মনের বাক্স

ভালোবাসি তোকে পুচ্চি
১২.১০.২০১৫ তারিখে যখন তোকে বন্ধুত্বের সম্পর্ক থেকে শুনিয়েছিলাম ভালোবাসার গান, তখন আমি ছিলাম বিভ্রান্ত, সংশয় ছিল মনে। সেই সংশয় ভুল প্রমাণিত করে তুইও আমার সেই ভালোবাসার গানে সুর মেলালি, আমার জীবনের পথচলার সঙ্গী হয়ে গেলি। আজও ভালোবাসার সম্পর্কে আমরা আবদ্ধ।
ভালোবাসি তোকে পুচ্চি। জীবনের প্রতিটি মুহূর্তে থাকব তোর পাশে, আর তোর হাতে হাত রেখে তোকে জীবনের প্রতিটি সময় সঙ্গ দেব। চিরকাল থাকব আমরা দুজন দুজনার মাঝে বেঁচে। এই আশা নিয়েই এখন অতিবাহিত হয় জীবনের প্রতিটি ক্ষণ। সুখী থাক তুই, সুখময় থাকুক আমাদের এই মধুময় সম্পর্ক আজীবন।
নাম প্রকাশে অনিচ্ছুক

বাড়ির খাবার মিস করি
বাড়ি থেকে অনেক দিন হলো এসেছি। এলে কি হবে। মেসে থেকে তো আর বাড়ির খাবারের স্বাদ পাওয়া যায় না। বাড়িতে যেটাই খাই না কেন তাতেও মজা থাকে। কিন্তু মেসে যা-ই খাই মজা থাকে না। মেসে থাকা অবস্থায় বাড়ির খাবার সব সময় মিস করি, এখনো করছি। মেসের খাবার যদি বাড়ির মতো হতো কতই না ভালো হতো। তাহলে মেসটা বাড়ি হতো। বাড়ির খাবার মিস ইউ।
আবু সালেহ
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুর।
হঠাৎ তুমি হারিয়ে গেলে
সেই ছোটবেলায় হারিয়েছি তোমাকে। সবকিছু আজ স্পষ্ট মনেও পড়ে না। তবু তোমার ওই মায়াবী চোখ দুটি আজও আমার মনের অন্তরালে ভেসে ওঠে। ছোটবেলায় তোমার সঙ্গে কাটানো দিনগুলো আজও মনে পড়ে। সবকিছুই যেন, মনের কোনো অজানা মণিকোঠায় লুকিয়ে রয়েছে। দুটি ছোট্ট ছেলেমেয়ে, পাশাপাশি বসে আছে। কত স্মৃতি জড়িয়ে আছে, আজও তোমাকে ঘিরে। কিন্তু হঠাৎ তুমি হারিয়ে গেলে। আজ কতটি বছর কেটে গেল। কত দিন দেখি না তোমাকে। বলা নেই-কওয়া নেই হঠাৎ কোথায় হারিয়ে গেলে, কত রাত অপেক্ষায় থাকি তুমি আসবে। এখন, মনে হয় তুমি বড় হয়ে গেছ। আমিও ছোট নই। অনেকগুলো বছর তো পেরিয়ে গেল। জানি না আমাকে দেখলে তুমি চিনতে পারবে কি না।
তোমাকে দেখলে কিন্তু আমি ঠিকই চিনব। আমার সঙ্গে খেলতে গিয়ে, তুমি পড়ে যাওয়ার পর তোমার কপালে সেই কাটা দাগটা কি আজও অছে? খুঁজি, সেই ছোটবেলার তোমাকেই, জানি না পাব কি না, আমার কথা তোমার মনে আছে কি না। তবে আমি আজও অপেক্ষায় আছি, তোমার সঙ্গে একটিবার দেখা করার জন্য। আমার খুব জানতে ইচ্ছা করে, তোমার কি আমার কথা মনে আছে? জানি না আমার এ লেখা তোমার চোখে পড়বে কি না... !
নাঈমুর রহমান
নরসিংদী।
অবসরে যাবেন না মাশরাফি
কতবার ছুরি-কাচিঁর নিচে গিয়েও যখন আপনি বোলিংয়ে আসেন, তখন পুরো বাংলাদেশ দুশ্চিন্তায় থাকে, হায়! কী জানি হয়! না জানি আবার পড়ে যায় মাটিতে। বুকের ভেতরটা চিনচিন করে। আর যখন সত্যিই পড়ে যান, তখন মুহূর্তের জন্য যেন হৃৎস্পন্দন বন্ধ হয়ে যায় পুরো বাংলাদেশের। সঙ্গে সঙ্গে যখন আপনি উঠে দাঁড়ান, তখন যেন প্রাণ ফিরে পায় গ্যালারি, সেই সঙ্গে পুরো বাংলাদেশ। কারণ, এ রকম মানুষ ক্ষণজন্মা। আপনি এক সংবাদ সম্মেলনে বলেছিলেন, ‘হঠাৎ করে একদিন অবসরে চলে যাব।’
একদিন হয়তো সবাইকে অবসরে যেতে হয়। কিছু কিছু মানুষের বিদায় একদমই মেনে নেওয়া যায় না। আপনি তেমনই একজন। পুরো দেশের মতো আমারও বলতে ইচ্ছে করে—অবসরে যাবেন না মাশরাফি। শুনছেন?
আপনার ভক্ত
জাকির হোসেন
ব্রাহ্মণবাড়িয়া
করবি তো আমার ইচ্ছেপূরণ?
তুই আমার বিশ্বাস রাখতে পারিসনি। কিন্তু তোকে কথা দিয়েছিলাম সব সময় তোর পাশে থাকব, তোকে ছেড়ে যাব না। ভালোবাসি আমি তোকে, তাই পারিনি মুখ ফিরিয়ে নিতে। আমিও রাগের মাথায় অনেক কিছুই তোকে বলে ফেলেছি, হয়তো কষ্ট পেয়েছিস, অনেক বেশি কষ্ট পেয়েছিস। কিন্তু আমাকে যা দিলি তার থেকে কি বেশি তুই পেয়েছিস? তুই এইটুকু কষ্টের জন্যই আমার সঙ্গে কথা না বলে থাকতে পারিস, তাহলে আমার কি করা উচিত ছিল?
আমিও আবার বিকেলে তোর সঙ্গে হাঁটতে চাই, আমিও চাই আবার তোর চোখের দিকে বারবার তাকিয়ে বারবার চোখ নামিয়ে নিতে, বিশ্বাস কর আমিও চাই—তেঁতুল চাটনি আবার ভাগ করে নিতে, চাই তোর সাইকেলে বসে সারা শহর ঘুরতে! সত্যি, আমিও চাই—আবার ভালোবাসতে।
তোর হাত ধরে সেই চিরচেনা শহরে আরও একবার ফিরে যেতে চাই—একজনকে দেখিয়ে দিতে চাই, আমরা আমরাই; আমাদের কেউ চাইলেই আলাদা করতে পারবে না!
বল না, যাবি? করবি তো আমার ইচ্ছেপূরণ?
স্মৃতি
মিরপুর, ঢাকা।
লেখা পাঠানোর ঠিকানা
অধুনা, প্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ই-মেইল: [email protected] ফেসবুক: facebook.com/adhuna.PA. খামের ওপর ও ই-মেইলের subject-এ লিখুন ‘মনের বাক্স’