ভালোই। কিন্তু এখন আর সেই খেলার প্রতি আকর্ষণ নেই। কেন জানি না কোনো কিছুই ভালো লাগে না। মাঝে মাঝে সেই দিনগুলোর কথা ভেবে নিজেকেই অবাক লাগে।
কোথায় সেই দিনগুলো...? কোথায় হারিয়ে গেল।
মো. বিপুল রায়হান
রংপুর।

কেন তুমি থাকো আমার এই মনে
আজও আমি তোমার অপেক্ষায় থাকি। কেন জানি না তোমাকে আমি ভুলতে পারি না। সব সময় তোমার কথাই ভাবি। মনে শুধু একটাই প্রশ্ন জাগে—কেন তুমি থাকো আমার এই মনে? তুমি তো আগেই আমাকে ছেড়ে চলে গেছ। পারি না আমি তোমাকে ভুলতে। তোমার জন্য এখনো এই আমি পথ চেয়ে থাকি। আমার কেন মনে হয়, একদিন ঠিক আগের মতো তুমি আমার ভালোবাসার অভাব বুঝতে পারবে। কিন্তু আমি তোমাকে এক মিনিটের জন্য ভুলে থাকতে পারি না। আমার মনে হয় এটাই আমার দুর্বলতা। আর এ কারণেই কখনো তুমি আমার কাছ থেকে হারিয়ে যাও না। আমার এই মনে প্রতি মুহূর্তে শুধু তুমি থাকো। আগের মতো এখন আমার তোমাকে নিয়ে ভাবতে ভালো লাগে। এখনো আমি তোমাকে নিয়ে ভাবি। কিন্তু তুমি এই ভাবনাগুলোর মূল্যায়ন করতে না। আমি জানি, তোমার জীবনে আমার কোনো জায়গা নেই। কিন্তু আমার জীবনের সবটা জায়গা জুড়ে থাকো শুধু তুমি। যদি হঠাৎ করে একদিন তোমার চেহারাটা ভুলে যাই, মনে হয় আমার এই জীবন থেকে কত কী হারিয়ে গেছে। কারণ, আমি আমাকে ভুলে থাকতে পারি কিন্তু তোমাকে আমি ভুলে থাকতে কেন পারি না? কী কারণে আমার মনে হয়, তুমি ছাড়া আমার এ জীবন অপূর্ণ থেকে যাবে? তুমি কেন আমার জীবনে এসে সুখের ছায়া দিলে? কেন আবার আমাকে একা করে তুমি চলে গেলে?
ইতি
রাফি

আমি তোমার যোগ্য নই
আমি তোমার যোগ্য নই। তোমার ভালোবাসা পাওয়ার মতো কিছুই আমার নেই। এমন কিছু নেই, যা দিয়ে তোমাকে আটকে রাখব। কত দিন তোমাকে দেখি না, খুব দেখতে ইচ্ছে করে। তোমার মুখটা একবার দেখার জন্য ফেসবুকেও খুঁজে ফিরি তোমায়। কোথাও নেই তুমি। আমার জানা সবকিছু পাল্টে ফেলেছ।
অনেক ধন্যবাদ তোমাকে। তোমার কারণেই আজ আমি পৃথিবীর বাস্তবতা বুঝতে পেরেছি। বুঝতে পেরেছি এমন কিছু বস্তু, যা সবাই পেতে চায়, যা না থাকলে কখনোই তোমার ভালোবাসা পাওয়া যাবে না, আশাও করা যাবে না। খুব মিস করব তোমায়...
হৃদিতা
শরীয়তপুর।

