মনের বাক্স

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অলংকরণ: মাসুক হেলাল
অলংকরণ: মাসুক হেলাল

বড্ড ভালোবাসি তোকে
তোকে কিছু কথা বলার ছিল। সামনাসামনি বলার সাহস নেই। তুই তো আমাকে ভালো করেই চিনিস। জানিসই তো কত কঠিন আমি। সহজে মুখ ফুটে কিছু বলি না। হাজার বলার পরও কখনোই স্বীকার করব না। কিন্তু কিছু কথা না বললেই নয়। ভালোবাসি তোকে ভীষণ। হয়তো বুঝিস। এই পৃথিবীতে তুই একমাত্র ব্যক্তি, যে আমাকে ঠিক আমার মতো করে বুঝিস। তোর মতো বন্ধু হয় না। তুই যখন আমাকে বকা দিস, খুব মজা লাগে। তোর বকা খেলে বাঁদরামোটা একটু বেড়েই যায়। তোর হাসিটা না খুব সুন্দর।

সাধারণত ছেলেরা মেয়েদের হাসির ওপর ক্রাশ খায়। আর আমি তোর কিউট সুইট হাসির ওপর ক্রাশ খেয়েছি। হাসি ছাড়া না তোকে একদম মানায় না। তোর মুখে ওই হাসিটা অলটাইম দেখতে চাই। মন খারাপের সময়গুলোতে তোর এই হাসিটার কথা মনে হলেই মন ভালো হয়ে যায়। মাঝে মাঝে ভয় হয়। মনে হয় সময়ের স্রোতে তুই হয়তো হারিয়ে যাবি। আমি একবার শুনেছিলাম, বেস্ট ফ্রেন্ডরাই একসময় জীবন থেকে হারিয়ে যায়, পাশে থাকে শুধু বন্ধুরা। তাই মনে হয় তুই যদি হারিয়ে যাস! কখনোই হারাতে চাই না তোকে। তোর আর আমার বন্ধুত্বের একটা বিশেষ ব্যাপার হচ্ছে, শেষ হয়েও হলো না শেষ। প্রায়ই তোর সঙ্গে রাগ করে বলি, তোর সঙ্গে বন্ধুত্ব শেষ। কিন্তু বিশ্বাস কর, তোকে ছাড়া আমার একমুহূর্ত চলে না। থাকতে পারব না তোকে ছাড়া। বড্ড বেশি ভালোবাসি।

তোর খুব কাছের কেউ

সরকারি অগ্রগামী বালিকা উচ্চবিদ্যালয় ও কলেজ, সিলেট

স্বপ্ন সত্যি হবে!

ঘুমের স্বপ্ন তো স্বপ্নই। স্বপ্ন যদি সত্যি হতো। তাহলে একেকজন রাজা হতো, প্রজা কেউ হতে চায় তো না। মাঝেমধ্যে জেগে জেগে স্বপ্ন দেখি অনেক কিছু করার, কিন্তু স্বপ্ন বাস্তবে রূপ দিতে পারি না। চেষ্টার কিন্তু ত্রুটি করি না, তারপরেও বিফল হচ্ছে।

আবার স্বপ্ন দেখি স্বপ্নটাকে জয় করার। আশা রাখি নিজের স্বপ্ন জয় একদিন করবই।

তোমেল সরকার

মহাস্থানগড়, বগুড়া।

আমি কি ভুল করেছি?

তার চোখ দেখে যে কারোরই তাকে ভালো লাগবে, আমারও প্রথম শুধু তাকে ভালো লেগেছিল, কিন্তু পরে সবকিছু উলটপালট হয়ে যায়। নিজেকে আর ঠিক রাখতে পারি না, তাকে সবকিছু বলে দিই। সে নাকি অনেক কষ্ট পায় তাতে। কারণ, সে আমাকে তার সবচেয়ে কাছের বন্ধু ভেবেছিল, তার সবকিছু আমার সঙ্গে শেয়ার করত। ফেসবুকে প্রায় সব সময়ই তার সঙ্গে কথা হতো। আমি আমার ভালোবাসার কথা বলতেই সে আমার সঙ্গে রাগারাগি করত এবং বারবার বলত, সব ছেলেই এক এবং আমিও তার বিশ্বাসের দাম দিইনি। মাঝে মাঝে সিদ্ধান্ত নেয়, আসলেই সে মনে হয় আমাকে ভালো বন্ধু ভেবেছিল, থাক আর তাকে বিরক্ত করব না। কিন্তু দু-এক দিনের বেশি থাকতে পারি না, আবার আগের মতো। আমি আমার মনের কথা বলি, সে রাগারাগি করে। এইভাবেই চলছে, কিন্তু যোগাযোগ বন্ধ হয়নি। চলতে থাক, দেখি কী হয়।

আশেক মাহমুদ

আছি, তোমারই অপেক্ষায়

হৃদয়ের সবটুকু ভালোবাসা দিয়ে ভালোবেসেছিলাম তোমাকে। ভাবিনি, কখনো দূরে যেতে হবে। যে আমি তোমাকে একটা মুহূর্তের জন্য চোখের আড়াল করে রাখতে চাইতাম না, আর আজ মাস হয়ে যাচ্ছে তোমায় চোখের আড়ালে হারিয়ে ফেলেছি।

তুমি কি জানো, কীভাবে আমার সময়গুলো পার হচ্ছে? কখনো কি জানতে ইচ্ছে হয় না, কীভাবে আমি বেঁচে আছি?

