মনের বাক্স

প্রেম করা তো তুমি আমাকে শিখিয়েছিলে
জীবন যতই দীর্ঘ হচ্ছে হারানোর তালিকাটাও ততই দীর্ঘ হচ্ছে। তবে কখনো কল্পনাও করতে পারিনি তোমাকে হারাতে হবে। তোমার কি মনে পড়ে না সেই গোধূলির কথাগুলো। তোমার কি মনে পড়ে না সেই প্রণয়। তুমি কি সেই আগের মতোই আছো। এখনো কি আমায় ভালোবাসো? আমি বিশ্বাস করি, উত্তরটা ‘না’ কখনোই হতে পারে না। তুমি আমাকে অনেক ভালোবাসো। তবে কেন এমন লুকোচুরি খেলছ। তোমাকে হারিয়েছিলাম এখন থেকে নয় বছর আগে, তখন আমি অনেক ছোট। সেই থেকে এখন পর্যন্ত তোমায় এক মুহূর্তের জন্যও ভুলতে পারিনি। তোমায় নিয়ে তৈরি করেছি স্বপ্নপুরি। জানো আজ আমার প্রশ্নের কোনো শেষ নেই। প্রশ্ন করতে করতে আমি ক্লান্ত। প্রেম করা তো তুমি আমাকে শিখিয়েছিলে। স্বপ্নের মায়াজাল তো তুমিই বুনেছিলে। তবে কেন দূরে সরে রইলে।
কেন আমায় এত কষ্ট দিচ্ছ। সেদিনের পর থেকে তোমার নম্বর শুধু বন্ধ পাই। কেন তুমি কথা দিয়ে কথা রাখলে না! জানি না কবে তুমি মুঠোফোন চালু করবে। সেদিনের অপেক্ষায় আছি।
মুহিম
পিরোজপুর
তোকে কিছু বলতে চাই
আমার দেখা সবচেয়ে সুন্দর মেয়ে ছিলি তুই। ক্লাসে চুপচাপ থাকতাম বলে কোনো দিন ভালোভাবে কথা হয়নি তোর সঙ্গে। কিন্তু, তুই কি জানিস তোর জন্য কত রাত একা একা তারার সঙ্গে কথা বলেছি? কত দিন তোর রিকশা দিয়ে চলে যাওয়ার দৃশ্য দেখে ভেঙে পড়েছি। কিন্তু, তোকে যখন হঠাৎ প্রেমের প্রস্তাব দিলাম, ফিরিয়ে দিলি। এমনকি অপমানও করলি। তবুও স্বপ্ন দেখি হারানো সময়গুলো আবার ফিরে আসবে। একদিন না একদিন তুই বলবি, ‘ভালোবাসি তোমাকে’।
সাগর বিশ্বাস
লামাবাজার, সিলেট

তোর চোখে ভালো থাকতে চাই...
অনেক ভালো মানুষ তুই। কী দরকার ছিল দুটি বছর আমার মতো খারাপ মানুষের সাথে ভালোমানুষি দেখানোর। আমি যখন বলেছিলাম আমায় ভুলে যা। আমার পড়া শেষ হতে সাত-আট বছর লাগবে। তুই বলেছিলি, ‘আমার কিচ্ছু লাগবে না, তুই শুধু চার বছরের ডিপ্লোমা কর।’ খুব হাসি পায় এখন। আমার এক সেমিস্টার যেতে না যেতেই তোর কাছে খুব খারাপ হয়ে গেলাম।
বুঝতে পারি না, আমি তোর কোন কথা রাখিনি। কোন কথামতো চলিনি। কী ভুল ছিল আমার। জানলে শুধরে নিতাম নিজেকে। তোকে পাওয়া না পাওয়া পরের কথা। কিন্তু আমি তোর চোখে ভালো থাকতে চাই...
মানিক
বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউট
কাউকে বিশ্বাস করতে পারি না
জানি না কোথায় হারাচ্ছি আমি। খুব বেশি আত্মকেন্দ্রিক কি হয়ে যাচ্ছি? এমন তো ছিলাম না আমি। কাউকে বিশ্বাস করতে পারি না, ভালোবাসতে পারি না। শুধু নিজেকে ভালোবাসি। কিন্তু যে নিজেকে ভালোবাসতে জানে, তার তো অন্যকে ভালোবাসতে পারা উচিত। নাকি আমার মধ্যে বহিঃপ্রকাশ নেই। জানতে চাই আমাকে, কিন্তু পারছি না। এই অজানার শেষ কোথায়, তাও জানি না। সব সম্পর্কগুলো যেন কেমন হয়ে যাচ্ছে।
শায়লা রহমান