একা, শুধু একা
আমি শুকতারা। আমাদের ক্লাসের সবচেয়ে সুন্দরী মেয়েটা নবম শ্রেণিতে পড়ার সময় আমার ঘনিষ্ঠ বন্ধু হয়ে যায়। প্রতিদিন একসঙ্গে বাড়ি ফিরতাম। ও অনেকবার আমাকে বলাতে চেয়েছিল, আমি ওকে ভালোবাসি কি না। কিন্তু আমার মন অবুঝ। প্রেম কী, এটাই বুঝত না। এসএসসি পরীক্ষা দিয়ে একই কলেজে ভর্তি হলাম। আমাদের বন্ধুত্ব ঘনিষ্ঠ থেকে ঘনিষ্ঠতর হয়ে গেল। ও আমাকে বারবার বলানোর চেষ্টা করেছে কিন্তু সাড়া পায়নি। চোখে চোখ রেখে দুই বছর কেটে গেল। তখনো আমি ওকে বন্ধু ভাবতাম। এইচএসসি পরীক্ষার পর ও গ্রামে থেকে গেল। এক বছর ওর সঙ্গে কোনো যোগাযোগ নেই। শহরের কলেজে ভর্তি হয়ে যখন বুঝেছি ভালোবাসা কী। তখন ছাত্রাবাসের ভাঙা ঘাটে শুয়ে ওর জন্য মন কাঁদে। শুনেছি, ও অন্য একটি ছেলের সঙ্গে প্রেম করে। আমি রয়ে গেলাম একা, বড় একা।
শুকতারা
খুলনা।

মনে কি পড়ে?
ফেনীর হাজারীর বৈশাখী মেলায় তোমার বান্ধবীদের দৌলতে তোমার সঙ্গে আমার পরিচয়। কথা বলা আর তোমাকে নিয়ে মেলায় ঘুরতে যাওয়া। পুতুলনাচ দেখানো, ঘোড়ার গাড়িতে চড়ে মাস্টারপাড়া ঘোরানো। পুকুরে নৌকায় চড়া, পরনে ছিল টিয়া রঙের স্কার্টটি, তোমাকে খুব সুন্দর লাগছিল। রাতে তোমাকে বনানী পাড়ায় বাসায় পৌঁছে দেওয়া। তোমার-আমার মাঝে ছিল ভালো একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। পরে গোলাপ চৌধুরী মার্কেটে আমার দোকানে তোমার আসা-যাওয়া। তোমার দেওয়া আমাকে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রিয় গানগুলো, সঙ্গে সুন্দর একটি চিরুনি, এত বছর পরেও আমি এখনো তুলে রেখেছি সযতনে। বন্ধু, তুমি কেমন আছ। জানতে ইচ্ছা করে। মনে কি পড়ে আমার কথা? সে দিনগুলোর কথা? আজও বড্ড মনে পড়ে সে স্মৃতিগুলোর কথা। বেশি করে বন্ধু মনে পড়ে তোমার কথা।
পলাশ
চট্টগ্রাম।

৪৬ বছর তোমাকে দেখি না
৪৬ বছর তোমাকে দেখি না। মনে পড়ে তোমার, আটটি বছর কীভাবে তুমি আমাকে জড়িয়ে রেখেছিলে? একমাত্র সাহিত্যচর্চা ছাড়া আর কোনো দিকেই তুমি আমাকে দৃষ্টি ফেরাতে দাওনি? রেডিও টিভিতে আমার লেখা যত গান প্রচারিত হয়েছে, প্রায় সবই তোমাকে
নিয়ে লেখা।
তারপর একদিন তুমি আমাকে জানালে, আর বিলম্ব করা উচিত হবে না, অমুক তারিখে অমুক স্থানে থেকো, আমরা কাজি অফিসে যাব।
আমি আমার মায়ের গোপন অনুমতি নিয়ে প্রস্তুত হলাম। কিন্তু ‘অমুক তারিখ’ আসার আগেই একদিন তোমাদের বাড়িতে কিছু নতুন লোকের আনাগোনা দেখলাম। দ্রুত খবর নিয়ে জানলাম, ওই দিনই তোমার পূর্ণ সম্মতি নিয়ে এক বিত্তবান লোকের সঙ্গে তোমার অনানুষ্ঠানিক বিয়ে হচ্ছে (বিত্তবান লোকটির এটি ছিল দ্বিতীয় বিয়ে)। তোমার এক ভাবি তোমাকে বলেছিলেন, এত দিনের সম্পর্কটা এভাবে নষ্ট করে দিস না—ছেলেটা বাঁচবে না। তুমি অবজ্ঞার সুরে বলেছিলে, তাতে আমার কী? কে না সুখ চায়?
আমার জীবনকে বিপর্যস্ত করে দিয়ে তুমি সুখের সন্ধানে স্বামীর সঙ্গে করাচি চলে গেলে। আমি কোথায় কীভাবে থাকলাম জানতেও চাইলে না।
কিন্তু দুই বছরও তোমার সুখের সংসার টিকল না। তোমার স্বামী তোমাকে পরিত্যাগ করে দেশে ফেরত পাঠিয়ে দিল। অতঃপর অনেক ঝড় তুফান পেরিয়ে এক বয়স্ক বিবাহিত লোকের সঙ্গে তোমার দ্বিতীয় বিয়ে হলো। কিন্তু কয়েক বছরের মধ্যে তিনি মারা গেলেন!
এখন তুমি কোথায় আছ, কেমন আছ জানি না। শুধু একটিবার তোমাকে দেখতে ইচ্ছা করে। মৃত্যুর আগে একটিবার তোমাকে দেখতে চাই—সে সুযোগ আমাকে দেবে কি?
নাম প্রকাশে অনিচ্ছুক
নারায়ণগঞ্জ।

