মনের বাক্স

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

মা, তোমাকে অনেক ভালোবাসি
বাংলা ব্যাকরণে যতগুলো ছোট শব্দ আছে, তার মধ্যে অন্যতম এবং বহুল ব্যবহৃত শব্দটি হলো মা। প্রকৃতপক্ষে শব্দটি যদিও ছোট কিন্তু এর ব্যাপকতা বলে বোঝানো সম্ভব নয়। মা শব্দটার মাঝে এক অসাধারণ মধুময়তা আছে। প্রতিটি সন্তানের জীবনেই তার মায়ের ভূমিকা অনস্বীকার্য।
আমার ক্ষেত্রেও তার ব্যতিক্রম নয়। আমার প্রতিটি হাসি-কান্নার সঙ্গে যে নামটি জড়িয়ে আছে, সেটি হলো আমার মা। আমার প্রতিটি সাফল্যে যে মুখটিতে সবচেয়ে চওড়া হাসি ফোটে। জীবনের কোনো পরিস্থিতিতে যখনই থমকে গেছি, তখনই ছায়ার মতো পাশে পেয়েছি আমার মাকে। পৃথিবীর প্রতিটি সন্তানের কাছেই তার মা সেরা, তবে আমার দৃষ্টিকোণ থেকে তুমিই হলে ধরণির সেরা জননী। কেননা আমার প্রতিটি পাগলামিকে তুমি সব সময়ই মেনে নিয়েছ হাসিমুখে। আমি কখনো অসুস্থ হয়ে পড়লে তুমি যে কী উদ্বিগ্ন হতে, তা হয়তো বলে বোঝানো সম্ভব নয়। বাংলায় একটা প্রচলিত কথা আছে, দাঁত থাকতে দাঁতের মর্যাদা না বোঝা। আমার ক্ষেত্রেও কিছুটা তেমনটিই ঘটেছে। যখন তুমি খুব কাছে ছিলে, তখন তোমাকে খুব বেশি অনুভব করতাম না, আজ করি। জীবনের দিনগুলোতে তোমার কথা কারণে-অকারণে খুব বেশিই মনে পড়ে। আর তাই মনের অজান্তেই তোমাকে উদ্দেশ করে একটা কথা বলে যাই, যেটা হয়তো সরাসরি কখনো বলে হয়ে ওঠেনি সেটা হলো—মা, তোমাকে অনেক ভালোবাসি।
সায়মন সাকিব হাসান
ফরিদপুর মেডিকেল কলেজ।

ভুলতে পারি না
জানি না কবে তোর কাছে ফিরে যেতে পারব, কবে তোর কোলে মাথা রেখে একটু শান্তিতে ঘুমাতে পারব? বলতে পারব না কেন নিয়তি তোর কাছ থেকে এভাবে সরিয়ে দিয়ে তোর স্নেহ-মায়া থেকে বঞ্চিত করেছে। তোর সঙ্গে কাটানো সময়, তোর দেওয়া ভালোবাসা একদম ভোলার মতো নয়। তাই তো আজকাল তোকে বড্ড বেশি মনে পড়ে। চিৎকার করে বলতে ইচ্ছে করে, আই মিস ইউ অ্যা লট। একটি কথা তোকে জানিয়ে রাখতে চাই, হাজার চেষ্টায় শত ব্যস্ততা অতিক্রম করে হলেও তোকে আপন করে নেব।
মো. শরিফুল ইসলাম
ইংরেজি বিভাগ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর।

পারলে ফিরে এসো
সেদিন ছিল ২৮ মার্চ ২০১৩। যেদিন আমরা দুজন দুজনকে ভালোবাসতে শুরু করি। তারপর থেকে অনেক হাসিখুশির মধ্যে কাটে তিন বছরের বেশি সময়। হঠাৎ ২০১৬ সালের নভেম্বর মাসের শেষের দিকে সে ‘হোয়াটস অ্যাপে’ কথা বলার সময় বলে, আর আমাদের সম্পর্ক রাখতে পারবে না। কারণ জানতে চাইলে পরিবারের কথা বলে। জানি না মূল কারণ কী ছিল। কিন্তু আমি তোমাকে আগে যেমন ভালোবাসতাম এখনো তেমন ভালোবাসি। এখনো অনেক কাঁদি তোমার কথা মনে করে। পারলে ফিরে এসো। তোমার অপেক্ষায় আছি, সারা জীবন থাকব।
মুহাম্মদ মহিউদ্দীন
সরকারি হাজী মুহম্মদ মহসিন কলেজ, চট্টগ্রাম।

অঝোরে কেঁদে ফেলতে ইচ্ছে করে
মাঝে মাঝে মনটা খুব খারাপ হয়ে যায়। এই মন খারাপের কারণ, কিসের যেন এক শূন্যতা, কী যেন একটা হারিয়ে যাওয়ার বেদনা। আর তখন দু-চার জায়গায় ফুটো হয়ে যাওয়া কাঠের জানালাটা খুলে ওই পাতা ঝরে পড়া শিমুলগাছটার দিকে চেয়ে থাকি। কীভাবে সে পাতাহীন অবস্থায় পৃথিবীর বুকে একা দাঁড়িয়ে আছে। অথবা কোনো এক খোলা মাঠে একাকী বসে ওই বিশাল আকাশটার দিকে চেয়ে থাকি। মেঘাচ্ছন্ন আকাশটার মতো অঝোরে কেঁদে ফেলতে ইচ্ছে করে। এসব কিছুর একটিই কারণ, একটি নাম, একটি ডাক, একটি মমতা, অথবা একটি ভরসা—আমার মা। সেই ছোটবেলায় এই পৃথিবী থেকে আমাকে ছেড়ে চলে গেছে।
মো. রফিক
পরিসংখ্যান বিভাগ
ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া।

প্রথম দেখায় প্রেমে পড়ে যাই
আমাদের প্রথম পরিচয়ের ১ বছর ৩ মাস কেটে গেছে। এত দিনেও তোমাকে ঠিকমতো চিনতে পারলাম না। প্রথম দেখায় তোমার প্রেমে পড়ে যাই। অনেকবার তোমায় বলেছি ভালোবাসি। অনেক বেশি ভালোবাসি। কিন্তু তুমি পাত্তাই দিলে না। আজও অপেক্ষায় আছি সেই দিনটার জন্য, যে দিন তুমি আমার কাছে আসবে, আমার হাত দুটো ধরবে, আমার চোখে চোখ রাখবে এবং বলবে ভালোবাসি। অনেক ভালোবাসি। তোমাকে যেদিন প্রথম সামনাসামনি দেখি, তোমার সেই মলিন হাসি আজও আমার চোখে লেগে আছে, তোমার মায়াবী চোখ দুটোতে আমার ডুবে যেতে ইচ্ছে করে।
কী করব আমি, বলো। প্রতিটি ক্ষণ শুধু তোমার কথা মনে পড়ে। তুমি মিশে গেছ আমার অন্তরে। তোমার জন্য হয়তোবা আকাশের চাঁদ এনে দিতে পারব না, কিন্তু এটুকু বলতে পারি, সারা জীবন ভালোবেসে যাব তোমাকে। অনেক সুখে রাখব তোমাকে। এটুকু বুঝলেই হবে পাগলি।
জাওয়াদ
ঢাকা।

.
.

লেখা পাঠানোর ঠিকানা
অধুনা, প্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ই-মেইল: [email protected] ফেসবুক: facebook.com/adhuna.PA. খামের ওপর ও ই-মেইলের subject-এ লিখুন ‘মনের বাক্স’