আমি তোমায় কখনো খারাপ বলিনি। যদি খারাপই বলতাম, তাহলে তোমাকে নিয়ে বাকিটা জীবন চলার প্রতিজ্ঞা করতাম না, আমি শুধু চেয়েছিলাম তোমার ভালোবাসা শুধু আমি পাব আর কাউকে ভাগ দেব না। ফিরে আসো, আমার সবটুকু ভালোবাসা শুধু তোমার জন্য রাখা আছে, তোমার আগের মানুষটা আগের মতোই আছে। তোমার ফিরে আসার পথ চেয়ে বসে আছি, ফিরে এসো।

মো. সাগরুজ্জামান

সরকারি পিসি কলেজ, বাগেরহাট।

আমি পুরোপুরি হতাশ হয়ে গিয়েছিলাম

আমার এখনো মনে আছে সেই দিনের কথা, যেদিন আমি তোমায় কোচিংয়ে প্রথম দেখেছিলাম। আমি পেছনের বেঞ্চে বসে তোমার কানের দুল দেখছিলাম। হঠাৎ তুমি পেছনে তাকিয়ে ছিলে। আমি প্রথমবার তোমার মুখ দেখেছিলাম এবং প্রেমে পড়ে গিয়েছিলাম। কিন্তু কখনো তোমাকে বলতে পারিনি। যেদিন বলার সাহস করলাম, সেদিন এক বন্ধু এসে বলল, দোস্ত, ও তো অন্য একটা ছেলেকে পছন্দ করে। আমি পুরোপুরি হতাশ হয়ে গিয়েছিলাম। আর কখনো তোমাকে আমার মনের কথাটা বলতে চাইনি। কিন্তু আজও আমি তোমাকে প্রতিদিন দেখি এবং তোমাকে পাওয়ার একটা অন্য রকম মনোভাব জাগে। আমি কি কখনো তোমাকে পাব?

নাম প্রকাশে অনিচ্ছুক

তোকে খুব মিস করি দিদি

সুন্দর এক সকাল। আমি শুয়ে আছি। হঠাৎ ফোনটা বেজে উঠল। এত সকালে সাধারণত আমাকে কেউ ফোন করে না। বেশ অবাক হয়েই তুললাম ফোনটা।

-হ্যালো, কে?

-ভাই, আমি।

আমি বেশ অবাক হলাম। ফোনে আমার দিদি, তুলি দিদি। এখন নাটোরে থাকে, মাসির সঙ্গে। বেশ কয়েক দিন হলো কথা হয় না। কিছুটা নিজ ইচ্ছায়, কিছুটা অভিমানে। হঠাৎ তার গলার আওয়াজটা শুনে সেদিন আমার মনটাই বদলে গেল।

দিদি বলল, ‘ভাই, কাল সকালে যাচ্ছি।’

-সত্যি দিদি?

-হুম ভাই, সত্যি। তুই তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়িস কিন্তু।

-আচ্ছা।

পরদিন সকাল। দিদি ফোন দিল, সে রওনা দিয়েছে। দ্রুতযান ট্রেনটা সকালে নাটোর থেকে ছাড়ে। ঠিক ১০টার দিকে এসে পৌঁছায় দিনাজপুরে।

আমি ৯টার সময় চলে যাই স্টেশনে। ঠিক ৯টা ৪৫ মিনিটে ট্রেন এসে পৌঁছায় দিনাজপুরে। আমার দিদির সঙ্গে দেখা হয়।

দিদির মুখ দেখে আমি বুঝতে পেরেছিলাম, সে ভাবতে পারেনি যে আমি এত সকালে তার জন্য অপেক্ষা করব। তারপর আমরা বাড়িতে ফিরে এলাম। চার দিন দিদির সঙ্গে অনেক আনন্দ করলাম। পাঁচ দিনের দিন দিদি বলল যে সে আগামীকাল চলে যাবে!

পুরো দালানটা যেন আমার মাথার ওপর চেপে বসল। আমি অনেক কিছু ভাবতে শুরু করলাম। দিদিকে ছাড়া আমি কেমনে থাকব! আমি যে তাকে ছাড়া একটু বেশি অসহায়। আমি দেখলাম দিদি টিকিট কেটে আনল।

সকালবেলা। দিদি চলে যাবে। আমি স্টেশনে দাঁড়িয়ে। দিদি ট্রেনের ভেতরে নিজের সিটে বসেছে। আমার খুব খারাপ লাগল তাকে দেখে। আমি জানতাম সে চলে গেলে আমার কোনো কাজে মন বসবে না। আমার সেদিন প্রথম স্টেশনে দাঁড়িয়ে কাঁদতে ইচ্ছা করে।

আজ তোর যাওয়ার ১০ দিন হলো। তোকে খুব মিস করি দিদি।

তোর একমাত্র ভাই

দিনাজপুর

লেখা পাঠানোর ঠিকানা

অধুনা, প্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।

ই-মেইল: [email protected] ফেসবুক: facebook.com/adhuna.PA. খামের ওপর ও ই-মেইলের subject-এ লিখুন ‘মনের বাক্স’