তবুও তোমায় হারিয়ে ফেলার ভয় হয়
প্রিয় আদর
কত অপেক্ষা কিংবা কতটা কষ্টের পর তোমায় পেয়েছি তা ঠিক জানি না। কিন্তু তোমায় যখন আপন করে পেয়েছি সব কষ্ট ভুলে গিয়েছি আমি। তুমি আমার সব কষ্ট আর দুঃখকে তোমার ভালোবাসা দিয়ে দূরে সরিয়ে দিয়েছ। সত্যি তুমি যদি আমার জীবনে না আসতে তাহলে আমার অগোছালো এই জীবনটা হয়তো আর সাজানো-গোছানো হয়ে উঠত না। তুমি আমার জীবনে এক ফোঁটা শিশির যা মুক্ত দানার চেয়েও উজ্জ্বল। তুমি আমার এক সমুদ্র ভালোবাসা, যার জন্য আমি আজও বেঁচে আছি। তুমি আমার জীবনে এত আপন হয়ে এসেছ, তবুও তোমায় হারিয়ে ফেলার ভয় হয়। হারিয়ে যেয়ো না আমার জীবন থেকে, তাহলে যে আমিও হারিয়ে যাব এই পৃথিবী থেকে।
ইতি
তোমার হৃদয়

তোমাকে ধন্যবাদ
তুমি কি জানো তোমার বাবুটা তোমাকে কত বেশি ভালোবাসে? বিয়ের প্রায় এক বছর হয়ে যাচ্ছে। কিন্তু মনেই হয় না। তোমার সাথে কাটানো সময়গুলো কেন এত তাড়াতাড়ি কেটে যায় বুঝতে পারি না। খুব খুব খুব ভালোবাসি। আমার জীবনটাকে এত সুন্দর করার জন্য অনেক অনেক ধন্যবাদ।
রাইসা

আমার ভালোবাসায় কোথায় ঘাটতি ছিল?
যখন তুমি সপ্তম শ্রেণিতে পড়তে তখন থেকে তুমি আমাকে ভালোবাসতে। আজ তুমি সম্মান প্রথম বর্ষের পরীক্ষার্থী। এখন আমাকে ভুলে গিয়ে অন্যজন্যকে ভালোবাসছ কেন তুমি? আমার ভালোবাসায় কোথায় ঘাটতি ছিল? আমি তো আজও তোমাকে পাগলের মতো ভালোবাসি। তুমি ফিরে এসো, আমি আজও তোমার অপেক্ষায় আছি। তুমি এসে দেখো, আমি তোমার ভালোবাসার অভাবে কত কষ্টে আছি। ফিরে এসো তুমি, ফিরে এসো।
দেবাশিস, ঢাকা।
তোমাকে ছাড়া আমি একটুও ভালো নেই
অনেক বেশি বিশ্বাস করেছিলাম তোমাকে। তাই তো এতটা কাঁদালে। অনেক কাছে পেয়েছিলাম তোমায়, তবু আবার হারিয়ে ফেলেছি তোমায়। আজও তোমার জন্য আমার মনটা কাঁদে। এ মনটা একবার শুধু তোমাকে দেখতে চায়, হয়তো তুমি ইচ্ছে করেই আমার থেকে দূরে থাকতে চাইছ। আমার ভালোবাসা তো কোনো খেলা ছিল না, তবে কেন তুমি আমার মনটা নিয়ে এভাবে খেলা করলে। ভালোবেসে যার হাত সারা জীবনের জন্য ধরতে পারবে না, তাহলে তাকে কেন ভালোবেসেছিলে। জানি এ জীবনে কোনো দিন তোমায় আর ফিরে পাব না, তবু তোমায় কখনো ভুলতে পারি না। হয়তোবা একটু বেশিই ভালোবেসে ফেলেছিলাম তোমায়, আমার মনে শুধু তুমিই আছো। এখন সারাক্ষণ শুধু তোমাকেই খুঁজে বেড়াই কিন্তু কোথাও খুঁজে পাই না। হয়তোবা আমাকে ছাড়া তুমি ভালোই আছো, কিন্তু বিশ্বাস করো তোমাকে ছাড়া আমি একটুও ভালো নেই। ফিরে এসো তুমি।।
মো. রেজাউল করিম
টাঙ্গাইল

তুমি শুনবে তো?
তোমার সাথে আমার দেখা হবে আমি কোনো দিন ভাবিনি। আর তোমার প্রেমে পড়ব, সেটাও ভাবিনি। সেই তোমার সাথে দেখা হয়েছিল দিনাজপুরের কলেজিয়েট স্কুলে। এবার জেএসসি পরীক্ষার সময়। তোমার নামটি জানা হয়নি তখন। প্রথম দেখেই তোমার প্রেমে পড়েছিলাম। এখনো ভালোবাসি তোমাকে। স্বপ্নে শুধু তোমাকে দেখতে পাই। তোমার কাছে আমার একটা প্রশ্ন থাকল, আমি যদি তোমাকে আমার মনের ভালোবাসার কথা বলি তুমি শুনবে তো?
নুরুজ্জামান
দিনাজপুর।
মনের বাক্স
প্রিয় পাঠক
আপনার মনের না-বলা যেকোনো কথা বা স্বীকারোক্তি বলে ফেলুন অধুনার ‘মনের বাক্স’ বিভাগে। ফেসবুক, ই-মেইল বা চিঠি লিখে জানাতে পারেন মনের কথা।
লেখা পাঠানোর ঠিকানা:
অধুনা, প্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫। ই-মেইল: [email protected] ফেসবুক: facebook.com/adhuna.PA
খামের ওপর ও ই-মেইলের subject-এ লিখুন ‘মনের বাক্স’