বন্ধু, তুই আমাকে মূল্যায়ন করলি না?
আমার বন্ধু রকি (ছদ্মনাম)। আমি গ্রাম থেকে এসে সপ্তম শ্রেণিতে জিলা স্কুলে ভর্তি হই। আমি গ্রামের দুরন্ত ছেলে। কিন্তু শহরে এসে সেই বিড়াল। আমার শহরের স্কুলের প্রথম বন্ধু রকি। খুবই ভদ্র, ভালো ছেলে, কথা কম বলে। আমি একটু বেশি বলি। ওর সঙ্গে আমার খুব গভীর বন্ধুত্ব। ওকে আমার জীবনের সব কথা বলি, কিন্তু ও আমাকে ওর নিজের জীবনের কথা বলে না বলেই চলে। আমি ওকে খুব কাছের বন্ধু ভাবতাম। ওর কথা আমি সব সময় অনেক গুরুত্বসহকারে দেখতাম। ওর বাসা আমার বাসা থেকে অনেক দূরে, কিন্তু আমি ওর কাছে প্রায় যেতাম। ও একটু মিনমিনে টাইপের ছেলে। অনেক কিছু বোঝে কিন্তু না বোঝার জন্য আমি এক মেয়েকে অনেক বড় ধরনের হুমকি দিই। পরে ওই মেয়েটা ওর সামনে আমাকে অপমান করে, কিন্তু ও তার প্রতিবাদ পর্যন্ত করেনি, তখন থেকে আমি বুঝতে পারছি, ও আমাকে মূল্যায়ন করে না। ও আমাকে ওর কাছের বন্ধু ভাবে না। ওর সঙ্গে আমি রাগ করে থাকতে পারতাম না। কেন জানি ওকে ভালো লাগত। কিন্তু যে মেয়েটা আমাকে অপমান করে, সেই মেয়েটার সঙ্গে ওর সম্পর্ক! এটা শুনে আমি আকাশ থেকে পড়ি। তখন থেকে আমি ভাবছি, ওকে আমি আমার বন্ধুর তালিকা থেকে বাদ দেব। এই সম্পর্কের কথা আমার পরিবারও জানে। আর বন্ধুরা তো বলে, তোর প্রিয় বন্ধু রকি কই, আমি ওকে ছাড়তে পারি না কেন, এটা আমি জানি না, কিন্তু ও আমাকে মূল্যায়ন করে না। এটা আমাকে অনেক জ্বালাতন করে আর ভাবায়...তাই আমি ওকে ছাড়তে চাই।
হোসেন
পটুয়াখালী। 

মনের বাক্স
প্রিয় পাঠক
আপনার মনের না-বলা যেকোনো কথা বা স্বীকারোক্তি বলে ফেলুন অধুনার ‘মনের বাক্স’ বিভাগে। ফেসবুক, ই-মেইল বা চিঠি লিখে জানাতে পারেন মনের কথা।
লেখা পাঠানোর ঠিকানা: অধুনা, প্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫। ই-মেইল: [email protected] ফেসবুক: facebook.com/adhuna.PA খামের ওপর ও ই-মেইলের subject-এ লিখুন ‘মনের বাক্স’