মনের বাক্স

ভালো থাকিস বন্ধুরা
২০১৭ সাল! সময় চলছে তার নিজের গতিতে। সঙ্গে সঙ্গে হারিয়ে গেছে কলেজ জীবনের সেই সোনালি দিনগুলো আর প্রিয় বন্ধুরা। মাঝেমধ্যে নিজের অজান্তে নিজেই হারিয়ে যাই।
ভাবতে অবাক লাগে, এই তো সেদিন আমি এই কলেজের ছাত্র ছিলাম আর আমার ছিল কত বন্ধু এবং বাবা-মায়ের মতো প্রিয় শিক্ষক। আজ সবাই আলাদা হয়ে গেছি। নিজের প্রয়োজনে সবাই সবাইকে ভুলে গেছে। সত্যি, আমি এখনো তোদের অনেক মিস করি। আর কোনো দিন একসঙ্গে দেখা হবে না। যে যেখানেই থাকিস, ভালো থাকিস বন্ধুরা।
আকাশ
অ্যাডভান্সড রেসিডেন্সিয়াল মডেল কলেজ, ময়মনসিংহ।
আমার পৃথিবী তুমি
তোমাকে দেখিনি। দেখিনি ফেসবুকেও। আমাদের কথা হয় ফোনে। তোমাকে দেখতে চাইলে তুমি বলে বসো, এত শখ হলে সামনাসামনি এসে আমাকে দেখে যাও। আমার শহরে আসো। তোমার শহর থেকে আমার শহর বহুদূর। তাই যেতে পারি না ইচ্ছেডানা মেলে। তবে সময় পেলেই কল্পনার রং মাখি, হৃদয়ে তোমার শহর আঁকি। আর সেখানে তোমায় খুঁজতে থাকি অফুরন্ত বেলা ধরে। ওখানে সবই সাদাকালো দেখায়। স্পষ্ট দেখা যায় না কিছুই। আমি যে ওবেলাও ব্যর্থ হই। আর পারছি না আমি। অচিরেই আমার পৃথিবী দেখতে তোমার শহরে যাচ্ছি। যদি এবার দেখাটা মিলেই যায়, তুমি শুধু এক ফোঁটা মায়ার শীতল প্রলেপ এঁকে দিয়ো আমার এই ঘর্মাক্ত বদনে।
সিয়াম বিন আহমাদ
ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া।
তোমার সেই প্রিয় মানুষদের একজন হতে পেরেছিলাম কি?
অন্য আট-দশটা ছন্নছাড়া ছেলের মতো আমার জীবনটাও ছন্নছাড়া অবস্থায় কেটে যাচ্ছিল। জীবন চলার পথে হঠাৎ করে তোমার মতো একজনের সঙ্গে দেখা হয়ে গেল। আর প্রথম দেখাতেই আমরা একজন অন্যজনের মায়ার বাঁধনে বেঁধে পড়েছিলাম এক রকম মনের অজান্তেই। তোমার সংস্পর্শ পরশপাথরের মতো আমার জীবনটাও এক নিমেষেই বদলে দিয়েছিল। জীবনটাকে নিয়ে নতুন করে স্বপ্ন বুনতে শুরু করেছিলাম। হঠাৎ করে সামান্য একটা কথায় অভিমান করে তুমি দূরে চলে গেলে। আর এখন আমার প্রতিটি মুহূর্ত নরকযন্ত্রণায় কাটছে তুমিহীনা। আমি সত্যিই কোনো দিন তোমাকে বিন্দু পরিমাণে কষ্ট দিতে চাইনি। জীবন চলতে গিয়ে মানুষ মাত্র কত না ভুল করে, আমার ক্ষেত্রেও তেমনটিই ঘটেছিল।
আমি জানি, তুমি নিজেও অন্তর্বেদনায় বিদ্ধ হচ্ছ বারংবার, কিন্তু মুখ ফুটে কখনো তা বলবে না। অন্তরের অদৃশ্য অনুভূতির কথাগুলো একমাত্র অতি প্রিয় মানুষেরা পড়তে পারে। আমি তোমার সেই প্রিয় মানুষদের একজন হতে পেরেছিলাম কি না, সেটা জানি না। তবে এটা বলতে পারি, আমি তোমাকে দূর থেকেও অন্তর দিয়ে অনুভব করতে পারি। তুমি আর অভিমান করে থেকো না, প্লিজ, এই মানুষটি তোমাকে ছাড়া যে অনুভূতিহীন নামমাত্র মনুষ্য ছায়ামাত্র। আমি আজও স্বপ্ন দেখি, হয়তোবা একদিন আবারও তোমাকে নিয়ে আমরা আমাদের প্রিয় স্থানটিতে হাতে হাতটি ধরে হাঁটব! আবার জীবনকে আমরা দুজনে মিলে আমাদের মতো করে সাজাব স্বপ্নের রঙিন কাগজের মোড়কে।
মো. রাকিব আহমেদ
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট।
তোমাকে খুব মিস করি
সেপ্টেম্বর মাস এলেই তোমার কথা খুব মনে পড়ে, মানেটা তুমিও খুব ভালো করে জানো। কারণ, দুই বছর আগে এ মাসেই তোমার সঙ্গে আমার প্রথম দেখা, আবার এক বছর আগে প্রথম পাশাপাশি বসে ঘুরতে যাওয়া। তুমি হয়তো জানো না গত বছরের সেপ্টেম্বর মাস খুব মিস করি, ভ্যানগাড়িতে করে ঘুরে বেড়ানো একই ইয়ারফোনে দুজন গান শোনা, পাশাপাশি বসে থাকা, তোমার গায়ে হেলান দিয়ে বসা, আমাদের আশপাশে অনেকগুলো আত্মীয় থাকা সত্ত্বেও ম্যাসেঞ্জারে নিজেদের কথা চালিয়ে যাওয়া।
এগুলো ভুলি কী করে বলতে পারো? তোমার সঙ্গে কথা বলতে ইচ্ছে করে খুব, কিন্তু বলি কী করে বলো, তুমি যে ফোন দিতে নিষেধ করেছ! যদি সত্যি জানতে চাও তোমাকে চাই। যদি মিথ্যে জানতে চাও তোমাকেই চাই।
ইতি
সোহাগ
কতটা ভালোবাসি তোকে
কতটা ভালোবাসি তোকে তা বোঝাতে পারব না! হয়তো আমার থেকে বেশি, জানিস আমি কখনো ভাবিনি তোর প্রতি এতটা দুর্বল হব। আর এখন দেখ তোকে ছাড়া কোনো কিছু ভাবতেও পারি না। দুজনে একই জেলার, ঢাকায় একই বাড়িতে থাকি, তারপরও কখনো সরাসরি বলতে পারলাম না ভালোবাসি! তোর সঙ্গে মাঝে মাঝে ঝগড়া আমার কাছে ভালোই লাগে, তোর অনেক কিছুতেই আমার সঙ্গে মিল। তুই যদি আমাকে ভালোবাসিস, শুধু একবার বল, তোকে ভালোবাসি! তোকে আমি কখনো দুঃখ দেব না। আর হ্যাঁ, তোকে অনেকবার স্বপ্নে দেখেছি, তুই আমার ঘরে বউ হয়ে এসেছিস!
জানি তুই কখনো আমার লেখাটা পড়বি না, তারপরও লিখলাম তোকে ভালোবাসি তাই!!!
ইতি
তোরই
রবিন
লেখা পাঠানোর ঠিকানা
অধুনা, প্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫। ই-মেইল: [email protected] ফেসবুক: facebook.com/adhuna.PA.
খামেরওপরওই-মেইলের subject-এলিখুন ‘মনেরবাক্স’